প্রবাসী নারীদের মূল আকর্ষণ সিঁদুর খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় দুর্গাপূজা। কয়েক দিনব্যাপী এ পূজায় পালিত হয় নানা রকমের অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ‘সিঁদুর খেলা’। এই সিঁদুর খেলার দেখা মেলে দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীর দিনে। এ দিন দেবী দুর্গাকে বিদায় জানানোর পাশাপাশি থাকে নানা আয়োজন, যার অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। দশমীর দিন সকালে পূজার পর থেকে শুরু হয়ে দেবীকে বিদায় জানানোর শেষ মুহূর্ত পর্যন্ত চলে এ সিঁদুর খেলা, যার মূলে থাকেন নারীরাই। প্রবাসী নারীরাও এর ব্যতিক্রম নন।
দশমীর দিনে সর্বশেষ যে রীতিটি পালিত হয়, এর নাম ‘দেবী বরণ’। বিবাহিত নারীরা সিঁদুরসহ অন্যান্য উপাচার সহকারে দেবী বরণ করেন। দুর্গা মাকে বিদায় দেওয়ার আগে তাঁর সিঁথিতে সিঁদুর মাখানোর পর অবশিষ্ট সিঁদুর দিয়ে তাঁরা একে অন্যকে রাঙিয়ে দেন। এটি মূলত খেলেন বিবাহিত নারীরা। তাঁরা একে অন্যকে লাল রঙের সিঁদুরে রাঙিয়ে দেন। এই লাল রংকে ধরা হয় শক্তির প্রতিরূপ হিসেবে। বিবাহিত নারী ছাড়াও অবিবাহিত মেয়েরাও সিঁদুর খেলায় অংশ নেন। ভবিষ্যৎ বিবাহিত জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠার প্রত্যাশাতেই তাঁরা এতে অংশ নেন। এ দিনে প্রায় সব নারীই লাল রঙের শাড়ি পরেন।
এবারও দুর্গাপূজায় সিঁদুর খেলবেন প্রবাসী নারীরা। এ বিষয়ে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বাসিন্দা শুক্লা পাল, ‘স্বামীর দীর্ঘায়ু, সুস্থতা ও সৌভাগ্য কামনায় দুর্গা মায়ের চরণে দেওয়া সিঁদুর মাথায় পরি। সিঁদুর খেলার সময় এক ধরনের ভালো লাগা কাজ করে মনে।’
নিউজার্সির নর্থফিল্ডের বাসিন্দা নিবেদিতা ভট্টাচার্যও সিঁদুর খেলার জন্য অপেক্ষা করেন উৎসবের পুরোটা সময়। পেশায় কোরিওগ্রাফার এ নারী বলেন, সিঁদুর খেলার সময় এক ধরনের অনাবিল আনন্দে মেতে উঠি। বিসর্জনের আগে যে করুণ একটা আবহ তৈরি হয়, তা অনেকটাই প্রশমিত হয় এর মাধ্যমে।’
নর্থফিল্ডের আরেক বাসিন্দা সুনীল বিউটি দাশ জানান, সিঁদুর খেলার মাধ্যমে মায়ের আশীর্বাদ তিনি মাথায় পরেন। সারা বছরের প্রতীক্ষা শেষে মায়ের আগমনে তাঁর মন আনন্দে নেচে ওঠে। কিন্তু বিজয়া দশমীর সুর তাতে ছেদ টানে। সেই বেদনা লাঘবের উদ্দেশ্যেই তিনি সিঁদুর খেলায় মেতে ওঠেন।
হারবার সিটির বাসিন্দা সংস্কৃতিকর্মী শুক্লা দাশ বলেন, ‘সিঁদুরের লাল রং পবিত্রতার প্রতীক। সিঁদুর খেলার মাধ্যমে সেই পবিত্রতা নিজে ধারণের পাশাপাশি অন্যদের মধ্যেও তা বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা একান্তই নারীদের উৎসব। বয়স নির্বিশেষে সব নারীই তাই এ খেলায় মেতে ওঠে।’