প্রথম টেস্টটিউব কুকুরের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা টেস্টটিউব পদ্ধতিতে সাতটি কুকুরছানার জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক গত বুধবার এ ঘোষণা দিয়ে বলেছেন, বিশ্বে এ ধরনের ঘটনা এটিই প্রথম। খবর এএফপির।
বিজ্ঞানীদের এই সাফল্যের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। তাঁরা বলছেন, এই আইভিএফ পদ্ধতি ব্যবহার করে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রাণী সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার সুযোগ তৈরি হয়েছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা একটি কুকুরীর গর্ভাশয়ে গত জুলাইয়ে ১৯টি হিমায়িত ভ্রূণ স্থাপন করেন। চলতি গ্রীষ্মেই সাতটি সুস্থ ছানা প্রসব করেছে। ভ্রূণগুলো মোট তিন জোড়া কুকুর-কুকুরীর শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত করে তৈরি করা হয়েছিল। ছানাগুলোর নাম দেওয়া হয়েছে আইভি, ক্যানন, বিকার, বাডি, নেলি, রেড এবং গ্রিন।
মানুষের ক্ষেত্রে এই আইভিএফ পদ্ধতির কার্যকারিতা আগেই প্রমাণ হয়েছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন কলেজের বেকার ইনস্টিটিউট অব অ্যানিমেল হেলথের শিক্ষক অ্যালেক্স ট্র্যাভিস বলেন, ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে আইভিএফ পদ্ধতিতে কুকুরছানা জন্মানোর চেষ্টা করা হয়েছে। তবে এবারই প্রথম তাতে সাফল্য মিলেছে।
পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান সাময়িকীতে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ট্র্যাভিস বলেন, তাঁরা প্রাণীর শুক্রাণু হিমায়িত করে সংরক্ষণ করতে পারেন এবং সেগুলো ব্যবহার করে কৃত্রিম উপায়ে স্ত্রী প্রাণীর গর্ভাশয়ে স্থাপন করতে পারেন। এখন এই পদ্ধতিতে বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর জিনগত সংরক্ষণ সম্ভব হবে। জিন সম্পাদনা এবং আইভিএফের সমন্বয়ে জিনগত বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়েই প্রতিরোধ করা যাবে।