প্রধানমন্ত্রী চাইলে সংসদ নির্বাচনে যাবেন শমী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক এসেছিলেন শিল্প ও বণিক সমিতির সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক অভিনেত্রী শমী কায়সার। তাঁর রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে কথা বলে লিখেছেন তোফাজ্জল লিটন

শমী কায়সার বলেন, ১৮ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের একটি অধিবেশনে আমি বক্তব্য উপস্থাপন করেছি। আমার বক্তব্যের বিষয় ছিল খর্বাকৃতির নবজাতক ও পুষ্টি। এই অধিবেশনের তত্ত্বাবধানে ছিল ইউনিসেফ ও ওয়ার্ল্ড ব্যাংক। এখন আমাদের দেশে খর্বাকৃতির নবজাতক জন্ম হার কমে ৪২ ভাগে এসেছে। আমি নবজাতকের পুষ্টি, গর্ভবতী মায়ের পুষ্টি ও কিশোরীদের পুষ্টি বিষয়ে আমাদের উন্নতি ও অবস্থানের কথা।
বর্তমানে তাঁর ব্যস্ততা সম্পর্কে শমী কায়সার বলেন, ‘ব্যবসা ও রাজনীতি নিয়ে আমি এখন ব্যস্ত। ইতিমধ্যে ধানসিঁড়ি কমিউনিকেশনের পরিধি বাড়ছে। আমরা উন্নয়ন ও করপোরেট কমিউনিকেশনে কাজ করি। আমরা নিয়মিত জাতিসংঘের নানা অঙ্গসংগঠনের সঙ্গে উন্নয়নমূলক কাজ করছি। বিজ্ঞাপন ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছি সমান তালে। ই-কমার্স খাতে কাজ করছি। কাজ করছি মহিলা উদ্যোক্তাদের নিয়ে।’
শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাবাকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করতে গিয়ে দেখলাম, ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় কেমন করে ইতিহাস বিকৃতি করা হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানাতে হবে। এই অনুধাবন থেকে আমরা পরিকল্পনা করেছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আমরা প্রামাণ্যচিত্র তৈরি করব। পর্যায়ক্রমে আমরা মুক্তিযুদ্ধে শহীদের নিয়েও আর্কাইভ করব। সরকার আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আশা করছি শিগগিরই কাজ শুরু করব। শিশু কিশোরদের জন্য আলাদা ভার্সন থাকবে। সেটি তাদের মনের মতো করেই তৈরি করা হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে সে সব ডকুমেন্টারি।’ তিনি বলেন, ‘১০ বছর ধরে আমার বাবাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছি।
গণমাধ্যমে উপস্থিতি নিয়ে কথা বলতেই এই জনপ্রিয় অভিনেত্রীর কণ্ঠে অভিমান ঝরে পড়ল। বললেন, ‘অনেকটা অভিমান করেই মিডিয়া থেকে দূরে আছি। বিএনপি সরকারের সময় আমাকে বিটিভিতে কালো তালিকাভুক্ত করা হলো। আমাকে নিয়ে নির্মিত নাটকের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। অথচ আমার দীর্ঘ দিনের সহকর্মী ও পরিচালকেরা কেউ কোনো প্রতিবাদ করেননি। তাই এটা তাদের প্রতি আমার একটি মৌন প্রতিবাদ।’
ক্রমবর্ধমান ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচার উপায় কি—এমন প্রশ্নের জবাবে শমী কায়সার দাবি করেন, ভারতীয় সংস্কৃতি ভীষণভাবে আমাদের ভেতর ঢুকে গেছে। তারা তাদের সংস্কৃতি দিয়ে আমাদের নিজস্বতা বিলীন করে দিচ্ছে। এটা একদিনে হয়নি। স্টার জলসা, স্টার প্লাসসহ অন্যান্য ভারতীয় চ্যানেল অনুমতি পেয়েছে বিএনপির সময়ে। এখন তো আকাশ সংস্কৃতির যুগ। যে কেউ চাইলে যেকোনো চ্যানেল দেখতে পারে। তাই আমি মনে করি বিদেশি চ্যানেলের ওপর ট্যারিফ বাড়িয়ে দেওয়া উচিত। ভারতও তাই করছে। তাই সেখানে আমাদের চ্যানেল কম দেখে লোকজন। তার সঙ্গে সঙ্গে তৃণমূল থেকে শুরু করে আমাদের স্কুল কলেজে বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে। নাচ, গান, অভিনয় ও মুক্তিযুদ্ধের গল্প বলা যাই হোক, সবকিছুকে উৎসাহ দিয়ে বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে শমী কায়সার বলেন, ‘জীবনের শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে প্রার্থী দিলে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমার বিশ্বাস, কাজটি আমি নিষ্ঠার সঙ্গে করতে পারব।’
সবশেষে নিউইয়র্কে তাঁকে দেওয়া সংবর্ধনার আয়োজক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর ও নিউইয়র্কে বসবাসরত সোনাগাজীবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান শমী কায়সার। গত ৩০ সেপ্টেম্বর রাতে এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান প্রজন্ম একাত্তর ও মজুমদার ফাউন্ডেশনকে।