প্রফেসর হাকম্যানের ডাইনোসর
(এই গল্পের সব চরিত্র আর বৈজ্ঞানিক ঘটনাসমূহ সম্পূর্ণভাবে লেখকের কল্পনাপ্রসূত। এ পর্যন্ত আবিষ্কৃত বিজ্ঞানের সঙ্গে মিল খুঁজতে গিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। লেখার অনেক জায়গায়, জুতসই বাংলা না পাওয়ায় লেখককে আসল বৈজ্ঞানিক শব্দটাই ব্যবহার করতে হয়েছে)
২ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৭: ৩০, স্থান: উত্তর আটলান্টিক সাগরের পাদদেশ
প্রফেসর হাকম্যান তাঁর ডুবোজাহাজে উত্তর আটলান্টিকের পাদদেশে নিয়মিত গবেষণার কাজ করে যাচ্ছিলেন। ড্যাশ বোর্ডের কম্পিউটারে দেখা যাচ্ছিল, জাহাজটি অবস্থান এখন ১৪.৭ দক্ষিণ ও ২৯.৬৯°পশ্চিমে। হাকম্যান ডুবোজাহাজের হেডলাইটের নীলচে আলোয় সাগরতলের আনাচে-কানাচে লক্ষ রাখার সঙ্গে সঙ্গে তার প্রাকৃতিক দৃশ্যও উপভোগ করছিলেন। সাগরতলের অসংখ্য ছোট ছোট মাছের ঝাঁক, আর বিভিন্ন ধরনের প্রবালের দৃশ্য হেডলাইটের নীলচে আলোয় খুব সুন্দর লাগছিল। হাকম্যান ভাবলেন, সাগরতলের এই সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর আর কোনো কিছুরই যেন তুলনা চলে না।
হাকম্যান আমেরিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার আর্কিওলজি বিভাগের প্রফেসর। আটলান্টিস নিয়ে গবেষণা করছেন অনেক দিন। পৃথিবীর বেশির ভাগ বৈজ্ঞানিকই মেনে নিয়েছেন যে আটলান্টিস বলে কিছু নেই। তা একধরনের কল্পকাহিনি। তবে প্রফেসর হাকম্যান ও তাঁর মতো আরও অল্প কিছু রিসার্চ গ্রুপ তা মেনে নিতে নারাজ। তাঁরা আজও বিশ্বাস করেন, আটলান্টিস বলে খুব জাঁকজমকপূর্ণ আর রাজকীয় এক শহর বা সভ্যতা ছিল, আর তা কালের পরিক্রমায় এখন আটলান্টিক সাগরের তলে। তা খুঁজে বের করতেও তাঁরা বদ্ধপরিকর। হাকম্যান প্রায় সাত বছর ধরে এমনই একটা প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছেন।
সে রাতে, উত্তর আটলান্টিকে গবেষণার সময় হঠাৎ সাগরতলের বিশাল এক পাথরের গায়ে হাকম্যানের দৃষ্টি আটকে গেল। নতুন কিছু আবিষ্কার করেছেন বুঝতে পারলেন, তবে সে আবিষ্কার যে কত বড়, তা বুঝতে হাকম্যানের আরও কিছুদিন সময় লাগল।
৮ মার্চ, ২০২৩, সকাল ৯:১০, স্থান: ঢাকা, বাংলাদেশ
আসিফ মাত্র তার সকালের নাশতা সেরে ই-মেইল দেখছিল। অনেক ই-মেইলের মাঝে একটা ই-মেইল তার মনোযোগ আকর্ষণ করল। তার পিএইচডি কো-সুপারভাইজার হাকম্যানের কাছ থেকে পাওয়া ই-মেইল।
