প্রথমবার বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন ৩ আমেরিকাপ্রবাসী

বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেয়েছেন তিনজন যুক্তরাষ্ট্র প্রবাসী। ঢাকায় ৩০ ডিসেম্বর মোট সাতজনকে এই সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়। নিউজার্সির প্লেইনসবরো টাউনশিপের কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরান নবী, ভয়েস অব আমেরিকার সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী এবং দুলাল তালুকদার নামের আরও একজন প্রবাসী এই ফেলোশিপ পেয়েছেন।
এর মধ্যে ড. নূরান নবী পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ে সাহিত্যকর্মে বিশেষ অবদান রাখায়। ইকবাল বাহার চৌধুরী পেয়েছেন সাংবাদিকতায় এবং দুলাল তালুকদার পেয়েছেন উত্তর আমেরিকায় নৃত্য শিল্প প্রসারের কারণে।
প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপকালে ড. নূরান নবী বলেন, ‘আমার জানা মতে, এবারই প্রথমবার প্রবাস থেকে কাউকে বাংলা একাডেমির এই সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হলো। এবারের বিষয়ে নতুনত্ব হলো, এর আগে ২ / ৩ জন করে প্রতি বছর ফেলোশিপ প্রদান করা হতো, এবার-ই প্রথম ৭ জনকে দেওয়া হলো, যার ৩ জন আমেরিকা থেকেই। এর মাধ্যমে দেশের বাইরে থেকেও দেশ নিয়ে যারা কাজ করছে, সংস্কৃতি বিকাশে কাজ করছে তাদের মূল্যায়ন করল বাংলা একাডেমি।’
এদিকে, ঢাকায় বাংলা একাডেমির বার্ষিক সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত নুরুন্নবী এবং ইকবাল বাহার চৌধুরীকে এই ফেলোশিপ প্রদানের সংবাদে গভীর সন্তোষ প্রকাশ করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দুই লেখক-সাংবাদিককে অভিনন্দন এবং বাংলা একাডেমির প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এই ফেলোশিপটি সম্মানসূচক, তবে কেউ যদি চান দেশে থেকে বাংলা একাডেমির হয়ে শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশে সত্যিকারের কাজ করতে চান, তারা কাজ করতে পারবেন।