প্রথম আলো উত্তর আমেরিকার 'উত্তরের পথে' যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ‘উত্তরের পথে’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: এম বি তুষার
কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ‘উত্তরের পথে’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: এম বি তুষার

বিশ্বের খ্যাতিমান কর্মবীর স্যার ফজলে হাসান আবেদকে স্মরণের মধ্য দিয়ে যাত্রা করল প্রথম আলো উত্তর আমেরিকার নতুন মাসিক আয়োজন ‘উত্তরের পথে’। আমেরিকায় অভিবাসী বাংলাদেশি এবং এখানে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের এগিয়ে যাওয়ার পথকে সহজ ও সাবলীল করার লক্ষ্যে কাজ করবে উত্তরের পথে। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ছিল এর উদ্বোধনী অনুষ্ঠান।

প্রথম আলো উত্তর আমেরিকার ২৭ ডিসেম্বরের সংখ্যায় এরই মধ্যে প্রকাশিত হয়েছে উত্তরের পথে। এই আয়োজনের মূল লক্ষ্য মূলধারার সঙ্গে বাংলাদেশি অভিবাসীদের সংযোগ স্থাপনের সঙ্গে সঙ্গে আমেরিকায় তাঁদের ভিত মজবুত করার সম্ভাব্য উপায় খুঁজতে সহায়ক হওয়া। এখন থেকে প্রতি মাসের শেষ শুক্রবার নিয়মিত এই আয়োজন নিয়ে হাজির হবে প্রথম আলো উত্তর আমেরিকা।

উত্তরের পথের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানান প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী। এরপর উপস্থিত লেখক, সাংবাদিক ও সুধীজনেরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাংলাদেশের জাতীয় সংগীত। পরে আজিজ নাঈমীর আনা কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে নতুন এই আয়োজনের লক্ষ্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ইব্রাহীম চৌধুরী, উত্তরের পথে পাতার সম্পাদক রাজুব ভৌমিক, রোকেয়া দীপা ও মনীষা তৃষা।

আলোচনা পর্বে প্রবাসের নানা চ্যালেঞ্জ সম্পর্কে খোলাখুলি আলোচনা করেন নতুন প্রজন্মের অনেকে। তরুণ প্রজন্মের ঋদ্ধিতা মালিক পড়াশোনা করতে গিয়ে মুখোমুখি হওয়া নানা চ্যালেঞ্জের কথা বলেন। উঠে আসে ভাষাগত সমস্যাসহ নানা দিক। তাসমিনা সুলতানা ও ফারজানা নিউইয়র্কের জন জে কলেজের শিক্ষার্থী। তাঁরাও বিদেশে এসে ভাষাগত সমস্যাসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলেন। জন জে কলেজের আরেক ছাত্র মারফত রহমানের বক্তব্যেও উঠে এল অনুরূপ বিষয়। তাঁদের কেউই এসব সমস্যার কাছে হার মানেননি; বরং স্বপ্নের পথেই এগিয়ে চলেছেন। তাঁরা উত্তরের পথের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নতুন উদ্যোগকে সাধুবাদ জানান। প্রয়োজনে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তাঁরা।

কহিতুর পহেলী বলেন, এইচএসসি সম্পন্নের পর তিনি এ দেশে আসেন। সে সময় কোনো সমস্যা হলে কোথায়, কার কাছে যেতে হবে, তা জানা ছিল না। সে সময় উত্তরের পথের মতো কিছু থাকলে তা সহায় হতো। আগামী প্রজন্ম এ আয়োজনের সুফল পাবে নিশ্চিতভাবেই।

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি আমেরিকান ক্যাপ্টেন কারাম চৌধুরী তাঁর বক্তব্যে অভিবাসী নাগরিকদের পুলিশের চাকরিতে আবেদন করার পদ্ধতি, নিউইয়র্কের পুলিশে কাজ করার অভিজ্ঞতাসহ নানা দিক তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রজন্ম নিজেদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে। ছবি: এম বি তুষার
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রজন্ম নিজেদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে। ছবি: এম বি তুষার

বাংলাদেশি আমেরিকান তরুণ ইয়ামীন বোয়িং কোম্পানিতে কর্মরত। ১৬ বছর বয়সে আমেরিকায় আসা ইয়ামীন তাঁর বক্তব্যে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পটি উপস্থাপন করেন সবার সামনে। একইভাবে ১৭ বছর বয়সে আমেরিকায় আসা শেখ আল আমিন তুলে ধরেন তাঁর প্রবাসজীবনে মানিয়ে নেওয়া ও একে আত্মস্থ করে নিজের স্বপ্ন বাস্তবায়নের কথা। আল আমিন বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত।

অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক ও এডুকেটর এইচ বি রীতা। আমেরিকার মাটিতে পা রাখা থেকে শুরু করে এখানে প্রতিষ্ঠিত হওয়ার পথের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। কবি জেবুন্নেছা জ্যোৎস্না জানালেন তাঁর উচ্চশিক্ষার স্বপ্নের কথা। তিনি দুই শিশুসন্তান নিয়ে এ দেশে এসেছিলেন। কিন্তু সব প্রতিকূলতা জয় করে তিনি জিইডি পাস করেন। লেখক ও সাংবাদিক রওশন হকের বক্তব্যে উঠে আসে বিচিত্র ধরনের কাজের অভিজ্ঞতা। বর্তমানে তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।

অনুষ্ঠানের শেষ পর্বটি সাজানো হয়েছিল সদ্য প্রয়াত স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে। গীতিকার ও লেখক ইশতিয়াক রূপুর সঞ্চালনায় এই পর্বে বক্তব্য দেন বাংলাদেশ থেকে আসা আইনজীবী সায়েদুল হক সুমন, পরিচয় সম্পাদক নাজমুল হাসান, বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান, নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আজীজ নাইমী, রিয়েলটর শায়লা আজীম, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, লেখক ও সাংবাদিক মাহবুব রহমান, শহীদুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহমান মাহবুব, আবদুল মালিক, সানজিদা ঊর্মী, আলমগীর খান আলম, জেবুন্নেছা জ্যোৎস্না, প্রিয়াঙ্কা ঘোষ ভৌমিক, রূপা খানম, এম বি হোসেন তুষার, শেখ আল আমিন, আবদুস শহীদ, তোফাজ্জল লিটন, আকবর হায়দার কিরণ, মাহবুব রহমান, ফাতিমা আমিন, রওশন হাসান, নিহার সিদ্দিক, রিমন ইসলাম, নাজমুল আহসান, সৈকত তালুকদার, সৈয়দ রাফিদ, এম ডি সামিন বিশ্বাস, এম ডি ইসলাম, আবদুর রহমান, সেলিনা আক্তার, কাইয়ুম চৌধুরী, এরশাদুল সিদ্দীক, ইয়ামীন আহমেদ, এহসান হাবীব প্রমুখ।