আসিফ ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে পিএইচডি শেষ করে ২০২১-এ। বিষয় ছিল পেলেও-আর্কিওলজি অর্থাৎ বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণীদের জীবাশ্ম নিয়ে গবেষণা। আসিফের থিসিস কমিটিতে পাঁচজন প্রফেসরের মধ্যে হাকম্যান ছিলেন একজন। পিএইচ ডি শেষে আসিফ আর আমেরিকায় থাকেনি। বাংলাদেশে চলে এসেছে। এখানে একটা ইউনিভার্সিটিতে ও এখন প্রাণিবিজ্ঞান পড়ায়। অল্প বয়স। এখানে গবেষণা করার তেমন সুযোগ না থাকলেও নিজের দেশের ছেলে-মেয়েদের পড়াতে পারছে, এতেই ওর সন্তুষ্টি।
আসিফ হাকম্যানের মেইলটা পড়ল। ই-মেইলটার আক্ষরিক বাংলা করলে যা হয়, তা হলো:
প্রিয় আসিফ,
আশা করি ভালো আছ। অনেক দিন তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আসলে দরকার ছাড়া আমার কারও সঙ্গে যোগাযোগ করা হয় না। আশা করি তুমি বুঝবে, আর আমার এই ব্যবহারকে তুমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। যা-ই হোক, কাজের কথায় আসা যাক।
তুমি জানো আটলান্টিস নিয়ে আমার গবেষণার কথা। মাসখানেক আগে, আটলান্টিক সমুদ্রের পাদদেশে যখন এ নিয়ে গবেষণা করছিলাম, তখন অযাচিতভাবে একটা পাথরের গায়ে পেয়ে যাই বিশাল এক প্রাণীর জীবাশ্ম। প্রথমে ভেবেছিলাম কোনো শার্ক বা হাঙরের জীবাশ্ম। কিন্তু ভালোমতো পরীক্ষা করে এবং আমার এক বিশেষজ্ঞ বন্ধুর সঙ্গে কথা বলে পরে বুঝেছি, তা আসলে ডাইনোসর জাতীয় এক প্রাণীর জীবাশ্ম। প্রাণীটার শরীরের সম্পূর্ণটা পাওয়া যায়নি। মাথা, বুকের পাঁজরের কিছু আর লেজের দিকের অংশ পাওয়া গেছে। ডাইনোসর আমার গবেষণার বিষয় না, তবু এই জীবাশ্ম নিয়ে আমি মূলত দুটি কারণে খুব আগ্রহ বোধ করছি।
প্রথমত, এই পর্যন্ত ডাইনোসরের যেসব জীবাশ্ম পাওয়া গেছে, তাদের বেশির ভাগই পাওয়া গেছে শুষ্ক-পাহাড়ি বা মরুভূমি ধরনের এলাকায়। এই রকম সমুদ্রের পাদদেশে এদের জীবাশ্ম পাওয়াটা খুবই বিরল, তবে আমি বলছি না যে তা অসম্ভব। হয়তো সমুদ্রের পাদদেশের পরিবেশে ডাইনোসরের জীবাশ্ম তৈরি হওয়াটা কঠিন।
