প্রবাসীদের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে হবে কারিগরি কলেজ

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি আধুনিক কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা হবে।
ফেঞ্চুগঞ্জে এই কারিগরি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিউইয়র্কে প্রবাসীদের নিয়ে সভা করেছে ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্ট। ২৮ জুলাই রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের বাংলা টিভি চ্যানেল এস-এর চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার ট্রাস্টি আহমেদুস সামাদ চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী নজরুল ইসলাম খছরু, কাজী এ এইচ নোমান, আফতার আহমদ, কবির আহমদ খলকু, এনাম ইসলাম, মনসুর আহমদ খান, সোহেল চৌধুরী ও আলা উদ্দীন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ এবাদুর রহমান চৌধুরী। আমেরিকার ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন আহবাব চৌধুরী খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা আহ্বায়ক জুনেদ আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সহ-আহ্বায়ক মাহবুব আলম, মুক্তিযোদ্ধা আবদুল বাসিত চৌধুরী মাসুক, শহিদুল ইসলাম চৌধুরী নোমান, আতাউর রহমান সেলিম, নাদির আহমদ খান, খায়রুল ইসলাম খান, দেলওয়ার হোসেন হেলাল, মামুনুর রশিদ চৌধুরী, ইব্রাহিম জাবেদ চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, আবদুল মুকিত, আবদুল কাদির চৌধুরী, লুৎফুর হোসেন আজাদ, আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ।
পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আবদুল হাসিম হাসনু, কাওছারুজ্জামান কয়েছ, লোকমান হোসেন লুকু, জাহেদ আহমদ চৌধুরী, রোকন আহমদ চৌধুরী, হোসেন আহমদ, লকন চৌধুরী, শাহাজাহান শাহ, মোহাম্মদ রানা, আবদুল হান্নান, শাহিদ আলী, কবির আহমদ খান, সাবের চৌধুরী, নুরুজ্জামান লিপন, ইরা মিয়া ও সেলিম আহমদ।
অনুষ্ঠানে আহমেদুস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এই ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসেবে ফেঞ্চুগঞ্জে ইংরেজি শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। উন্নত পেশাদার, উদ্ভাবনী শিক্ষা সহযোগিতার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলছে। বর্তমানে ট্রাস্টের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে নতুন ধারার একটি কারিগরি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রবাসীদের এগিয়ে আসতে হবে।
সভায় অন্য বক্তারা বলেন, ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের দায়িত্ব সচেতন করে তুলেছে। এলাকার প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তাঁরা ট্রাস্টের প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সভায় নির্ধারিত অনুদানের মাধ্যমে অনেকেই ট্রাস্টি ও ফাউন্ডার ট্রাস্টি হন। এর মধ্যে ৮০ জন উৎসাহী শিক্ষানুরাগী আনুষ্ঠানিকভাবে ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও ফাউন্ডার ট্রাস্টি হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফাউন্ডার ট্রাস্টির জন্য ১২০০ ডলার এবং জেনারেল ট্রাস্টির জন্য ৬০০ ডলার অনুদান প্রদানের নিয়ম রাখা হয়েছে। এর মধ্যে ১০ জন ট্রাস্টি ইতিমধ্যে অনুদান পরিশোধ করেছেন। বাকিরাও অনুদান পরিশোধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
প্রবাসীদের অর্থায়নে ফেঞ্চুগঞ্জে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনে ইংল্যান্ড থেকে ২০০ জন ট্রাস্টি হয়েছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশি অর্থে প্রায় দুই কোটি টাকা সংগ্রহের প্রতিশ্রুতি মিলেছে।