প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আ. লীগের সমাবেশ

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন। দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় সমবেত হন। তাঁরা শেখ হাসিনার সরকারের সমর্থনে নানা স্লোগান দেন।
আওয়ামী লীগের সমাবেশ উপলক্ষে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের বাইরে পার্কিং লটে তাদের জন্য বেষ্টনি গড়ে দেয় নিরাপত্তাকর্মীরা। তবে বরাবরের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কারওরই দেখা-সাক্ষাৎ হয়নি। প্রধানমন্ত্রী বিশেষ পথে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি হোটেলে চলে যান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটর শোভাযাত্রা পরিবেষ্টিত হয়ে ম্যানহাটনের অভিজাত লোটে গ্র্যান্ড প্যালেস হোটেলে যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিবেশ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ দুই শতাধিক সরকারি-বেসরকারি কর্মকর্তা রয়েছেন।
জেএফকেতে আওয়ামী লীগের সমাবেশে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, হাজি এনাম, আবদুল হাসিব, মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ফরিদ আলম, মিসবাহ আহমেদ, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জাকারিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, ইফজাল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর ইউনিভার্সেল হেল্থ কভারেজ শীর্ষক দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে। একই দিন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আয়োজিত ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নেন। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ভূষিত ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি বছর এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচির মধ্যে রয়েছে—২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ। তিনি বরাবরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। একই দিন তাঁর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন ইভেন্টে যোগ দিচ্ছেন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনটি সাইট ইভেন্টে যোগদানের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছে। ম্যানহাটনের বিলাসবহুল ম্যারিয়ট মার্কাস হোটেলের বলরুমে এদিন বেলা ১২টায় এই সংবর্ধনা। প্রধানমন্ত্রী বেলা ২টার দিকে সংবর্ধনা সভায় যোগ দেবেন বলে দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।