দ্বিতীয়ত, আর যেটা আমার কাছে সবচেয়ে কৌতূহলোদ্দীপক, আমার এক ছাত্র রেডিও মেট্রিক ডেটিং করে সে জীবাশ্মের যে বয়স পেয়েছে, তা ১০ মিলিয়ন বছরের বেশি নয়। কিন্তু তুমি তো জানো, বিশাল এক উল্কাপাতের কারণে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে প্রায় ৭০ মিলিয়ন বছর আগে। বলতে গেলে সব বিজ্ঞানী এখন তা মেনে নিয়েছেন। যদি তাই হয়, আর আমার পাওয়া জীবাশ্মের বয়স যদি ১০ মিলিয়ন বছরের বেশি না হয়, তাহলে বলতে হয়, ডাইনোসরদের একটা শাখা সেই উল্কাপাতের পরে আরও অনেক দিন পৃথিবীতে রাজত্ব করে গেছে। আমরা যা জানি, তা হয়তো পুরোপুরি সত্য নয়। আমার পাওয়া এই জীবাশ্মের জন্য হয়তো ডাইনোসরদের ইতিহাস নতুন করে লিখতে হবে।
আমি তোমাকে এই ই-মেইলটা লিখছি, কারণ, তোমার সাহায্য আমার খুব দরকার। তোমার মতো তীক্ষ্ণ বুদ্ধির বৈজ্ঞানিক আমি খুব একটা দেখিনি, আর ডাইনোসরও ছিল তোমার থিসিসের বিষয়। চলে এসো তোমার এই পুরোনো ক্যাম্পাসে কয়েক দিনের জন্য। এই রকম সুযোগ সব সময় আসে না। আশা করি তুমি এর গুরুত্ব বুঝবে। সত্যি বলতে কি, আমি চাই তুমি এই প্রজেক্টটাকে লিড করো। কী ঠিক করলে জানিয়ো দুই দিনের মধ্যে। ভালো থেকো।
বি. দ্র.: ব্যাপারটা সম্পূর্ণ গোপনীয়। তুমিসহ আমরা মোটে চারজন এটা সম্পর্কে জানি।
ই-মেইলটা আসিফ খুব মনোযোগ দিয়ে আরও দুবার পড়ল। সত্যি এ রকম সুযোগ সব সময় আসে না। আসিফের এখানে ইউনিভার্সিটিতে কয়েক দিনের ছুটি পাওনা ছিল। ভাবল, সঙ্গে আরও কিছু ছুটি নিয়ে ফ্লোরিডা চলে যাওয়া যায়। পরের দিনই আসিফ হাকম্যানকে ই-মেইল দিল।
২০ মার্চ, ২০২৩, বিকেল ৪: ৪০, স্থান: ইউনিভার্সিটি অব ফ্লোরিডা (হাকম্যান ল্যাব)
প্রফেসর হাকম্যান আর আসিফ একদৃষ্টিতে সেই জীবাশ্মটার দিকে তাকিয়ে আছে। জীবাশ্মটি খুব যত্ন করে একটা কাচের বাক্সে রাখা। তা যে একধরনের ডাইনোসরের, এতে আসিফেরও কোনো সন্দেহ নেই।
হাকম্যান আসিফের দিকে তাকিয়ে বলল, ‘কী বুঝছ?’
আসিফ জীবাশ্মটার দিকে তাকিয়ে থেকেই বলল, ‘প্রাণীর মাথাটা অনেকটা টি-রেক্সের মতো। বোঝা যায় এই ডাইনোসরটা খুব হিংস্র আর মাংসাশী ছিল। তবে এর অন্য কোনো প্রকৃতি সম্পর্কে অনুমান করা কঠিন, কেননা শরীরের অনেকখানিই মিসিং। দেখি এর সঙ্গে এর কাছাকাছি ধরনের ডাইনোসরের হাড় মিলিয়ে আর কম্পিউটার সিমুলেশন করে শরীরের পুরোটা সম্পর্কে ধারণা করা যায় কি না। এতে সময় লাগবে অনেক। তবে একটা ব্যাপারে আমরা খুব ভাগ্যবান।’
প্রফেসর হাকম্যান উৎসাহের সঙ্গে বললেন, ‘কোন ব্যাপারে?’
