প্রবাসজীবনে বিজয়ী আজিজ

প্রবাসে জীবনসংগ্রামে বিজয়ী এক সফল পুরুষ মোহাম্মদ আজিজ। তিনি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান। সম্প্রতি সফল এ নির্মাণকর্মী প্রথম আলোর মুখোমুখি হয়েছিলেন। সেখানে তাঁর আমেরিকায় আগমন এবং প্রবাসজীবনে কীভাবে সফল হয়েছেন সে সব গল্প উঠে এসেছে।
ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় ১৯৭৮ সালে আমেরিকায় আসার উদ্দেশে দেশত্যাগ করে সর্বপ্রথম ফ্রান্সের রাজধানী প্যারিসে যান মোহাম্মদ আজিজ। প্যারিসের দিনগুলো ছিল তাঁর খুবই কষ্টের। এক বছর পর প্যারিস ছেড়ে তিনি জার্মানিতে চলে যান। ১৯৮০ সালে জার্মানি থেকে চলে আসেন আমেরিকাতে।
আমেরিকায় প্রথমদিকে অনেক সমস্যায় পড়তে হয়েছে মোহাম্মদ আজিজকে। কারণ, এখানে তাঁর পরিচিত কেউই ছিলেন না। জার্মানিতে ফায়জুল হক নামের এক সিলেট প্রবাসীর সঙ্গে দেখা হয়েছিল। তিনি তাঁর আগেই জার্মানি থেকে আমেরিকাতে আসেন। যোগাযোগ করে তাঁর ফোন নম্বর ও বাসার ঠিকানা জোগাড় করেন। কয়েক দিন তাঁর সঙ্গে থাকার পর তিনি নিজেই ব্রুকলিনের বগউইকে মাসে ৩৫০ ডলারে একটি বাসা ভাড়া নেন।
বাসা নেওয়ার পর কাজ করা জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় ফায়জুল তাঁকে ম্যানহাটনের ১৪ স্ট্রিটে একটি চাকরিদাতা সংস্থায় যেতে বলেন। ওই সংস্থা তখন এক সপ্তাহের বেতন দেওয়ার বিনিময়ে চাকরির ব্যবস্থা করত। প্রতিদিন সকাল ছয়টায় সেখানে যেতে হতো। এভাবে তিন-চার দিন যাওয়ার পর তাঁকে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ দেওয়া হয়। দৈনিক চার ঘণ্টা। প্রতি ঘণ্টার মজুরি তিন ডলার। আর দৈনিক টিপস ১২ থেকে ১৫ ডলার। তিনি ওই দোকানে দুই/তিন মাস কাজ করেন। তীব্র ঠান্ডার দিনে তাঁকে বরফ মাড়িয়ে সাত/আট ব্লক হেঁটে খাবার দিয়ে আসতে হতো।
এরই মধ্যে একদিন কৌতূহলবশত ম্যাডিসন অ্যাভিনিউয়ের ৩৪ স্ট্রিটের একটি রেস্টুরেন্টে গিয়ে কাজের সুযোগ আছে কিনা জানতে চাইলে মোহাম্মদ আজিজকে বাসবয় হিসেবে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ দেওয়া হয়। প্রতি ঘণ্টার মজুরি তিন ডলার। দৈনিক টিপস গড়ে ২০ থেকে ২৫ ডলার। ফলে তাঁর আয় বিপুলভাবে বেড়ে যায়।
মোহাম্মদ আজিজের নির্মাণশিল্পে আসার গল্পটাও মজার। একদিন তিনি রেস্টুরেন্ট থেকে একটু আগেই বের হয়েছিলেন। ব্রুকলিনে যাওয়ার পথে ট্রেনে দুজন বাংলাভাষীর সঙ্গে দেখা হয়। তাঁদের পোশাকে ছিল রং লাগানো। বুঝতে ভুল করেননি যে তাঁরা রংমিস্ত্রি। জানা গেল, দুজনের বাড়িই সন্দীপের মুছাপুরে। তাঁর মনেও নির্মাণকর্মী হওয়ার তীব্র ইচ্ছা ছিল। আর নির্মাণকর্মী হতে হলে তাঁকেও ওই দুজনের মতোই কাজ করে এগোতে হবে। তাঁদের ওখানে কোনো কাজ আছে কিনা জানতে চাইলে তাহের নামের এক যুবক তাঁকে ফোন নম্বর দিলেন। দুই দিন পর তিনি তাঁকে ফোন দিয়ে পরের দিন ব্রঙ্কসে যেতে বললেন। দৈনিক আট ঘণ্টা