প্রথম আলোর মনোরম প্যাভিলিয়নে

জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হলো নিউইয়র্ক নগরের ইয়র্ক কলেজের মাঠে। সম্মেলনে নিউইয়র্কের জনপ্রিয় সাপ্তাহিক প্রথম আলোর মনোরম প্যাভিলিয়নে এলেন লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। যোগ দিলেন টরন্টোতে বসবাসকারী বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় খবর পাঠিকা আসমা আহমেদ মাসুদ।
সঙ্গে ছিলেন ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ, কবি ও মুক্তিযোদ্ধা মন্ট্রিলের তাজুল মোহাম্মদ। নিউইয়র্কের জনপ্রিয় লেখক তাজুল ইমাম। যিনি একাধারে কণ্ঠশিল্পী ও গুণী চিত্রকর। পাশাপাশি তিনি হলেন নিউইয়র্কের প্রতিটি সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা।
ঝকঝকে রোদস্নাত সকালে জমে উঠল দারুণ এক সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক জ্ঞানগর্ভ আড্ডা। যার মূল আকর্ষণ ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। পাশাপাশি ভারতের আসাম থেকে আগত অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী, প্রধান বাংলা বিভাগ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান প্রাঙ্গণের মূল ফটকের পাশে স্থাপিত সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ির অদূরে প্রথম আলোর আড্ডা বারবার সীমানা পেরিয়ে চলে যায় বাংলাদেশের সিলেটে। সিলেটে আদি ও বর্তমান সাহিত্য সংস্কৃতির ওপর নানা বিশ্লেষণমূলক আলোচনায় নানা মতের প্রকাশে পুরো আড্ডা ছিল জমজমাট। দেশের বর্তমান চলমান রাজনৈতিক আলোচনায় সব প্রধান বক্তাগণ দেশে আরও বেশি বেশি গণতন্ত্রের সুষ্ঠু চর্চার প্রয়োজনীয়তা অনুভব করেন। তবে দেশের বর্তমান ক্রম অগ্রগতিতে সবার সন্তোষ প্রকাশ ছিল অভিন্ন ও ঐকমত্যের।
একে একে আরও যোগ দিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নির্ভীক সৈনিক আবদুল করিম কিম, সিলেটের প্রাচীন ভাষা নাগরী গবেষক প্রকাশক মোস্তফা সেলিম, ইউরোপের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাকী চৌধুরীসহ লোক সংগীত গবেষক আনোয়ার হোসেন রনি প্রমুখ।
প্রাণবন্ত এই আড্ডাতে আরও শামিল ছিলেন, বাংলাদেশের প্রবীণ টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ, প্রাবন্ধিক আহমাদ মাযহার, অভিনেত্রী শিরীন বকুল এবং কবি রওশন হাসান। দুদিন ব্যাপী সম্মেলনে আগত সকল গুরুত্বপূর্ণ অতিথিদের প্রায় সবাই প্রথম আলোর প্যাভিলিয়নের চলমান আড্ডাতে শরিক হন।
সবাই প্রথম আলো নর্থ আমেরিকার এই উদ্যোগকে বিশেষভাবে স্বাগত জানান। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্মেলন উপলক্ষে প্রকাশিত প্রথম আলোর বিশেষ সংখ্যা স্থানীয় ও বাহির থেকে আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই বিশেষ আগ্রহের সংগে সংখ্যাটি সংগ্রহ করেন। পুরো দু’দিনের আড্ডাতে নানা মুখরোচক খাবার ও আড্ডার আবশ্যক পানীয় চা ও কফির পরিবেশনায় ছিলেন নর্থ আমেরিকার প্রথম আলোর দক্ষ টিম। রেডিয়েন্ট আই পি টি ভি’র সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্ব সিলেট সম্মেলনের এ আড্ডার ব্যবস্থাপনায় ছিলেন ইব্রাহিম চৌধুরী, আহমেদ মাযহার, ইশতিয়াক রুপু, হেলিম আহমেদ, মামুন আহমেদ এবং সেলিন আখতার। বিশ্ব সম্মেলনের আহ্বায়ক ড. জিয়াউদ্দিন, জেড চৌধুরী জুয়েল, এবাদ চৌধুরী, সাবেক ছাত্র নেতা শাহাব উদ্দিন, আবু হোসেন চৌধুরী, লেখিকা সামসাদ হোসাম, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমানসহ অনেকেই বসেছেন প্রথম আলো ছাউনিতে। তারা কখনো আড্ডায় মেতেছেন। কখনো ছবি ছবি উঠিয়েছেন। প্রথম আলো উত্তর আমেরিকাকে শুভ কামনা করে গেছেন।