এডুকেশন গাইডের মতবিনিময় সভায় আবু তাহের
প্রবাসীদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন

টাইম টেলিভিশনের সিইও আবু তাহের বলেছেন, প্রবাসীদের কারণে যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে। কোনো কালেই কোনো সরকারের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। এ জন্য প্রবাসীদের সরকারের পাশাপাশি সব উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। শিক্ষার উন্নয়ন অগ্রযাত্রায় এডুকেশন গাইড যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে তা প্রশংসার দাবিদার। এতে তিনি প্রবাসী কমিউনিটিকে সহযোগিতা করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।
গত ২৯ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এডুকেশন গাইড অর্গানাইজেশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের এসব কথা বলেন।
কমিউনিটি ব্যক্তিত্ব ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানুর সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী তফজ্জুল খান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এডুকেশন গাইড ইউএসএ-এর সভাপতি মিসবাহ উদ্দিন, সমাজসেবী আহসান সেলিম আহমদ, আবদুস সোবহান আহমদ, বৈরাগীবাজার ওমেন অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মারুফ আহমদ কাওসার। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন এডুকেশন গাইডের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও চেয়ারম্যান যোবায়ের আহমদ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অলিদ আহমদ, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, জুয়েল আহমদ, সোহেল আহমদ, ডা. কামরুল হাসান মুন্না, শহিদ আহমদ, জাহেদ হোসেন, হেলাল আহমদ, আফজল আহমদ, ওয়াসিম আহমদ, ইমদাদুল ইসলাম, ইয়াকুব আলী প্রমুখ।
যোবায়ের আহমদ বলেন, ‘আমাদের দেশে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করার আগেই ঝরে পড়ছে। এতে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। বিদেশমুখী হয়ে পড়ছে। আর ভাষা জ্ঞানসহ প্রয়োজনীয় দক্ষতা না থাকায় বিদেশে এসেও বিপত্তিতে পড়ছে। অনিশ্চিত পথের যাত্রা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। সরকার এসব ব্যাপারে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে, এর পাশাপাশি বেসরকারি উদ্যোগও প্রয়োজন। সে লক্ষ্যে কাজ শুরু করেছে এডুকেশন গাইড। এ ছাড়া শ্রমজীবী শিশুদের স্কুলমুখী করতে কাজ করছি। প্রয়োজনে তাদের বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে। এ রকম কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা হাতে নিয়েছে এডুকেশন গাইড অর্গানাইজেশন।’
যোবায়ের আরও বলেন, ‘অনেক ট্রাস্ট, অনেক সংস্থা কাজ করছে নানা ক্ষেত্রে। লক্ষ্য করেছি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভিত করতে কোনো বেসরকারি উদ্যোগ নেই। সিলেটে কোনো সংস্থাও কাজ করছে না। তাই স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন জাগাতে আমরা একটি কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছি। ইতিমধ্যে এডুকেশন গাইডের কর্মসূচিতে অংশ নিয়ে এর কার্যক্রমকে সময়োপযোগী বাস্তবমুখী পদক্ষেপ বলে অভিহিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, সিলেট সিটি মেয়রসহ শিক্ষাবিদেরা। আমরা দেশে বিদেশে, সরকারি-বেসরকারি সব মহলের সহযোগিতা চাই।
এডুকেশন গাইড ইউএসএ-এর সভাপতি মিসবাহ উদ্দিন উপস্থিত সাংবাদিক ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান।