প্রথম ডোজ দেওয়ার ১০ দিনের মধ্যেই করোনাভাইরাস থেকে শক্তিশালী সুরক্ষা দেবে ফাইজার-বায়োটেকের ভ্যাকসিন! যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) টিকা নিয়ে গতকাল ১০ ডিসেম্বর বৈঠকের আগেই এমন একটি আভাস দিয়েছে। ফাইজার ও বায়োএনটেক গত মাসে তাদের তৈরি দুই ডোজের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে ঘোষণা করে। তিন সপ্তাহ অন্তর একটি একটি করে দুটি ডোজ দিতে হবে। নতুন বিশ্লেষণে দেখা যায়, এই ভ্যাকসিন দ্রুতই করোনা থেকে সুরক্ষা দিতে শুরু সক্ষম।
ফাইজারের টিকা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ডা. উইলিয়াম গ্রুবার বলেন, তাদের টিকার প্রথম ডোজ দেওয়ার পর এর কার্যকারিতা ৫২ শতাংশ। আর দ্বিতীয় ডোজের পর কার্যকারিতা ৯৫ শতাংশ। তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা দেবে টিকার দুটি ডোজ।
৮ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার নিরাপত্তা-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে এফডিএ। তারা নিশ্চিত করেছে, এই টিকা ৯৫ শতাংশ কার্যকর।
ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা অনুমোদন না দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা-সংক্রান্ত কোনো উদ্বেগ খুঁজে পায়নি এফডিএ। ফলে যুক্তরাষ্ট্রে এই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়ার পথ সুগম হলো। এফডিএর তথ্যে বলা হয়, জরুরি ব্যবহারের নির্দেশনাবলিতে থাকা সুপারিশের সঙ্গে টিকাটির ট্রায়ালের তথ্য সামঞ্জস্যপূর্ণ। এফডিএ আরও বলেছে, এই টিকা নিরাপদ ও কার্যকর। করোনা প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৯৫ শতাংশ। বয়স, গোষ্ঠী, লিঙ্গ, বর্ণভেদে সবার ক্ষেত্রে এই টিকা সমান কাজ করে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ২ ডিসেম্বর মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়। ফাইজারের এই টিকা উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক।
ফাইজারের টিকাটি অনুমোদনের পর ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যজুড়ে গণহারে প্রয়োগ শুরু হয়। প্রথম দফায় আট লাখ ডোজ টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তি, কেয়ার হোমের কর্মী এবং সম্মুখসমরে থাকা স্বাস্থ্য ও সামাজিক কর্মীরা। চলতি মাসের মধ্যেই ৪০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য ব্রিটিশ সরকারের।
যুক্তরাজ্যের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাহরাইন। ৪ ডিসেম্বর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।
অন্যান্য অনেক রোগের ভ্যাকসিনই বয়স্কদের বেলায় সঠিক ভাবে কাজ করে না। তবে ফাইজার বায়োটেকের তৈরি এই করোনা ভ্যাকসিন ৬৫ বছরের অধিক বয়স্কদেরও একই সুরক্ষা দেবে, যেমনটি দেবে একজন তরুণকে।