
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত শেষ বিতর্ক প্রথম বিতর্কের মতো টেলিভিশন দর্শক আকর্ষণে ব্যর্থ হয়েছে। লাস ভেগাসে স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় তৃতীয় ও শেষ বিতর্কটি অনুষ্ঠিত হয়।
প্রথম বিতর্কের মতো বিপুলসংখ্যক টিভি দর্শক কাড়তে না পারলেও তৃতীয় বিতর্ক উপভোগ করেন গত সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয়টির চেয়ে বেশি দর্শক। গতকাল বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যমে উল্লেখ করা তথ্য-উপাত্তে এ তথ্য জানা গেছে।
হলিউডের প্রকাশনা ভ্যারাইটি ও দ্য হলিউড রিপোর্টার বলেছে, নিয়েলসনের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বুধবারের ওই বিতর্ক যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে পেয়েছে ৩৯ দশমিক ৭ ওভারনাইট হাউসহোল্ড রেটিং। সেপ্টেম্বরে হিলারি ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত প্রথম বিতর্কের এ রেটিং ছিল ৪৬ দশমিক ২। যার অর্থ প্রথম বিতর্কে মার্কিন দর্শক ছিলেন ৮ কোটি ৪০ লাখ (৮৪ মিলিয়ন)। দর্শকদের এ সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত বিতর্ক ইতিহাসে সবচেয়ে বেশি। এদিকে দ্বিতীয় বিতর্কের রেটিং ছিল ৩৭ দশমিক ২; যা দর্শকের সংখ্যায় ৬ কোটি ৬৫ লাখ (৬৬ দশমিক ৫ মিলিয়ন)।
এই দর্শক সংখ্যায় কেবল তাঁদেরই গণনা করা হয়েছে যাঁরা বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় বিতর্ক দেখেছেন। অনলাইন ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বা রেস্তোরাঁতে বসে যে আরও কোটি দর্শক এই বিতর্ক দেখেছেন তাঁদের এ পরিসংখ্যানের আওতায় আনা হয়নি।
যুক্তরাষ্ট্রের যেসব টেলিভিশন চ্যানেল শেষ বিতর্কটি সরাসরি সম্প্রচার করেছে সেগুলোর সবার চূড়ান্ত হিসাবের ভিত্তিতে দর্শক-সংক্রান্ত পরিসংখ্যান গতকাল আরও পরের দিকে নিয়েলসনের প্রকাশ করার কথা ছিল।