প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণ নিয়ে আগ্রহ, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো উত্তর আমেরিকার যাত্রাকে ঘিরে অভাবনীয় সাড়া পড়েছে নিউইয়র্কে। গ্রোসারি মালিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আগ্রহ দেখা গেছে। গ্রোসারির মালিকেরা উত্তর আমেরিকা অফিসের সঙ্গে কপির জন্য বুকিং শুরু করেছেন।

প্রথম আলোকে ভালোবাসেন—এমন অনেক গ্রোসারি মালিক তাঁদের ব্যবসায় অফার দিচ্ছেন। ২৬ মার্চ প্রথম আলো ছাপা সংস্করণ উপলক্ষে নিউইয়র্কের এস্টারিয়ার ৩৬-এর বনফুল গ্রোসারি ৩১ মার্চ শুক্রবার বাংলাদেশে অর্থ প্রেরণকারীদের জন্য অফার ঘোষণা করেছে।

গ্রোসারির স্বত্বাধিকারী সোহেল আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলো উত্তর আমেরিকায় যাত্রা শুরু একটি ঐতিহাসিক ঘটনা। এ উপলক্ষে ৩১ মার্চ শুক্রবার আমার গ্রোসারি থেকে কেউ প্লাসিডের মাধ্যমে দেশে অর্থ পাঠালে কোনো ধরনে ফি নেওয়া হবে না। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত এ অফার বলবৎ থাকবে।’ তিনি প্রথম আলো রাখার জন্য ইতিমধ্যে সেলফ খালি করেছেন বলে জানান।

গ্রোসারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রথম আলোর এমন ভালোবাসা দেখে প্রথম আলো উত্তর আমেরিকার ব্যবস্থাপনা, বিপণন ও মুদ্রণের দায়িত্বে থাকা নর্দান লাইটস মিডিয়ার সিইও সাইফুল সিদ্দিক বলেন, ‘প্রথম আলোর প্রতি মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। আমাদের সঙ্গে ইতিমধ্যে প্রথম আলো রাখার বিষয়ে অনেক গ্রোসারি বা সুপার শপের মালিকেরা যোগাযোগ করছেন। প্রথম আলোর মূল্য কত হবে, কখন পাওয়া যাবে—এসব বিষয় নিয়ে তাঁরা প্রতিনিয়ত জানতে চাইছেন। ইতিমধ্যে অনেক সুপার মার্কেট এবং গ্রোসারি মালিকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও হয়েছে।’

২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৭তম দিবসে প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে যাত্রা শুরু হচ্ছে। এদিন নিউইয়র্কের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান উত্তর আমেরিকা সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।