প্রবাস মানে বাংলাদেশকে সারাক্ষণ বুকে ধরে রাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের হৃদয়ে সব সময়েই বাংলাদেশ। প্রথম প্রজন্মের প্রবাসীরা নিজেদের জন্মভূমিকে ভুলতে তো পারেনই না, এক দণ্ডের জন্যও না; বরং প্রতিমুহূর্তে দেশকে তাঁরা অনুভব করেন, দেশের জন্য তাঁদের প্রাণ কাঁদে। দেশের জন্য উদ্বেগাকুল জননীর মতো তাঁরা সারাক্ষণ উৎকণ্ঠিত থাকেন। বৃষ্টি উত্তর আমেরিকাতেও হয়; কিন্তু প্রবাসীদের মনে হয়, এই বৃষ্টি টিনের চালে বাংলার বর্ষার বৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। নদী এখানেও আছে, কিন্তু প্রবাসীদের মনে হয়, এই নদী আবার নদী হলো নাকি! নদী ছিল আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটি! 
প্রবাসীরা আমেরিকার শহরগুলোকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। নিউইয়র্ক তো এখন দ্বিতীয় ঢাকা। নিউইয়র্কে পাওয়া যায় না, এমন কোনো বাংলাদেশি জিনিস নেই, ইলিশ মাছ থেকে শুরু করে পান-সুপুরি; শুঁটকি থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি—সবই সুপ্রচুর নিউইয়র্কে। নিউইয়র্কে বাংলা বইয়ের মেলা হয়, পয়লা বৈশাখ ও একুশে ফেব্রুয়ারি পালিত হয় সাড়ম্বরে; এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাঙালিরা সারা পৃথিবীর বিভিন্ন দেশেই করে থাকেন; কিন্তু নিউইয়র্কে এসব অনুষ্ঠান হয় নিয়মিতভাবে, বড়সড় করে এবং একাধিক জায়গায়, একাধিক উদ্যোগে। 
প্রবাসীদের আমেরিকান বা কানাডীয় নতুন প্রজন্ম এখন বড় হচ্ছে। তারা মূলধারার সঙ্গে প্রতিযোগিতা করে ভালো করছে। আবার নতুন ইমিগ্রান্টও আসছেনই। ফলে বাঙালিদের অনুষ্ঠানগুলো এখন আগের চেয়ে সুন্দর হচ্ছে। প্রথম প্রজন্মের প্রবাসীরা যখন থাকবেন না, দ্বিতীয় প্রজন্ম তখন বাংলা, বাঙালি, বাংলাদেশ নিয়ে আদৌ আর ভাববে কি না, সেই প্রশ্ন আছে।
আপাতত আমেরিকায় বাংলাদেশিরা আছেন সগৌরবে, সাড়ম্বরে, এবং বিপুলভাবে। তাঁরা বাংলা পত্রিকা পড়েন, বাংলা টেলিভিশন দেখেন, বাংলা খাবার খান। আর তাঁদের সঙ্গে আছে প্রথম আলো। অনলাইনে আছে, আবার আছে সাপ্তাহিক কাগজ হিসেবে। প্রথম আলো পড়া মানেও বাংলাদেশকে ফিরে পাওয়া। অতীতের অভ্যাসকে ফিরে পাওয়া। 
আমরাও আছি উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে। আমরা আছি ভালোর সাথে, আলোর পথে।

আনিসুল হক: সহযোগী সম্পাদক, প্রথম আলো