প্রধান বিচারপতির সঙ্গে বাহাস ডোনাল্ড ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

বিতর্ক জড়াতে শুধু নয়, বিতর্ক সৃষ্টিতেও সিদ্ধহস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের এই সক্ষমতার প্রমাণ আবারও রাখলেন তিনি। ২০ নভেম্বর নবম ইউএস সার্কিট আদালত অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রার্থনা বারিত করে দেওয়া ট্রাম্পের আদেশ কার্যকরে সাময়িক স্থগিতাদেশ দেন। এ অবস্থায় প্রেসিডেন্ট সংশ্লিষ্ট বিচারককে ‘ওবামা বিচারক’ আখ্যা দিয়ে এ বিতর্কের সূচনা করেন। পরে প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি নিয়ে পাল্টা বক্তব্য দিলে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বাহাস শুরু হয়। বলার অপেক্ষা রাখে না যে, ‘টুইটার প্রেসিডেন্ট’ এই পুরো তর্কটি চালাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেই।

অবৈধভাবে আমেরিকায় আসা অভিবাসীদের আশ্রয় প্রার্থনায় নিষেধাজ্ঞা আরোপে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের বিরুদ্ধে করা আবেদন পাঠানো হয় নবম ইউএস সার্কিট আদালতে। ২০ নভেম্বর আদালতের বিচারক ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপের ওপর সাময়িক স্থগিতাদেশ দেন।
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প আদালতের বিস্তর সমালোচনা করে বক্তব্য দেন। এরই একাংশে তিনি বলেন, ‘এটা হতাশাজনক যে সব মামলাই শেষ পর্যন্ত ওই নবম সার্কিটে (আদালত) যাচ্ছে। এটা আইন হতে পারে না। ওই আদালতে ওঠা সব মামলাতেই আমাদের পরাজয় হচ্ছে। এর পর আমাদের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে হচ্ছে, যেমনটা ঘটেছে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রেও, আর আমরা জয়ী হয়েছি। যেখানকারই মামলা হোক না কেন, তা শেষ পর্যন্ত (নবম সার্কিট আদালত) এখানেই আসছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত। এটি ওবামা (নিযুক্ত) বিচারকের আদালত। এটা চলতে পারে না।’
আমেরিকার পশ্চিমাঞ্চলীয় নয়টি অঙ্গরাজ্যের মামলার আপিল আবেদন নবম সার্কিট আদালতে আসে। বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য সার্কিট আদালত আলাদা। ফলে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনাসহ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো থেকে আসা আপিল আবেদন এই আদালতে ওঠাই স্বাভাবিক। এটা সত্য যে এই আদালতে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বর্তমান প্রশাসনের কিছু বিতর্কিত সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশের রায় হয়েছে। কিন্তু কোনো মামলায় স্থগিতাদেশের রায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়ার যে অভিযোগ ট্রাম্প তুলছেন, তা হাস্যকর। কারণ নিউইয়র্ক টাইমস বলছে, সার্কিট আদালতের প্রশাসনের বিরুদ্ধে রায় দেওয়ার যে গড় হার, তার কাছাকাছিই রয়েছে নবম সার্কিটের এ ধরনের রায়ের সংখ্যা। তাই নবম সার্কিটকে পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত করে প্রেসিডেন্টের দেওয়া বক্তব্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রেসিডেন্টের এই বক্তব্যে বেজায় চটেছেন প্রধান বিচারপতি জন জি রবার্টস। তিনি বিষয়টিকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার শামিল বলে মনে করছেন। ২১ নভেম্বর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের কোনো ওবামা বিচারক, ট্রাম্প বিচারক, বুশ কিংবা ক্লিনটন বিচারক নেই। আমাদের রয়েছেন এক দল অসাধারণ নিবেদিতপ্রাণ বিচারক, যাঁরা তাঁদের সামনে হাজির হওয়া বিচারপ্রার্থীদের সঙ্গে সমানাধিকার ও ন্যায্যতার ভিত্তিতে আচরণ করার সর্বোচ্চ চেষ্টা করেন। এই স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত।’
