প্রথম আলো আমি ও আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সঙ্গে আমার সখ্য পত্রিকাটি প্রকাশনার প্রথম দিন থেকেই। প্রকাশনার ঠিক প্রথম থেকেই আর দশটি পত্রিকা থেকে প্রথম আলোর গায়ে ছিল ভিন্নতার ছাপ। কী ছিল সেই ভিন্নতা? পত্রিকাটির পাতায় পাতায় দেখতে পেয়েছিলাম মানুষের সাফল্যের গল্প, ভালোবাসার গল্প, প্রতিবাদের গল্প আর গোটা বাংলাদেশের গল্প। পত্রিকাটির প্রেমে পড়েছিলাম ঠিক তখন থেকেই। 

আমরা যারা বিদেশ বিভুঁইয়ে, প্রথম আলো ছিল তখন আমাদের জন্য এক টুকরো স্বদেশ। পত্রিকাটির মুদ্রণ কপি হয়তো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমাদের হাতে আসত না, পত্রিকার কাগজে ছাপা পাতার কাঁচা মাদকতা জড়িত ঘ্রাণও হয়তো আমরা নিতে পারতাম না, কিন্তু পত্রিকার ওয়েবসাইটে বোতাম চেপে চেপে এক নিমেষে গোটা বাংলাদেশ চষে বেড়ানো আমাদের জন্য কঠিন কোনো বিষয় ছিল না। এভাবেই বাংলাদেশ থেকে প্রকাশিত জনপ্রিয় প্রথম আলোর সঙ্গে আমার মতো অগণিত অভিবাসী পাঠকের ভালোবাসার এক সম্পর্ক তৈরি হয়। প্রথম আলোর সঙ্গে চলে তখন আমাদের প্রতিদিনের মনের লেনদেন।
প্রথম আলো পাশে থাকার কারণে কখনই স্বদেশকে দূরে মনে হয়নি। এই পত্রিকার পাতায় পাতায় দেশের কোনো ভালো খবরে শুনে গর্বে যেমন আমাদের বুকটা ফুলে উঠে আবার কখনো দেশের কোনো খারাপ খবর পড়ে আমরা মুষড়ে উঠি, বেদনায় নীল হয়ে যাই।
বর্তমানে প্রথম আলো নিজেই যেন একটি প্রতিষ্ঠান। মাঝে মাঝে মনে হয়, এই পত্রিকাটিও সরকারের পাশাপাশি গোটা বাংলাদেশকে চালিত করে। প্রথম আলো যেন একটি ‘প্যারালাল সরকার’। এই পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হওয়া মানেই ২৪ ঘণ্টার মধ্যেই তার ফলাফল হাতে পাওয়া। তখন অবাক হয়ে ভাবি, প্রথম আলোর এত বিশাল শক্তির উৎস কোথায়? তখন এর উত্তরটাও ঠিক জেনে যাই। এই শক্তির উৎস হলো মানুষ, বাংলাদেশের মানুষ। যেখানেই অত্যাচার, নিপীড়ন রয়েছে সেখানেই প্রথম আলো তার বলিষ্ঠ কলম ধরেছে। অন্যায়ের প্রতিবাদ করতে এই পত্রিকা কখনই পিছপা হয়নি। হবেও না।
প্রথম আলোর অনলাইন সংস্করণ পড়ে পড়ে আমরা নিউইয়র্কবাসী যখন মোটামুটি অভ্যস্ত, ঠিক তখনই সংবাদটি শুনতে পেয়েছিলাম। শ্রদ্ধেয় সাংবাদিক ইব্রাহীম চৌধুরী একদিন ডেকে বললেন, ‘প্রথম আলো এখন নিউইয়র্ক থেকেও প্রকাশিত হবে। আপনাকেও সঙ্গে থাকতে হবে।’ আমি সেদিন যেন আকাশের চাঁদ ছুঁয়েছিলাম। প্রথম আলো প্রকাশিত হবে নিউইয়র্ক থেকে? উত্তর আমেরিকা সংস্করণ প্রকাশিত হবে? নিউইয়র্ক থেকে ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি বাংলা পত্রিকা প্রকাশিত হচ্ছে। এত পত্রিকার ভিড়ে প্রথম আলো জুতসই জায়গা করে নিতে পারবে তো? এসব নানান প্রশ্নে বহুবার আমি বিদ্ধ হয়েছি।
