প্রবাসী বাংলাদেশিরা নিজের যোগ্যতায় দেশকে তুলে ধরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিতা কেটে ফোবানা সম্মেলনের উদ্বোধন করা হচ্ছে।
ফিতা কেটে ফোবানা সম্মেলনের উদ্বোধন করা হচ্ছে।

বাংলাদেশিরা বিভিন্ন দেশে নিজের যোগ্যতায় দেশকে অনেক ওপরে তুলে ধরেছেন। বাংলাদেশ যেমন এগোচ্ছে, তেমনি প্রবাসেও প্রবাসী বাংলাদেশিরা আগের অবস্থান থেকে বেরিয়ে এসেছেন।

যুক্তরাষ্ট্রে আটলান্টার জর্জিয়ার ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে শুক্রবার ফোবানার ৩২ তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত জিয়া উদ্দিন আহমদ। তিনি বলেন, এই সম্মেলন প্রমাণ করে আমেরিকান প্রবাসীরা তিন যুগ থেকে বাংলাদেশের সংস্কৃতিকে আমেরিকান কমিউনিটিতে তুলে ধরেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে কংগ্রেসম্যান রব উদ্দাল বলেন, ‘এখানে না এলে বড় কিছু মিস করতাম। আমাদের আটলান্টাকে যারা তৈরি করছেন—প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমার শ্রদ্ধা। তাঁরা আমার শহর, আমার স্টেট ও আমাদের আমেরিকাকে গড়ে তুলছেন বাংলাদেশিরা। বাংলাদেশি ব্যবসায়ীরা আটলান্টার বাণিজ্যের প্রতিনিধিত্বও করছেন।’

সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা থাকলেও ফোবানার মূল অনুষ্ঠান শুরু হয় সাড়ে আটটায়। বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি জিয়াউদ্দিন ও কংগ্রেসম্যান রব উদ্দাল ফিতা কেটে তিন দিনের এই সম্মেলনের সূচনা করেন। এরপর আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয় ও মূল ধারার রাজনীতিবিদেরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিরা
ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিরা

ফোবানার মূল কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়, অতিথি ও কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্যসচিব নাহিদুল খান সাহেল, হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, চিফ কোঅর্ডিনেটর দিলু মওলা, ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, সেন্ট্রাল কমিটির মেম্বার সেক্রেটারি শাহ হালিম, নতুন প্রজন্মের প্রতিনিধি মোসাদ্দেক সাকিব খান।

ফোবানার পক্ষ থেকে বিশেষ অতিথি কংগ্রেসম্যান রর উদ্দালকে ফোবানার ক্রেস্ট প্রদান করের জসিম উদ্দিন ও নাহিদুল খান সাহেল ও জিয়াউদ্দিন আহমদ।

ফোবানার ভেন্যু চমৎকার করে সাজানো হয়, ছোট শিশুদের নাচ-গান এর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কোরিওগ্রাফির মাধ্যমে বাংলাদেশের দেশাত্মবোধক গান ফোবানাকে এক টুকরো বাংলাদেশে পরিণত করে। রাত ১০টা থেকে আড়াইটা পর্যন্ত চলে নাচ-গান।

দেশাত্মবোধক গান পরিবেশনার সঙ্গে ছিল কোরিওগ্রাফি
দেশাত্মবোধক গান পরিবেশনার সঙ্গে ছিল কোরিওগ্রাফি

অনুষ্ঠানের বিভিন্ন স্টল ও খাবারের দোকানে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। আহ্বায়ক জসিম উদ্দিন আটলান্টা প্রবাসী বাংলাদেশিদের শ্রদ্ধা জানিয়ে বলেন, এত বড় বাংলাদেশি কমিউনিটিতে আজ আটলান্টার কোথাও কোনো পারিবারিক অনুষ্ঠান, কোনো জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে না। সব প্রবাসীরা আজ এই সম্মেলনে—এটা আমাদের বড় পাওয়া।

ফোবানার গ্র্যান্ড স্পনসর টুয়েন্টি সেভেন্থ লাকি বাকস, টাইটেল স্পনসর উৎসব ডট কম, ফেমাক্যাস, এম জে ফাউন্ডেশন, টার্কিশ এয়ার।

রাত একটায় মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তপন চৌধুরী। তিনি এক নাগাড়ে দেড় ঘণ্টা বাংলাদেশের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। ছিল স্থানীয় ও বিভিন্ন স্টেটের শিল্পীদের তিন ঘণ্টাব্যাপী সংগীত পরিবেশনা।

ফোবানার দ্বিতীয় দিন শনিবারের আয়োজন—কবি ও কবিতার আসর, লেকচার টক, দিনব্যাপী সেমিনার নতুন প্রজন্মদের জন্য, শিল্প প্রদর্শনী, এনগেজ ফোবানা, ছবি ঢাকা অ্যাটাক, স্বপ্নজাল, বাংলাদেশ কনসুলেট সার্ভিস, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী, বিজ্ঞান মেলা, মিট দ্য স্টার।