
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এশিয়া সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। জাপান সফর দিয়ে শুরু হবে তাঁর এই সফর। এরই অংশ হিসেবে আজ রোববার তিনি টোকিও আসছেন।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান আজ টোকিওর শহরতলির ইয়োকোতা বিমানঘাঁটিতে অবতরণের পর সেখানে তাঁকে স্বাগত জানাবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো। ইয়োকোতা বিমানঘাঁটির পরিচালনা ও নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনীর হাতে থাকায় বিমানঘাঁটি থেকে টোকিওর পথে যাত্রা করার মধ্যে দিয়ে শুরু হবে ট্রাম্পের আনুষ্ঠানিক এশিয়া সফর।
এশিয়ার পাঁচটি দেশে মার্কিন প্রেসিডেন্টের ১২ দিনের এই সফরকে নানা দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এশিয়া মহাদেশের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ট্রাম্প চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফর করবেন।
ট্রাম্পের এশিয়া সফরের পুরোটা জুড়ে আলোচনার প্রধান একটি ইস্যু হতে পারে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি কীভাবে সামাল দেওয়া যায়। তবে এই প্রশ্নে প্রতিটি দেশ, বিশেষ করে উত্তর কোরিয়ার নিকটবর্তী তিন দেশের ভিন্ন অবস্থানের মুখোমুখি হতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। দেশ তিনটির মধ্যে জাপানের অবস্থান হচ্ছে সবচেয়ে কট্টর। জাপান সরকার মনে করে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সব রকম সুযোগ শেষ হয়ে গেছে এবং এখন কার্যত আঘাত হেনে পাল্টা জবাব দেওয়ার সময়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া সংলাপের সুযোগ খোলা রাখার পক্ষপাতী। চীনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। উত্তর কোরিয়া নিয়ে জল ঘোলা করার উদ্দেশ্যে উসকানিমূলক আচরণ প্রদর্শনের জন্য ওয়াশিংটনকেই দোষারোপ করেছে বেইজিং। এমন একটা অবস্থায় এই তিন দেশের নেতাদের সঙ্গে সার্বিকভাবে গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্তে ট্রাম্প উপনীত হতে পারবেন কি না, সেদিকেই দৃষ্টি নিবদ্ধ সবার।
এশিয়ার নেতাদের সঙ্গে অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক বিষয়াবলি ছাড়া অর্থনৈতিক আলোচনাও করবেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ট্রাম্পের জাপান সফরের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির সরকার। জাপানে অবস্থানের পুরো সময়ে ট্রাম্প দম্পতির প্রতি রাজকীয় আতিথেয়তা দেখানো হবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মনে করছেন, এই সফর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক আরও গভীর করে নেওয়ার সুযোগ দিচ্ছে। ফলে ট্রাম্পের পছন্দ-অপছন্দ বিবেচনায় রেখে সফরসূচি সাজানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের পছন্দের মধ্যে যেহেতু নামীদামি রেস্তোরাঁয় পানাহার অন্তর্ভুক্ত আছে, তাই জাপান সরকার সেদিকেও বিশেষ নজর দিচ্ছে। প্রাতরাশ থেকে শুরু করে নৈশভোজ পর্যন্ত প্রায় প্রতিটি আহার পর্বের জন্য জাপানের প্রধানমন্ত্রী নিজে টোকিওর বিলাসী ও অত্যন্ত ব্যয়বহুল কয়েকটি রেস্তোরাঁ বেছে নিয়েছেন। এ ছাড়া আজ জাপান পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্টের আরেকটি পছন্দের বিনোদন গলফ খেলার ব্যবস্থাও সফরসূচিতে রাখা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে গলফ খেলার সময় সে দেশের নেতৃস্থানীয় একজন পেশাদার গলফারও তাতে যোগ দেবেন।
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী আবের সঙ্গে শীর্ষ বৈঠক শেষ করে যৌথ সংবাদ সম্মেলন করবেন। একই দিনে তাঁর উত্তর কোরিয়ায় অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা। আগামীকাল সোমবার সকালে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।
এদিকে জাপানের সংবাদমাধ্যম কয়েক দিন ধরে ট্রাম্পের সফরের ওপর বিস্তারিত আলোকপাত অব্যাহত রেখেছে। বিশেষ করে টেলিভিশন সংবাদ ও টক শোতে এই সফর হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। দুদিন আগে ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পের টোকিও পৌঁছানোর পর থেকে সব জায়গায়ই এখন এই সফর নিয়ে আলোচনা চলছে।