‘এর স্কিন ইমপ্রেশন।’ আসিফ কাচের ওপর দিয়ে পেনসিল দিয়ে দেখিয়ে বলল, ‘মাথার হাড়ের ঠিক ওপরে যে এলোমেলো আর উঁচু-নিচু ছোট ছোট খাঁজ দেখা যাচ্ছে, এগুলো আসলে ডাইনোসরটার স্কিনের স্তর। এই রকম জীবাশ্ম পাওয়া খুবই বিরল একটা ব্যাপার। এই প্রাণীটা মৃত্যুর পর যে মাটিতে আটকা পড়ে, তা কোনো কারণে খুব দ্রুত শক্ত হয়ে যায়। কোনো প্রাণী পচে যাওয়ার আগেই যদি এ রকমভাবে জীবাশ্মে পরিণত হয়, তাহলে তার নরম টিস্যু, যেমন মাংসপেশি, চামড়া ইত্যাদিরও ছাপ পাওয়া যায় জীবাশ্মে। এরও তেমনি আছে।’
হাকম্যান বললেন, ‘হুম্, দারুণ। অথচ এই ব্যাপারটা আমার চোখেই পড়েনি।’ হাকম্যান গলাটা বাড়িয়ে জীবাশ্মটাকে ভালো করে আবারও কিছুক্ষণ দেখলেন।
আসিফ বলল, ‘জীবাশ্মটার কি আরও একবার রেডিও মেট্রিক ডেটিং করানো যায়? তুমি একবার করিয়েছ আমি জানি। বয়সটা সম্পর্কে একেবার নিশ্চিত হওয়া আরকি।’
হাকম্যান বললেন, ‘নিশ্চয়ই। কালকেই ব্যবস্থা করছি। আর কিছু?’
আসিফ একটু চিন্তা করে বলল, ‘এর স্কিনের বিভিন্ন স্তর ও গঠন সম্পর্কে ধারণা পাওয়া দরকার। আর সঙ্গে এর কোষগুলোর মধ্যে বিভিন্ন প্রোটিন সম্পর্কে। আমার পরিচিত কয়েকজন আছে যারা এই বিষয়ে কাজ করে। দেখি তাদের সঙ্গে কথা বলে, আমাদের সাহায্য করতে পারে কি না।’
হাকম্যান হাসিমুখে বললেন, ‘ঠিক আছে, কোনো ধরনের সাহায্য লাগলে আমাকে জানিয়ো।’
২৯ মার্চ, ২০২৩, সকাল ১০: ১৫, স্থান: হাকম্যান ল্যাব
আসিফ আজকে ওর এক বন্ধুকে ল্যাবে আমন্ত্রণ জানিয়েছে জীবাশ্মটা দেখাবে বলে। ওর বন্ধু মলিকিউলার বায়োলজিস্ট। নাম জোনাথন, একই ইউনিভার্সিটিতে অন্য একটা ল্যাবে গবেষণা করে। আসিফের ইচ্ছে যদি ওর বন্ধু জীবাশ্মটার স্কিনের ছাপ থেকে একটু নমুনা নিয়ে, তার মলিকিউলার বিশ্লেষণ করে এর গঠন সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারে। আসিফ বন্ধুকে ব্যাপারটা বুঝিয়ে বলল।
জোনাথন জীবাশ্মটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে, কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে বলল, ‘হুম্, তুমি যেভাবে বলছ তা করা সম্ভব। তবে সমস্যা যা হয়, জীবাশ্মে কোষের আকার ঠিকমতো থাকে না, অনেক ধরনের পরিবর্তন হয়। অনেক সময় কোষ পাওয়াই যায় না। আমি নমুনা নিচ্ছি। যদি খুব সৌভাগ্যবান হই, আর সে রকম কোনো কোষ পাওয়া যায়, তাহলে ন্যানো-লেভেলে পরীক্ষা করে দেখা যাবে।’
আসিফ বলল, ‘অনেক ধন্যবাদ বন্ধু।’ এই বলে আবার প্রশ্ন করল, ‘আচ্ছা, তোমরা ন্যানো-লেভেলে কোষ পরীক্ষার জন্য কী ধরনের পন্থা ব্যবহার করো?’
জোনাথন বলল, ‘আমাদের ল্যাবে আমি মূলত অ্যাটমিক ফোর্স মাইক্রোসকপি ব্যবহার করি। খুবই সূক্ষ্ম টেকনিক। এর সাহায্যে কোষের আকার এবং এর ভেতরের বিভিন্ন প্রোটিনের গঠন বোঝা যায়।’
আসিফ বলল, ‘দারুণ, আমার তাই দরকার।’
৩০ এপ্রিল, ২০২৩, দুপুর ১২: ৩০, স্থান: প্রফেসর হাকম্যানের অফিস
আজ একটু আগে দ্বিতীয়বার করানো রেডিও মেট্রিক ডেটিংয়ের রিপোর্টটা এসেছে। নমুনা বিশ্লেষণে কিছুটা সমস্যা হয়েছিল, তবে ফলাফল একি। জীবাশ্মটার বয়স প্রায় ১০ মিলিয়ন বছর।
প্রফেসর হাকম্যান বললেন, ‘যাক, ফলাফলে কোনো গরমিল হয়নি। আমরা তাহলে ঠিক পথেই আমাদের সময় ব্যয় করছি।’
আসিফও খুব উৎসাহিত। বলল, ‘ঠিক তাই।’
এই প্রজেক্ট সম্পর্কে আসিফ তার আইডিয়া বলতে লাগল। তার সঙ্গে জোনাথনের কী ধরনের কথাবার্তা হয়েছে, তারা জীবাশ্মটার নমুনা নিয়ে কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে, সেই সব পরীক্ষা তাদের কী কী বিষয়ে জানতে সাহায্য করবে, এসব নিয়ে বিস্তারিত কথা হলো।
হাকম্যান কোনো কথা না বলে শুনে যাচ্ছিলেন। মুখ দেখে মনে হলো, তিনি তাঁর ছাত্রের আইডিয়াতে খুবই খুশি। শুধু বললেন, ‘গ্রেট, তুমি তোমার মতো চালিয়ে যাও।’
পরে হাকম্যান বললেন, ‘আচ্ছা, তোমার সেই সিমুলেশনের কত দূর? প্রাণীটার আকার সম্পর্কে কোনো ধারণা করতে পারলে?’
আসিফ বলল, ‘কয়েক দিন ধরে সেটা নিয়েই কাজ করছি। বেশির ভাগ ডাইনোসরই ডাঙায় থাকত। তবে কিছু কিছু প্রজাতি ছিল উভচর। তারা সাঁতার কাটতে জানত। এই রকম এক প্রজাতি হচ্ছে স্পাইনোসরাস। এরা আকারে ছিল বিশাল, সামনের দিকটাও ছিল টি-রেক্সের মতো। তোমার পাওয়া জীবাশ্মের মাথাটাও তেমনি। তাই আমি সিমুলেশন করার সময় স্পাইনোসরাসের অ্যানাটমি থেকে কিছু সাহায্য নিয়েছে, আর বাকি মিসিং পয়েন্টগুলো কুমিরের অ্যানাটমি থেকে নিয়েছি।
হাকম্যান একটু অবাক হয়ে বললেন, ‘কুমির!’