একদিন সত্যি সত্যি ঘটনাটা ঘটল। প্রথম আলো সত্যি সত্যি নিউইয়র্ক থেকে আত্মপ্রকাশ করল। সেই প্রথম আলো আজ দেখতে দেখতে দু বছরে পা দিল। তির তির করে সময় চলে যাচ্ছে। স্পষ্টই দেখতে পাই, বদলে যাচ্ছে দেশ–বিদেশের অস্থির আর অস্থির রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, মানুষের মানুষে প্রেম ভালোবাসাসহ অভিবাসী জীবনের নানা রকমের গল্প, সম্পর্ক—সবকিছু। সমাজের পালা বদলের বাঁকে বাঁকে জমে আছে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের সাফল্যের গল্প, আছে কিছু দীর্ঘশ্বাসও। দেখতে পাই, সমাজ পরিবর্তনের প্রতিটি রেখাচিত্রে উত্তর আমেরিকা প্রথম আলোও যেন অন্যতম অংশীদার। প্রতি শুক্রবার প্রথম আলো পত্রিকাটি যখন হাতে নিই, তখন পত্রিকাটির প্রতিটি পাতায় প্রবাসে বসবাসরত বাঙালির কীর্তি, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, সংস্কৃতির খবরের পাশাপাশি আমেরিকা ও বাংলাদেশের কঠিন রাজনীতির চেহারাটাও যেন অবলীলায় ধরা পড়ে। সাফল্যের মাপকাঠি বিচার করলে দু বছর খুবই কম সময়। অথচ মাত্র এই দুবছরে পত্রিকাটি যেন শত বছরের পথ পরিক্রমা করে ফেলেছে।
তারপরও মানতে হবে পত্রিকাটির বয়স মাত্র দুবছর। একটি পত্রিকার সার্বিক গ্রহণযোগ্যতা বিচারে এই সময় খুবই অল্প। যে কারণে পত্রিকাটির দোষ–ত্রুটি থাকা অমূলক কোনো বিষয় নয়। তবে দেখতে পাই, পত্রিকাটি উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কীভাবে ঘটবে, আরও কীভাবে পত্রিকাটি পাঠক প্রিয়তা পাবে—এই নিয়ে পত্রিকা কর্তৃপক্ষ যথেষ্ঠ সক্রিয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্ক প্রথম আলো অফিসে একটি উন্মুক্ত আড্ডার আয়োজন করা হয়। এই আড্ডায় নিউইয়র্কের অনেক গুণী মানুষসহ প্রথম আলোর কর্মীদের একত্রে জম্পেশ আড্ডার আয়োজন চলে। বলার অপেক্ষা রাখে না, সেই আড্ডার হাল ধরেন পত্রিকাটির আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী। আড্ডার ফাঁকে ফাঁকেই চলে পত্রিকাটির ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা, কথাবার্তা। অথবা নিজেদের ভেতর কোনো ভুলত্রুটি সংশোধনের আকুল প্রচেষ্টা। এ প্রসঙ্গে আরেকটা বিষয় না উল্লেখ করলেই নয়। প্রথম আলো উত্তর আমেরিকার রয়েছে একঝাঁক পেশাদার কর্মী। তাদের অসাধারণ পেশাদারি কাজের সমন্বয়ে পত্রিকাটি তখন আরও বলিষ্ঠ হতে বাধ্য।
শেষ কথা হলো, একটি পত্রিকা একটি সমাজের দর্পণ। সন্দেহ নেই, প্রথম আলো উত্তর আমেরিকা এ দেশে বসবাসরত বাঙালি অভিবাসীদের কথা বলে, আমেরিকার মূল স্রোতোধারার কথা বলে আর বাংলাদেশের কথাও বলে। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। পত্রিকাটির সহস্রায়ু কামনা করছি। জয়তু প্রথম আলো উত্তর আমেরিকা।