
প্রথম আলো উত্তর আমেরিকা পত্রিকায় যেন অভিবাসীদের হৃৎস্পন্দন শোনা যায়। যাত্রা শুরুর মাত্র চার মাস সময়ের মধ্যে সংবাদ পরিবেশনার মান ও রুচির দিক থেকে পত্রিকাটি অন্য পত্রিকাগুলোর চেয়ে আলাদা রূপে দেখা দিতে পেরেছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রথম আলো পত্রিকা তার মান এবং সুনামের সঙ্গে যেন আপস না করে-সেটাই হবে আমাদের প্রত্যাশা।
১৯ জুলাই বুধবার সন্ধ্যা ৬টায় প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে অনুষ্ঠিত পত্রিকাটির লেখক-সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের এক মতবিনিময় সভার বক্তারা এমন অভিমত প্রকাশ করেন।
বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, মোহাম্মদ জয়নাল আবেদীন, আনিসুল কবির জাসির, শামস আল মমীন, রওশন জামিল, কাজী কয়েছ আহমদ, আহমাদ মাযহার, আশরাফুল হাসান বুলবুল, ইশতিয়াক রুপু, বিশ্বজিত সাহা, মনিজা রহমান, সেলিনা আক্তার, রওশন হাসান, জুলি রহমান, মাকসুদা আহমেদ, হালিম ইউ আহমেদ, রেজাউল করিম মুরাদ প্রমুখ। প্রথম আলোর নিউইয়র্ক ব্যুরোর প্রধান ইব্রাহীম চৌধুরী পত্রিকার পক্ষে অতিথিদের স্বাগত জানান এবং ঢাকা থেকে আগত প্রথম আলোর বিদেশ সংস্করণ সম্পাদক সেলিম খানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। বক্তারা আশা করেন, পত্রিকাটি ঢাকার প্রথম আলোর মতোই পেশাদারির পরিচয় রাখবে। তাঁরা মনে করেন প্রথম আলো উত্তর আমেরিকায় কোনো সংবাদ প্রকাশিত হলে, পাঠকেরা নিশ্চিত হতে চান যে সংবাদটি সত্য। প্রলোভন, বিজ্ঞাপন বা সম্পর্ক যেন কোনো সংবাদ প্রকাশের ভিত্তি না হয়। কমিউনিটির সংবাদ আরও বেশি থাকার প্রতিও তাঁরা গুরুত্বারোপ করেন। যে কোনো সংবাদ প্রকাশের আগে তা যাচাইয়ে আরও সতর্কতা প্রত্যাশা করেন তাঁরা। প্রবাস জীবনের সামাজিক ও সাংস্কৃতিক দিক সম্পর্কে ভালো জানেন এমন মানুষের জোরদার ভূমিকা দরকার বলেও মতো প্রকাশ করেন বক্তারা। সংবাদ প্রকাশের আগে তার বস্তুনিষ্ঠতা যাচাইয়ের পাশাপাশি মিথ্যা দাবিদাওয়া সম্পন্ন বিজ্ঞাপন প্রকাশের ব্যাপারেও সতর্ক থাকা দরকার বলে মত প্রকাশ করা হয়।
প্রথম আলো উত্তর আমেরিকায় প্রকাশিত রচনাগুলির মধ্য থেকে মানের দিক থেকে ভালো লেখা ঢাকার প্রথম আলোতেও প্রকাশ করা উচিত বলে তাঁরা মতো প্রকাশ করেন। তাঁরা আরও বলেন, অভিবাসী বাংলাদেশের নাগরিকদের মনোজগৎকে ইতিবাচক অর্থে প্রভাবিত করতে পারে এমন সংবাদ প্রকাশের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। ব্যক্তিপরিচয়ে বিশেষণ বাহুল্য আরও কমিয়ে আনার পক্ষে তার মতো প্রকাশ করেন। অভিবাসী কৃতি মানুষদের খবর আরও বেশি করে প্রকাশ করার প্রতি দৃষ্টি রাখতেও আহ্বান জানান তাঁরা। মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য সেলিম খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শেষ বিচারে পাঠকই পত্রিকার সব। তিনি বলেন, প্রথম আলো সবে উত্তর আমেরিকার পথ চলা শুরু করেছে। এ ক্ষেত্রে অভিজ্ঞতা এবং নানা ক্ষেত্রে সীমাবদ্ধতার উল্লেখ করে তিনি বলেন, অনুশীলনের জন্য আরও সময় দিতে হবে আমাদের। পত্রিকার মান বজায় রেখে প্রবাসী পাঠকদের কাছে গ্রহণযোগ্য একটি সংবাদমাধ্যম হিসেবে প্রথম আলো উত্তর আমেরিকায় প্রবাসীদের চাহিদা পূরণে সচেষ্ট থাকবে।