প্রধান বিচারপতির ঘটনায় গভীর উদ্বেগ সাউথ এশিয়া ওয়াচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর শাসন বিভাগ ও ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সাউথ এশিয়া ওয়াচ।
সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সরকারের মন্ত্রীরা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে, তাঁকে রাজাকার হিসেবে আখ্যায়িত করে এবং তাঁর বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে যেভাবে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন তা সত্যিই উদ্বেগের।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিল করে সম্প্রতি রায় দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতি সর্ব সম্মতিক্রমে যে রায় দিয়েছেন তাতে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে অর্পণ করা হয়।
বিবৃতিতে সংস্থাটির মহাসচিব ও ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির সদস্য শহীদুল ইসলাম তালুকদার বলেন, গণতন্ত্রের প্রপঞ্চ অনুযায়ী রাষ্ট্রের তিনটি বিভাগ—আইন, শাসন ও বিচার বিভাগ একে অন্যের হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবে এবং তাদের মধ্যে একটি কার্যগত নিবিড় সম্পর্ক থাকবে এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এভাবেই প্রতিষ্ঠানগুলো সক্ষমতা অর্জন করে।
বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগের ওপর সরকার অব্যাহতভাবে যে চাপ প্রয়োগ করছে, তা প্রধান বিচারপতির হঠাৎ ছুটিতে যাওয়ার মাধ্যমে নগ্নভাবে ফুটে উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অভিযোগের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকার ভীতি প্রদর্শন করে সুকৌশলে তাঁকে ছুটিতে পাঠিয়েছে যা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সরকারের হস্তক্ষেপের চূড়ান্ত রূপ।
বিবৃতিতে বলা হয়, অতীতে দেখা গেছে, বিচার বিভাগের যেকোনো স্বাধীন ও নিরপেক্ষ পদক্ষেপ সরকারের পক্ষে গেলে, সরকার সেটির রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করেছে এবং বিরোধীদের দমনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পক্ষান্তরে বিচার বিভাগের রায় তাদের বিপক্ষে গেলে তারা আক্রমণাত্মক ও অসহিষ্ণু আচরণ করে যা মোটেও কাম্য নয়। সাধারণ জনগণের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগের প্রতি সরকারের এরূপ আচরণ তাদের মধ্যে ন্যায়বিচার প্রাপ্তির আস্থাকে নষ্ট করবে।
বিবৃতিতে সংস্থার মহাসচিব বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আক্রমণাত্মক মনোভাব পরিহার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করুন এবং প্রধান বিচারপতি এস কে সিনহাকে স্বাধীনভাবে দায়িত্ব পালনে সহযোগিতা করুন। কেননা প্রধান বিচারপতি রাষ্ট্রের একটি অন্যতম প্রতিষ্ঠান। তাঁর মর্যাদার সঙ্গে গোটা বিচার বিভাগের ভাবমূর্তি জড়িত।