নিউজার্সিতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করায় প্রবাসী বাংলাদেশিদের অনেকেই আতঙ্কে ভুগছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই জনসমাগম এড়িয়ে চলছেন, কমিয়ে দিয়েছেন সামাজিক অনুষ্ঠানগুলোতে আতিথ্য গ্রহণ।
করোনাভাইরাসের প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়েছে। অনেক প্রবাসী বাংলাদেশি আপৎকালীন খাদ্যসামগ্রী মজুত করছেন। তাই বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিসহ বিভিন্ন গ্রোসারিতে কর্মীদের দম ফেলার ফুরসত নেই। ক্রেতাদের আবদার ও চাহিদা মেটাতে গিয়ে গ্রোসারি মালিকেরা গলদঘর্ম হচ্ছেন।
আটলান্টিক সিটির প্রাণভোমরা ক্যাসিনোগুলোতে কর্মরত বাংলাদেশিদের অনেকেই আতঙ্কের মধ্যে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি ক্যাসিনোকর্মী জানান, ক্যাসিনোগুলোতে সব ধরনের লোকজনের অবাধে যাওয়া-আসার কারণে তাঁরা সংক্রমণের ভয়ে আছেন। যদিও ক্যাসিনো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছেন।
আটলান্টিক সিটির নগর কর্তৃপক্ষও করোনাভাইরাসজনিত সংক্রমণ মোকাবিলায় নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বেশ সক্রিয়। বাংলাদেশেও করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় স্বজনদের চিন্তায় প্রবাসীদের অনেকেই অস্থির হয়ে পড়েছেন। সুযোগ পেলেই মেসেঞ্জার, স্কাইপের মাধ্যমে যোগাযোগ করছেন, খবরাখবর নিচ্ছেন।
এদিকে ক্যাসিনোগুলোতে লোকসমাগম কমে যাওয়ায় ক্যাবচালকদের আয়ে টান পড়েছে। উবার চালকদের অবস্থাও ভালো নয়। জিটনি পরিবহন ব্যবসায়ী কুতুবউদদীন এমরান জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে তাদের পরিবহনে যাত্রী সংখ্যা অনেক কমে গেছে।
বিদ্যমান পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক বাংলাদেশি সংগঠন তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে। এরই মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি তাদের পূর্বনির্ধারিত কনস্যুলেট সেবা কার্যক্রম স্থগিত করেছে। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদদীন এমরানের নেতৃত্বাধীন অংশ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে তাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছে।
মসজিদ আল হেরার খতিব ড. রুহুল আমিন জানান, তিনি জুমার নামাজের একাধিক খুতবায় করোনাভাইরাসের ভয়াবহতা এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে মুসল্লিদের অবহিত করেছেন। এ প্রসঙ্গে তিনি ধর্মীয় অনুশাসনগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সর্বজন শ্রদ্ধেয় পুরোহিত বাবু সুভাষ চক্রবর্তী বলেন, করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতার হাত থেকে বিশ্বমানবতা যাতে দ্রুত মুক্তি পায়, সে জন্য তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা করেছেন। করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে তিনি এর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।