প্রধান বিচারপতির এই প্রতিক্রিয়ার পরও কিন্তু ট্রাম্প থামেননি। তিনি নিজের আগের বক্তব্যের পক্ষাবলম্বন করে দেওয়া এক টুইটার পোস্টে লেখেন, ‘প্রধান বিচারপতি জন রবার্টস, দুঃখিত। কিন্তু আপনাদের মধ্যে ওবামা বিচারক রয়েছেন, যাঁদের দৃষ্টিভঙ্গি দেশের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের দৃষ্টিভঙ্গির থেকে আলাদা। নবম সার্কিট স্বাধীন হলে দারুণ হতো। কিন্তু (প্রশ্ন আসে তখনই), যখন সীমান্ত ও নিরাপত্তা সম্পর্কিত যেকোনো বিতর্কিত বিষয় তারই (নবম সার্কিট) শরণাপন্ন হয়, এবং এর অধিকাংশ ক্ষেত্রেই যখন তা উল্টো সিদ্ধান্ত দেয়। দয়া করে (মামলার) সংখ্যাটি হিসাব করে দেখুন, এটা ভয়াবহ। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রয়োজন। কিন্তু এই আদেশগুলো আমাদের দেশকে অনিরাপদ করে তুলছে, যা খুবই বিপজ্জনক ও মূর্খতার নামান্তর।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জন রবার্টস সুপ্রিম কোর্টে আসীন হন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়। নির্বাহী বিভাগের প্রধানকে নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমেরিকার নির্বাহী বিভাগ নিয়ে মন্তব্য করাটা তাঁর স্বভাবে নেই। এ কারণে প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতির মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে।
রবার্টস বরাবরই বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী বিভাগ থেকে পৃথক ও স্বতন্ত্র সত্তায় বিশ্বাসী। সর্বশেষ গত অক্টোবরেও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে দেওয়া বক্তব্যে তিনি এ বিষয়টির ওপরই গুরুত্বারোপ করেন। সেখানে তিনি বলেছিলেন, ‘রাজনৈতিক কোনো বিষয়ে আমি সমালোচনা করব না। তবে না চাইলেও মাঝে মাঝে আমাদের ওই ধরনের মন্তব্য করতে হয়। কিন্তু আমি এটা জোর দিয়ে বলতে চাই যে বিচার বিভাগকে অন্য বিভাগগুলো থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হতে হয়।’
বলার অপেক্ষা রাখে না কথিত ওই ‘না চাইলেও’ মন্তব্য শেষ পর্যন্ত রবার্টসকে করতে হয়েছে। আর এই মন্তব্য এসেছে প্রেসিডেন্টের দেওয়া বক্তব্যের কারণেই। সিএনএন জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার কিছু পর থেকেই নিয়মিত বিরতিতে নবম সার্কিট আদালতকে আক্রমণ করে আসছেন। প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি সার্কিট আদালত ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। তাঁর মতে, এই সার্কিট আদালত ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনার মতো পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর সীমান্তকে অনিরাপদ করে তুলছে। এ ধরনের বক্তব্যের কারণও অবশ্য রয়েছে। এই সার্কিট আদালতই প্রেসিডেন্ট ট্রাম্প গৃহীত সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর বেশ কয়েকটির ওপর স্থগিতাদেশ দিয়েছে।
অবশ্য প্রধান বিচারপতি রবার্টসকেও ট্রাম্পের আক্রমণ সইতে হয়েছে সরাসরি। ট্রাম্প তখন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ২০১৬ সালে এবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রবার্টসকে ‘রক্ষণশীলদের জন্য দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছিলেন। ওই মন্তব্য তিনি করেছিলেন ‘ওবামাকেয়ারে’ রবার্টসের সম্মতি দানের প্রেক্ষাপটে। কিন্তু এর আগে এ ধরনের কোনো বক্তব্যেরই কোনো প্রত্যুত্তর করেননি প্রধান বিচারপতি। এ কারণেই প্রধান বিচারপতির সঙ্গে প্রেসিডেন্টের এই বাহাস সবার দৃষ্টি কেড়েছে।
নিউইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতির মন্তব্য ফেডারেল সরকারের দুই গুরুত্বপূর্ণ বিভাগের দ্বন্দ্বটি প্রকাশ্যে এল। বিচার বিভাগকে আক্রমণ করে প্রেসিডেন্ট বহু বক্তব্য দিয়েছেন। কিন্তু ২১ নভেম্বরের আগে সেসব বক্তব্যের কোনোটিরই প্রতিক্রিয়া জানাননি প্রধান বিচারপতি। কিন্তু এবার যেন তাঁর ধৈর্যচ্যুতি ঘটেছে। গত মাসে বিচারক অ্যান্থনি এম কেনেডি অবসরে গেলে তাঁর স্থলাভিষিক্ত হন ট্রাম্প মনোনীত রক্ষণশীল বিচারক ব্রেট কাভানা। রবার্টস নিজেও রক্ষণশীল। ফলে কাভানার সংযুক্তি তাঁর শক্তিবৃদ্ধি করেছে। আর এটিই তাঁকে নির্বাহী বিভাগের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ানোর সাহস জুগিয়েছে।
আইন বিশ্লেষকেরা বিষয়টিকে মার্কিন বিচার বিভাগের জন্য ক্ষতিকর বলেই বিবেচনা করছেন। সাউথ টেক্সাস কলেজ অব ল-এর অধ্যাপক জশ ব্ল্যাকম্যান নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘এ ধরনের বিবৃতি শেষ পর্যন্ত ক্ষতিরই কারণ হবে। বিচার বিভাগকে আক্রমণ করা থেকে ট্রাম্প কখনো বিরত হবেন না। রবার্টস (কিছু বললে কিংবা) শান্ত থাকলেও সমালোচিত হবেন। কিন্তু এ ধরনের লড়াই শেষ অবদি আদালতকেই দুর্বল করবে।’