‘হুম্, কুমির। কারণ প্রাণীটার লেজের দিকের যে কয়েকটা হাড়ের ফসিল পাওয়া গেছে, আমি ভালো করে স্টাডি করে দেখেছি, সেগুলোর সঙ্গে কুমিরের লেজের ঠিক ওই জায়গার হাড়ের বেশ মিল। আর কুমিরের সঙ্গে স্পাইনোসরাসের অ্যানাটমিরও সাদৃশ্য আছে অনেক। তাই ব্যাপারটা আমার কাছে ঠিক বলে মনে হয়েছে।’
হাকম্যান বুঝতে পারলেন। বললেন, ‘আচ্ছা।’
আসিফ তার ল্যাপটপটা হাকম্যানের সামনে টেবিলে রেখে বলল, ‘এই দেখো।’ আসিফ কি-বোর্ডে একটা বাটন চাপতেই স্ক্রিনে দেখা গেল সচল একটা ডাইনোসরের গ্রাফিকস। মাথাটা টি-রেক্সের মতো হলেও শরীরটা চ্যাপ্টা ধরনের। গ্রাফিকস দেখে বোঝা গেল, ডাইনোসরটা গভীর পানিতে সাঁতার কাটতে যথেষ্ট দক্ষ।
হাকম্যান আনন্দে আসিফের পিঠে চাপড় মেরে বললেন, ‘দারুণ, অসাধারণ কাজ।’
১২ মে, ২০২৩, বিকেল ৫: ২০, স্থান: ইউনিভার্সিটি অব ফ্লোরিডা (ওয়েস্ট ক্যাম্পাস)
আসিফ জোনাথনের সঙ্গে দেখা করতে তার ল্যাবে এসেছে। জীবাশ্মের নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে জোনাথন যা জেনেছে তা বেশ চমকপ্রদ। খুব ঝামেলা পোহাতে হয়েছে বন্ধু জোনাথনকে। নমুনা সংগ্রহ করে তা মলিকিউলার লেভেলে বিশ্লেষণের জন্য তৈরি করাটা ছিল খুব কষ্টসাধ্য। যা হোক, সবার সৌভাগ্য যে তা সফলভাবেই সম্পন্ন হয়েছে।
আসিফ মনে মনে ভাবল, এবার সময় এসেছে সবকিছু একসঙ্গে করে একটা হাইপোথিসিস দাঁড় করানোর।
২০ মে, ২০২৩, সকাল ৯: ৪৫, স্থান: প্রফেসর হাকম্যানের অফিস
প্রফেসর হাকম্যান, তাঁর এক ছাত্র আর আসিফ দরজা বন্ধ করে মিটিংয়ে বসেছেন। আসিফের উদ্দেশ্য সব ধরনের ফলাফল বিশ্লেষণ করে আজ একটা সিদ্ধান্তে পৌঁছানো।
আসিফ বলতে শুরু করল, ‘তোমরা জানো, আমি আমার বন্ধু জোনাথনকে প্রাণীটার স্কিনের জীবাশ্মের একটু নমুনা দিয়েছিলাম পরীক্ষার জন্য। ও যা পেয়েছে তা খুব চমকপ্রদ। আর তা অন্য সব ডাইনোসরের থেকে আলাদা। জোনাথন স্কিনের কোষে এমন এক ধরনের প্রোটিন পেয়েছে, যা প্রাণীকে অনেক কম তাপমাত্রায় বাঁচিয়ে রাখতে পারে। এই পর্যন্ত পাওয়া ডেটাবেইস স্টাডি করে আমি দেখেছি, এমন ধরনের প্রোটিন আর কোনো ডাইনোসরের কোষে নেই। তবে আর্কটিক এলাকায় একধরনের শৈবাল জন্মে, যারা সেই প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকতে পারে। যে প্রোটিনটা ওদেরকে ওই পরিবেশে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, আমাদের জীবাশ্মতে পাওয়া প্রোটিনটাও অনেকটা সেই রকম। আরেকটা ব্যাপার হলো, এই ডাইনোসরের ত্বকের বা স্কিনের পুরুত্ব অন্য সব ডাইনোসরের চেয়ে অনেক বেশি। এই পর্যন্ত পাওয়া ডাইনোসরদের স্কিনের গঠন সম্পর্কে যা জানা যায় তা হলো, এদের স্কিন সাধারণত এক সেন্টিমিটারের বেশি পুরু হয় না। আর তাতে থাকে প্রায় ৪০ ধরনের কোলাজেন প্রোটিনের স্তর। কিন্তু আমাদের জীবাশ্ম থেকে দেখা যায়, এর স্কিন প্রায় ৩ সেন্টিমিটারের মতো পুরু আর তাতে আছে ১০০-র বেশি স্তর।’
প্রফেসর হাকম্যান বললেন, ‘সত্যি খুব অভিনব ব্যাপার।’ একটু থেমে আবার বললেন, ‘তাহলে কি ধারণা করা যায় এই ডাইনোসরটা যে সময়টায় বেঁচে ছিল তখন পৃথিবীতে ছিল প্রচণ্ড ঠান্ডার সময়?’
