প্রবাসীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননা গ্রহণ করছেন প্রযুক্তিগত উদ্যোক্তা সাইফুল ইসলাম সিদ্দিক
সম্মাননা গ্রহণ করছেন প্রযুক্তিগত উদ্যোক্তা সাইফুল ইসলাম সিদ্দিক

এফবিসিসিআই প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, বিনিয়োগের অপূর্ব সুযোগ বিরাজ করছে বাংলাদেশে। ভিনদেশিদের ন্যায় প্রবাসীরাও যদি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করেন তাহলে মধ্যম আয়ের বাংলাদেশ রচনার পথ সুগম হবে এবং মানুষের জীবনমান আরও উন্নত হবে।
বাংলাদেশের বণিক সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকলে আগামী বছর বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে এক নম্বর স্থান দখলে সক্ষম হবে। তবে এ জন্য প্রবাসীদেরও সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।’
২০ সেপ্টেম্বর রাতে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের নবম বার্ষিক ব্যবসা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন।
সাংসদ সেলিম উদ্দিন বলেন, ‘দেশ ও প্রবাসের সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকলে বাংলাদেশের উন্নয়ন কেউই ঠেকাতে পারবে না।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেন বলেন, আমেরিকায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ বহু জিনিস আমদানি করছেন। এভাবেই তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রেখে চলেছেন। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এ ধারাকে ত্বরান্বিত করতে প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।
নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদ হোসেন সেলিম। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হোস্ট কমিটির চেয়ারম্যান মো. আকতার হোসেন, তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক আবদুল কাদের মিয়া, প্রধান সমন্বয়কারী মো. শাহনেওয়াজ, সদস্যসচিব বিলাল চৌধুরী, ফাহাদ সোলায়মান, মাসুদুল হাসান প্রমুখ।
জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে আমেরিকা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আসা ব্যবসায়ীদের প্রায় সবাই এই সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলেন। সম্মেলনে ব্যবসা-বাণিজ্যে অবদানের জন্য বেশ কয়েকজন উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।