প্রথম লটারিতেই বাজিমাত

১৮তম জন্মদিন উদ্যাপনে লটারির টিকিট কিনলেন শার্লি লাগার্দে। তা যে এমন শিকে ছেঁড়া সাজো দই নিয়ে আসবে, তা কে জানত? একেবারে জ্যাকপট বগলদাবা করেছেন তিনি।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শার্লির বাড়ি কানাডার কুবেক প্রদেশে। ১৪ মার্চ তিনি ১৮ বছরে পা দিয়েছেন।
জন্মদিন উদ্যাপনের জন্য এক বোতল শ্যাম্পেনের সঙ্গে একটি স্ক্র্যাচ টিকিট কিনেছিলেন শার্লি। এতে তাঁর কপাল খুলে যায়। পান এক মিলিয়ন কানাডীয় ডলার—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি ৪৩ লাখ টাকার সমান।
লটারিতে পাওয়া অর্থ নেওয়ার ক্ষেত্রে শার্লিকে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়। তিনি এককালীন পুরো অর্থ নিতে পারেন কিংবা জীবনভর প্রতি সপ্তাহে এক হাজার ডলার করে নিতে পারেন।
বিকল্প দুটি নিয়ে অর্থবিষয়ক একজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন শার্লি। তিনি দ্বিতীয় বিকল্পটি বেছে নেন। কারণ, এই বিকল্পটি করমুক্ত।
লটারি করপোরেশনের মুখপাত্র প্যাট্রিক লাভোই কানাডিয়ান প্রেসকে বলেছেন, প্রতি সপ্তাহে তরুণী যে অর্থ পাবেন, তা করমুক্ত। এটা ওই তরুণীর জীবনের একটি চমৎকার সূচনা। তিনি প্রথমবার লটারির টিকিট কিনেছেন, আর জয়ী হয়েছেন।
শার্লি জানান, লটারিতে জেতা অর্থ তিনি ভ্রমণ ও পড়াশোনায় ব্যয় করবেন।