শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেই ডোনাল্ড ট্রাম্প নির্বাহী নির্দেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেবেন এমন ইঙ্গিত তিনি আগেই দিয়েছেন। অভিষেক ভাষণের পরপরই তাঁর প্রেসিডেন্টের ক্ষমতাবলে ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ’ কাগজপত্রে সই করার কথা।
ওয়াশিংটনের একটি হোটেলে ট্রাম্প গত বৃহস্পতিবার সমর্থকদের উদ্দেশে এমন আভাস দেন। আর তাঁর সহযোগী ও নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিএনএনকে বলেছেন, তাঁরা নির্বাচনী প্রচারের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পূরণে বদ্ধপরিকর। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সেই লক্ষ্যে ব্যবস্থা নেবেন।
মার্কিন সংবাদমাধ্যমের খবর, নতুন প্রশাসনের বিবেচনাধীন এ রকম নির্বাহী আদেশের সংখ্যা ২০০ বা তার চেয়েও বেশি। এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অবৈধ অভিবাসী পরিবারের সন্তানদের অস্থায়ী বৈধতা কর্মসূচি। রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের আপত্তি সত্ত্বেও ওবামা স্বাক্ষরিত এই কর্মসূচির মাধ্যমে সড়ে সাত লাখ অভিবাসী-সন্তান যুক্তরাষ্ট্রে অবস্থান ও পড়াশোনা চালিয়ে যাওয়ার বৈধ অধিকার পেয়েছে। ট্রাম্প মেক্সিকো ও কানাডার সঙ্গে স্বাক্ষরিত নাফটা বাণিজ্য চুক্তি বাতিল এবং কেন্দ্রীয় সরকারের জন্য নতুন কোনো নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন। এ ছাড়া তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যবিমা কর্মসূচি বাতিল করে এর পরিবর্তে একই সময়ে ভিন্ন বিমা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য এমন কোনো কর্মসূচি কংগ্রেসের অনুমোদন ও অর্থ বরাদ্দ ছাড়া সম্ভব নয়। ওবামাকেয়ার বাতিল হলে প্রায় দুই কোটি মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমা হারাতে পারেন।
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার ইঙ্গিত দিয়েছেন, শুক্রবার দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প কয়েকটি নির্বাহী আদেশে সই করতে চান। তবে কিছু কিছু বিষয় সোম বা মঙ্গলবারের জন্য বাকি থাকবে। তাঁকে এসব বিষয়ে সংক্ষেপে জানানোর কাজ অব্যাহত রয়েছে।
যুক্তরাজ্যের টাইমস অব লন্ডন ও জার্মানির বিল্ড পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, শুক্র ও শনিবারের পরিবর্তে তিনি সোমবারকেই প্রথম দিন হিসেবে বিবেচনা করতে পারেন। কারণ, উদ্যাপনের দিনেই তিনি বিপুল পরিমাণ স্বাক্ষর করতে চান না।
প্রস্তাবিত নতুন মন্ত্রিসভা তুলনামূলক অনভিজ্ঞ বলে বিভিন্ন মহল সমালোচনা শুরু করেছে। তবে ট্রাম্প নিজের মন্ত্রিসভার সদস্যদের ইতিহাসের সর্বোচ্চ আইকিউ বা বুদ্ধিমত্তার অধিকারী আখ্যা দিয়েছেন। কিন্তু ওবামা প্রশাসনের সাবেক রাষ্ট্রদূত ও ব্রুকিংস ইনস্টিটিউশনের ফেলো নরমান এলসন বলেছেন, অন্য যেকোনো সংস্থার মতো রাষ্ট্র পরিচালনার জন্যও অভিজ্ঞতার প্রয়োজন। ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের এ বিষয়ে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।
ট্রাম্পের অভিষেকের দিন মার্কিনদের একটি অংশ তাঁকে যেমন অভিনন্দন জানিয়েছে, তেমনি আরেকটি অংশ বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ করেছে। এ দুই পক্ষ যাতে পরস্পর মুখোমুখি না হয়, পুলিশ সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। ওয়াশিংটন পুলিশ আজ শনিবার নির্ধারিত ‘নারী সমাবেশ’ নিয়ে বিশেষভাবে চিন্তিত বলে জানিয়েছে। একাধিক নারী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে পুলিশ দুই লাখ মানুষের জমায়েতের অনুমতি দিয়েছে। সমালোচকদের আশ্বস্ত করতে ট্রাম্প বৃহস্পতিবার দুটি ভিন্ন ভাষণে বলেছেন, তিনি শুধু নিজের সমর্থকদের নন, ‘সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট’ হবেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পের জন্য একটি দুঃসংবাদ দিয়েছে। নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্পের সহযোগীদের সঙ্গে রাশিয়ার গোপন আঁতাতের বিষয়ে এফবিআই তদন্ত শুরু করেছে। এ দুই পক্ষের মধ্যে তথ্য বিনিময়ের প্রমাণ তারা পেয়েছে।