কাজ। মজুরি ৪০ ডলার। কিন্তু তিন-চার দিন কাজ করার পর মালিক তাঁকে বাদ দিলেন। এমন পরিস্থিতিতে তাহের আরেক সন্দীপ বাসিন্দার অধীনে ঘরে রং লাগানো এবং মেরামতের কাজের ব্যবস্থা করলেন। দৈনিক ৪০ ডলার করে দেওয়ার কথা হয়। তখন তাঁকে ৯০ পাউন্ড ওজনের রেপিং পেপার নিয়ে ছয় তলার ছাদে উঠতে হতো। কিন্তু ২০/২২ দিন কাজ করার পরও কোনো বেতন না দেওয়ায় তিনি মজুরি না নিয়েই চাকরি ছেড়ে দেন।
এ অবস্থায় সন্দীপের চেয়ারম্যান হাজি শফিকের সঙ্গে মোহাম্মদ আজিজের পরিচয় হয়। হাজি শফিক তাঁকে দৈনিক ৪০ ডলার হিসাবে কাজ দেন। একজন বড় নির্মাণকর্মী হওয়ার ইচ্ছা সব সময় তাঁকে তাড়িয়ে বেড়াত। এ জন্যই তিনি বারবার কনস্ট্রাকশনের কাজ করেছেন। একদিন বড় নির্মাণকর্মী ও জেনারেল কনট্রাক্টর হওয়ার স্বপ্ন নিয়ে তিনি ১৯৮৬ সালে ৪/৫ হাজার ডলার নিয়ে ‘ডেলাইট কন্সট্রাকশন’ নামে একটি নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন।
মোহাম্মদ আজিজ সিনিয়র সিটিজেনস বিল্ডিং, ইন্টারফেইথ হসপিটাল, ব্রুকলিনের ব্রুকডিল হসপিটাল, লো-ইনকাম হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং ছাড়াও অসংখ্য অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছেন, যেগুলোতে ৫০ থেকে ১০০টি পরিবার বসবাস করতে পারে। উত্তম নির্মাণকর্মী হিসেবে তিনি নিউইয়র্ক নগরী, নিউইয়র্ক অঙ্গরাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন। সফল নির্মাণকর্মীর স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে লাভ করেন ফেডারেল গভর্নমেন্ট ক্যাপিটল হিল অ্যাওয়ার্ড। নিউইয়র্ক নগরীর মাইনরিটি জেনারেল কনট্রাকটর হিসেবে সবচেয়ে বড় ট্যাক্স ক্রেডিট হিসাবে পুরস্কার পেয়েছেন। এ ছাড়া পেয়েছেন বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কারও।
১৯৯৫ সাল থেকে ছোট কাজ ছেড়ে পুরোপুরি জেনারেল ঠিকাদার হয়ে যান মোহাম্মদ আজিজ। ব্যক্তি মালিকানাধীন ভবনের পরিবর্তে সরকারের নির্মাণকাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কোনো ম্যাজিক নয়, নিজের মেধা, যোগ্যতা, একাগ্রতা ও শ্রম দিয়ে তিনি আজকের অবস্থায় এসেছেন। এটা ছিল তাঁর স্বপ্ন। বাংলাদেশিরা কেবল সাধারণ রঙের কাজ করেন, এর বেশি পারেন না-তিনি সেই ধারণা পাল্টে দিয়েছেন।
কমিউনিটির সঙ্গে সব সময় জড়িত ছিলেন মোহাম্মদ আজিজ। তিনি ২০০৭-০৮ সালে প্রথম বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্যের পদ গ্রহণ করেন। ২০০৯ সালে দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। ২০১১-১২ সালে আবার পুনর্নির্বাচিত হন। বর্তমানে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ বলেন, তাঁর দায়িত্ব নেওয়ার আগে মুসলমানদের নিজস্ব কোনো কবরস্থান ছিল না। এই মারাত্মক সমস্যা দূর করার উদ্দেশে তিনি ওয়াশিংটন মেমোরিয়াল সেমেট্রিতে ২১০টি কবর কেনার ব্যবস্থা করেন।