
ভার্চুয়াল সাইড ইভেন্টের প্যানেল আলোচনায় বক্তারা বলেছেন, প্রমাণভিত্তিক ডেটা শুধু করোনায় স্বাস্থ্য সংকট মোকাবিলার জন্য নয়, এটি দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের সামাজিক সুরক্ষা, নিয়মিত স্বাস্থ্যসেবা এবং স্থানীয় ও প্রবাসফেরত কর্মীদের জীবিকার সংস্থান নিশ্চিতের জন্যও প্রয়োজন।
১৩ জুলাই ‘ডেটা বিপ্লবের মাধ্যমে কোভিড পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিতকরণ’ শীর্ষক এই ভার্চুয়াল সাইড ইভেন্টের প্যানেল আলোচনার আয়োজন করা হয়। কোভিড–১৯ মোকাবিলা ও পুনরুদ্ধার কর্মসূচির কার্যকর ও সময়োপযোগী বাস্তবায়নে ডেটা বিপ্লবের ওপর বিশেষ জোর দেন প্যানেলিস্টরা।
জীবন–জীবিকার ভারসাম্যের জন্য কীভাবে ডেটা ব্যবহার করা যেতে পারে, সে সম্পর্কে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে সরকারি, বিষয় বিশেষজ্ঞ, একাডেমিয়া ও বেসরকারি খাত থেকে নির্বাচিত প্যানেলিস্টদের নিয়ে জাতিসংঘের চলমান উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরাম উপলক্ষে ওই ভার্চুয়াল সাইড ইভেন্টের আয়োজন করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও এটুআই এই আয়োজনটি বাস্তবায়ন করে। সোমালিয়া, জাতিসংঘের সংস্থাগুলো ও ফিউচার অব ওয়ার্ক ল্যাব বাংলাদেশ ছিল ইভেন্টের সহযোগী। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, ‘যেহেতু আমরা একটা মহামারির বিরুদ্ধে লড়াই করছি, তাই বৈজ্ঞানিক প্রমাণপত্র ও তথ্যাদির গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি, তাই “ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ”-এখন কী ঘটছে শুধু সে জন্যই নয়, বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং পুনরুদ্ধারের ক্ষেত্রেও অত্যাবশ্যক।’
কোভিড-১৯–এর ফলে সারা বিশ্ব যেসব বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে পড়েছে তা উল্লেখ করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘অভিবাসীকর্মী পাঠানো অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ কোভিড মহামারিজনিত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণে সংশ্লিষ্ট অন্যান্য দেশের ন্যায় আমাদের অর্থনীতি বড় হুমকির মুখে পড়েছে। তাই ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও এর কার্যকর ব্যবহারের মাধ্যমে আমরা নিজ দেশে প্রত্যাবর্তনকারী এসব প্রবাসী কর্মীদের পুনঃকর্মসংস্থান ব্যবস্থা করতে পারি ও তাদের টেকসইভাবে পুনরায় কর্মে পুনর্বাসিত করতে সাহায্য করতে পারি।’
এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী ইভেন্টটিতে মূল বক্তব্য উপস্থাপন করেন। কোভিড-১৯ সংক্রমণের হট জোন চিহ্নিতকরণ, টেলি-হেলথ সেবা প্রণয়ন, নগদ অর্থসহায়তা পাঠানোর জন্য পাঁচ লাখের বেশি জনগণের একটি ডেটাবেইস তৈরি করা, কোভিড পরবর্তী দক্ষতা ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং কার্যকর নীতি ব্যবস্থাপনার জন্য সরকারের পুরো ডেটা একত্রীকরণ ইত্যাদি বিষয়ে উপাত্ত ব্যবহারের মাধ্যমে কোভিড মোকাবিলায় সরকারের উত্তম অনুশীলনগুলো ইভেন্টটিতে তুলে ধরেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর।
ইউএনওএসএসসির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি ড. ডেনিস নকালা বলেন, এই মহামারি মোকাবিলা ও এর থেকে পুনরুদ্ধারে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলো গৃহীত প্রচেষ্টায় জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক কার্যালয় (ইউএনওএসএসসি) যে ভূমিকা রাখছে।
কি-নোট বক্তব্যের পরেই অনুষ্ঠিত হয় সমৃদ্ধ প্যানেল আলোচনা। প্যানেলিস্টদের মধ্যে সোমালিয়ার প্রতিনিধি আবদিরাহিম মুদে কোভিড–পরবর্তী দক্ষতা উন্নয়ন নিশ্চিতে ভার্চুয়াল প্রশিক্ষণসহ তাঁর দেশের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে কাউকেই পেছনে ফেলে রাখা চলবে না—মর্মে মন্তব্য করেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর আহমেদ মুশফিক মোবারক।
ইভেন্টটির অন্যান্য প্যানেলিস্টরা হলেন—ইউএনডিপির রবার্ট অপ, ইউএন ডেসার ভিনসিনজো অ্যাকুয়ারো, ইউএন এসকাপের জেম্মা ভ্যান হ্যালডিরেন, আইএলওর নিয়াল ও হিগিনস্ এবং দ্য কমন্স প্রজেক্টের পল মেয়ের, হার্ভার্ড পাবলিক হেলথ প্রফেসর মিস ক্যরোলিন বুকি।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ইভেন্টটিতে সমাপনী বক্তব্য দেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি ‘ডেটা বিনিময়ের সাধারণ প্ল্যাটফর্ম’ প্রতিষ্ঠার ওপর জোর দেন। বিজ্ঞপ্তি