আসিফ কাঁধ ঝাঁকিয়ে বলল, ‘খুবই সম্ভব।’
ও আরও বলল, ‘যেহেতু জীবাশ্মটার বয়স মাত্র ১০ মিলিয়ন বছরের মতো, তাই আমার ধারণা, ৭০ মিলিয়ন বছর আগে বিশাল উল্কাপাতে সব ডাইনোসর বিলুপ্ত হয়নি। উল্কাপাতের পরে প্রচণ্ড তাপমাত্রার সে পরিবেশে, যেসব ডাইনোসরের অল্প অল্প সাঁতার কাটার ক্ষমতা ছিল, তারা হয়তো সমুদ্রে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করে। বিবর্তনের ধারায় তাদের একটা শাখা হয়তো স্থায়ীভাবে পানিতেই বসবাস শুরু করে দেয়।’
হাকম্যান বলল, ‘হুম্, কিন্তু তুমি তো বলছ যে তাদের কোষে এমন একটা প্রোটিন ছিল, যা তাদের প্রচণ্ড ঠান্ডায় বাঁচিয়ে রাখত। তার ব্যাখ্যা কী?’
‘হ্যাঁ, তারও ব্যাখ্যা আছে। উল্কাপাতের পরপর তাপমাত্রা অনেক বেড়ে যায় সত্যি, তবে ধীরে ধীরে, উল্কাপাতের কারণে ধোঁয়া আর ধূলিকণা মেঘের মতো পৃথিবীর চারপাশে জমতে থাকে। হাজার হাজার বছর এভাবে চলার পরে পৃথিবীর চারপাশে এতই ঘন মেঘের স্তর তৈরি হয় যে তা ভেদ করে সূর্যের আলো আর পৃথিবীতে ঢুকতে পারত না। পৃথিবীও ধীরে ধীরে প্রচণ্ড শীতল হয়ে পড়ে। সেই শীতল অবস্থা কত সময় ছিল, তার সঠিক হিসাব এখনো বিজ্ঞানীরা জানেন না। সেই উল্কাপাতেই হয়তো ডাইনোসরদের বিলুপ্তি হয়নি। আমাদের জীবাশ্মের প্রাণীটা হয়তো উল্কাপাতের পরের, পৃথিবীর সেই শীতল সময়ে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এক ডাইনোসর।’
হাকম্যান আর কিছু বললেন না। তাঁর কোনো প্রশ্ন নেই। তিনি খুব স্পষ্টভাবে আসিফের ধারণা বুঝতে পেরেছেন।
অনেকক্ষণ পরে, চিন্তাভাবনা করে, হাকম্যান বললেন, ‘তাহলে সময় এসেছে আমাদের এই আবিষ্কার বিজ্ঞানী মহলে প্রকাশ করার। কী বলো তুমি?’
