প্রবাসীদের বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর উত্তর আমেরিকা শাখার সংবাদ সম্মেলনে আয়োজকেরা
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর উত্তর আমেরিকা শাখার সংবাদ সম্মেলনে আয়োজকেরা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে মিলনায়তনে ২০ জানুয়ারি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর উত্তর আমেরিকা শাখা। ‘মিট দা প্রেস’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান কিবরিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান হয়, বর্তমান সময়ে আন্তর্জাতিক আধিপত্যের লড়াইয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘন ও শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ জানানোর পাশাপাশি এর প্রতিকারে সবার প্রতি মানবিক আচরণের আহ্বান জানায়।
‘মানুষের জন্য হোক মানবিক পৃথিবী’ এই স্লোগান নিয়ে সংগঠনটি বাংলাদেশসহ বিশ্ব মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মিয়ানমারের সামরিক জান্তা যেভাবে জাতিগত নিধনের পরিকল্পনায় রোহিঙ্গা জনগোষ্ঠী নিধন করছে আমরা তার ধিক্কার জানাই। বাংলাদেশের জনগণ ও সরকারের মানবিক আচরণকে তারা অভিনন্দন জানান। বৃহৎ শরণার্থী গোষ্ঠী বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় একটি বড় রকমের চ্যালেঞ্জ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এই সমস্যার সমাধানে বিশ্ব জনমত গঠনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সব কার্যক্রমে সংগঠনটি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, সহসভাপতি অ্যাডভোকেট জাকির এইচ মিয়া, উপদেষ্টা অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা সংক্ষিপ্ত পরিচিতি ও সংগঠনের কার্যপদ্ধতি সম্পর্কে বক্ত্যব রাখেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে উত্তর আমেরিকা শাখা প্রবাসী সব বাংলাদেশি নাগরিকের অধিকার সংরক্ষণ ও আইনগত সহায়তার আশ্বাস দেওয়া হয়। প্রবাসীদের বাংলাদেশে ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
আগ্রহীদের প্রতি মাসের দ্বিতীয় শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ৭২৩২ ব্রডওয়ে, সুট ৪০৩, জ্যাকসন হাইটস এবং চতুর্থ শনিবার ১৪৩-০৮ হিলসাইড অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ঠিকানায় প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের পর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল সমাপনী বক্তব্য দেন। বাংলাদেশে সংগঠনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল হাই কাইয়ুম, মাহবুবুর রহমান চৌধুরী, মমতাজ মুন্নি, রোকেয়া আলী, আবদুল মমিন প্রধান, আখতার রহমান মামুন, মিজানুর রহমান মিজান, মোহাম্মাদ জয়নাল আবেদিন, সাইফুল আলম, ফারুক মাহমুদ চৌধুরি প্রমুখ।
মিট দ্য প্রেস অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাসেম রাজু। নৈশভোজের মাধ্যমে সভা শেষ হয়।