প্রত্যাখ্যানের অর্থ হবে যুদ্ধের ক্ষেত্র তৈরি করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তির পক্ষে গত বুধবার আবারও জোরালো সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চুক্তিটির বিপক্ষের দেশীয় রাজনৈতিক প্রতিপক্ষ ও ইসরায়েলের জোরদার প্রচারণার বিপরীতে তিনি বলেছেন, ওই সমঝোতা থেকে সরে আসা মানে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া। খবর রয়টার্স ও বিবিসির।
বহুল আলোচিত চুক্তিটি মার্কিন কংগ্রেসে পাস করতে চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চুক্তির বিরোধিতাকারীরা ‘কল্পনা বিক্রি করছে’ বলেও অভিযোগ করেছেন তিনি।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে সে দেশের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে দেওয়াই ওই চুক্তির লক্ষ্য।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটিতে দেওয়া ওই ভাষণে ওবামা বলেন, ইরানের সঙ্গে বিশ্বশক্তির চুক্তিটি একমাত্র ইসরায়েল ছাড়া বিশ্বের প্রতিটি দেশই সমর্থন করেছে। ইরানের ওপর থেকে অবরোধ আরোপের বিষয়ে মার্কিন কংগ্রেসের আসন্ন ভোটকে তিনি বর্ণনা করেন ‘হয় যুদ্ধ, না হয় শান্তির পক্ষে ভোট’ হিসেবে।
তেহরানের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান করতে মার্কিন কংগ্রেসের সদস্যরা ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর প্রচণ্ড চাপে রয়েছেন। ওবামা বলছেন, যারা চুক্তিটির বিরোধিতা করবে, তারা ইরাকে মার্কিন সামরিক অভিযানের সমর্থকদের সমতুল্য বলে গণ্য হবে।
ওবামা যে বিশ্ববিদ্যালয়ে বুধবার এসব বক্তব্য দিলেন, সেই স্থানেই ১৯৬৩ সালে একই ধরনের ভাষণ দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। সেই ভাষণের লক্ষ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কূটনীতির পক্ষে সমর্থন জোগাড়। স্নায়ুযুদ্ধের সময়কার শান্তি প্রতিষ্ঠার সেই ঘটনার প্রসঙ্গ টেনে ওবামা ভাষণে বলেন, আজকে ইরানের সঙ্গে সম্পাদিত চুক্তি কংগ্রেস আটকে দিলে তা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ প্রশস্ত করে দেবে। এতে করে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ভাষণে ওবামা বলেন, ‘অনেক কষ্টে অর্জিত কূটনৈতিক সমাধান—যা বিশ্ব প্রায় সর্বসম্মতভাবে সমর্থন করেছে—আমরা প্রত্যাখ্যান করলেই সামরিক পদক্ষেপের বিকল্পগুলো নিঃশেষ হয়ে যাবে।