আসিফ বলল, ‘অবশ্যই। আর সঙ্গে আমারও সময় এল দেশে ফেরার।’
হাকম্যান আসিফের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসি খুব কোমল আর কৃতজ্ঞতায় ভরা।
১৩ আগস্ট, ২০২৩, রাত ৯: ০৫, স্থান: ঢাকা, বাংলাদেশ
আসিফ একটু আগেই দেখল, ওদের জীবাশ্ম নিয়ে গবেষণাটা আমেরিকার বিখ্যাত সায়েন্স জার্নালে ছাপা হয়েছে। ছাপা হওয়ার দুই দিনের মধ্যেই বিভিন্ন মহল থেকে আসিফের কাছে আসতে লাগল ই-মেইল। বেশির ভাগ বৈজ্ঞানিকই মনে করছেন, ডাইনোসরদের গবেষণায় এ এক যুগান্তকারী আবিষ্কার। শুধু বৈজ্ঞানিকদের থেকেই নয়, আমেরিকার কয়েকটি প্রাইভেট কোম্পানির কাছ থেকেও আসিফ ই-মেইল পেয়েছে। তারা এই গবেষণা থেকে উৎসাহিত হয়ে, বিশাল পরিসরে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে এই জাতীয় আরও জীবাশ্মের খোঁজে অভিযান চালাতে চায়। আসিফ উৎসাহী থাকলে তারা চায় আসিফের সঙ্গে কাজ করতে। বিশাল অঙ্কের পারিশ্রমিকও উল্লেখ করেছে অনেকে। আসিফ আরও একটা মজার ই-মেইল পেয়েছে। ই-মেইলটা এসেছে হলিউডের মুভি ডিরেক্টরের কাছ থেকে। উনি নাকি এই প্লট নিয়ে একটা মুভি বানাতে চান।
এসব ই-মেইল দেখে আসিফ মনে মনে হাসল। ভাবল, আশ্চর্য এক দেশ আমেরিকা!
২ জানুয়ারি, ২০২৮, সন্ধ্যা ৬: ১০, স্থান: ডার্ক অডিটরিয়াম, মস্কো স্টেট ইউনিভার্সিটি, রাশিয়া
হালকা আলো-আঁধারিতে, অডিটরিয়ামের সামনের বিশাল মঞ্চে আসিফ হেঁটে হেঁটে তার গবেষণার ওপর বক্তৃতা দিচ্ছিল।
ডাইনোসরের সেই গবেষণা আসিফকে অনেক বিখ্যাত করেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে কয়েক দিন পরপরই আসতে হয় বক্তৃতার জন্য। তাদের গবেষণা প্রকাশের এই সাড়ে চার বছরের মধ্যে আরও সাতটি ওই রকম জীবাশ্ম পাওয়া যায়। এর চারটি পাওয়া যায় দক্ষিণ আটলান্টিক সাগরের পাদদেশে, দুটি প্রশান্ত মহাসাগরের পাদদেশে, আর বাকিটা পাওয়া যায় হাডসন সাগরে। এর মধ্যে প্রশান্ত সাগরে পাওয়া দুটির ছিল সম্পূর্ণ জীবাশ্ম। এই দুটি সম্পূর্ণ জীবাশ্ম আসিফ তার গবেষণায় যেমনটি ভেবেছিল অবিকল সে রকম। গবেষণা প্রকাশের বছরখানেকের মাথায় প্রফেসর হাকম্যান স্ট্রোকে মারা যান। পরবর্তী সাফল্য দেখার সুযোগ তাঁর আর হয়নি।
অডিটরিয়ামের মঞ্চে হাঁটতে হাঁটতে আসিফ বলছিল, ‘ডাইনোসরটার আমরা নাম দিয়েছিলাম “হাক-ফ্রিগোরিসরাস”। “হাক” আমার প্রফেসর হাকম্যানের সম্মানে। কারণ, আটলান্টিস নিয়ে গবেষণার সময় তিনিই প্রথম জীবাশ্মটা পান। “ফ্রিগরিস” ল্যাটিন শব্দ, যার মানে প্রচণ্ড ঠান্ডা। কারণ, বিশাল সে উল্কাপাতের পরে প্রচণ্ড শীতল পরিবেশে প্রাণীটা বেঁচেছিল। আর “সরাস” মানে লিজার্ড।’
এমনি করে সেই আবিষ্কারের অনেক মজার মজার কথা আসিফ একে একে বলে যেতে লাগল। সেই সব কথা বিশাল অডিটরিয়ামের অগণিত দর্শক-শ্রোতা একাগ্র মনে শুনে যাচ্ছিল।
(ফিলাডেলফিয়া থেকে)