প্রধানমন্ত্রী নেই, রাজনীতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে গত বছর দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রতি বছর নিউইয়র্কে আসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। অতীতে এ সময় নিউইয়র্কে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মতো। কিন্তু করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ভার্চ্যুয়াল। পৃথিবীর কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এবার নিউইয়র্কে আসেননি।

প্রতি বছর নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা–কর্মীরা ব্যাপক উজ্জীবিত হত। নিউইয়র্ক শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যানার-পোস্টার চোখে পড়ত। অন্যান্য অঙ্গরাজ্যের ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠত নিউইয়র্ক। নগরের হোটেলগুলোতে রুম সংকট দেখা দেয়।

একইভাবে বিরোধী বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করত। জাতিসংঘের সামনে ব্যানার–পোস্টার নিয়ে তারা অবস্থান নিত। এবার তাদেরও কোনও কর্মকাণ্ড নেই, নেই কোন তৎপরতা। তাই এখন অনেকটা স্থবির নিউইয়র্কের বাংলাদেশি মার্কিনদের রাজনীতির মাঠ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘সারা বছর আমরা নানা দিবস ও কর্মসূচি পালনের মাধ্যমে নানাভাবে সক্রিয় থাকি। প্রতি বছর সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন আমাদের নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক গতিশীলতা তৈরি করে। প্রতিবারের মতো এবারও ব্যাপক আয়োজনে জননেত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। এবার তাঁর আগমন আমাদের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কথা ছিল, এবার এলে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দিয়ে যাবেন।’

যুক্তরাষ্ট্র শাখা যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, ‘বিতর্কিত নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী এবার নিউইয়র্ক আসলে জাতিসংঘের সামনে বিশ্বনেতাদের উপস্থিতিতে সাধারণ জনগণকে জানাতে আমরা তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতাম। দেশের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি। শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাতে এবার আমাদের পরিকল্পনা ছিল দলের বিভক্তি ভেঙে এক হয়ে প্রতিবাদ করা।’

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘সারা বছর আমরা অপেক্ষায় থাকি শেখ হাসিনার আগমনের। এটা আমাদের সবচেয়ে বড় কর্মসূচি। এই শহরে তাঁর উপস্থিতিতে ২৮ সেপ্টেম্বর তার জন্মদিন উদ্‌যাপন করি ব্যাপক আয়োজনে। জননেত্রী এবার নিষেধ করেছেন জাঁকজমকপূর্ণভাবে পালন না করতে। তারপরেও আমরা নেত্রী জন্মদিন পালন করার কর্মসূচি নিয়েছি।’

যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল কাদির বলেন, ‘প্রবাসী একজন রাজনীতিক কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার আগমন আমাদের কাছে ঈদের মতো। যুক্তরাষ্ট্রের নানা স্টেট থেকে আমাদের নেতা-কর্মীরা আসেন। জামায়াত-শিবির-বিএনপি যেন নেত্রীর বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে, আমরা ভ্যানগার্ডের মতো সে জন্য কাজ করি।’

প্রতিবার শেখ হাসিনার আগমন উপলক্ষে জ্যাকসন হাইটসে ৫ ফুট দৈর্ঘ নৌকা তৈরি করে দেয়ালে সাজান ক্ষুদ্র ব্যবসায়ী নান্টু মিয়া। তিনি বলেন, ‘আমি ২০ বছর ধরে দেশে যাই না। প্রতিবার এই মাসে শুধু শেখ হাসিনাকে দেখতে পারতাম। তার সম্মানে নৌকা ও ব্যানার বানাতাম। এবার কোনো কিছু করতে পারছি না। মাসজুড়ে যেন আনন্দের বন্যা বইতো। সব কিছু মনে করে আমার কান্না আসছে।’