প্রবাসীদের ভালোর সঙ্গে প্রথম আলো

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখ আর সাফল্যের অংশীদার হতে চায় প্রথম আলো। দেশের মতো প্রবাসেও যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো আছে। শিকাগো নগরীতে বাংলাদেশিদের বৈশাখী মিলনমেলায় প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
গত শনিবার সপ্তাহ শেষের দিনটিতে দেশি পোশাকে সেজে দেশ ছাড়া প্রবাসীরা যোগ দেন বাংলা নতুন বছরকে বরণ করতে। নগরীর প্রিস্কো কমিউনিটি সেন্টারে আয়োজিত বৈশাখী মেলায় অন্যান্যের সঙ্গে বসেছিল প্রথম আলো উত্তর আমেরিকার স্টল। আড্ডায়, গানে, দেশজ খাবারে যোগ দেন প্রবাসীরা।
বৈশাখী মেলায় যোগ দিতে আসা প্রবাসীরা বলেছেন, এই একটি দিনে প্রবাসে থেকেও বাংলা আর বাংলাদেশের সংস্কৃতিকে বড় বেশি অনুভব করেন তাঁরা। প্রবাসে জন্ম এবং বড় হওয়া প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই বলে প্রবাসীরা মন্তব্য করেন। বৈশাখী মেলা ও বর্ষবরণের অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার স্টল ছিল সবার আকর্ষণের কেন্দ্রে। দূর দেশে থেকেও প্রথম আলো পত্রিকার উত্তর আমেরিকা সংস্করণ দেখে বৈশাখী মেলায় আগত প্রবাসীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখান। প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি এবং জীবনধারা প্রবাসেও বিস্তৃতি লাভ করুক, এমন প্রত্যাশা করেন শিকাগো প্রবাসীরা। প্রবাসীরা জানান, প্রতিদিন দেশের খবর নিতে, এমনকি বিশ্বের খবর নিতে তাঁরা প্রথম আলো একবার অনলাইনে দেখে নেন। নানা বৈরী বাস্তবতা মোকাবিলা করে উত্তর আমেরিকায় প্রথম আলোর ছাপা সংস্করণ নিয়ে আসার বিষয়কে এক দুঃসাহসী অভিযাত্রা বলে তাঁরা উল্লেখ করেন। প্রথম আলো উত্তর আমেরিকার ছাপা সংস্করণ ঘরে বসে ডাকযোগে পাওয়া এবং এর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে তারা খোঁজ খবর নেন। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কমিউনিটি সংগঠনগুলো তাদের বিজ্ঞাপন নিয়েও প্রথম আলো স্টলে এসে কথা বলেন।
বৈশাখী মেলায় শিকাগো নগরী এবং আশপাশে বসবাসরত প্রবাসীদের সপরিবারে উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে মেলায় আগত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন নর্দান লাইটস মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট ইকবাল আনোয়ার। তিনি শিকাগো নগরীতে বসবাসরত কমিউনিটি নেতা এবং সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রবাসীদের উৎসাহ-উদ্দীপনা, জীবনসংগ্রাম এবং সাফল্যের প্রতিটি ধাপে প্রথম আলো উত্তর আমেরিকা সঙ্গে থাকবে বলে ইকবাল আনোয়ারা মেলায় আগত ব্যক্তিদের জানান। মেলায় বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আলী আহমেদ, আবদুল মান্নান, রন মতিন, রাহাত বারি, মাহমুদ খায়ের, মীর জাকারিয়া, আবু ইকবাল কবির, রেজওয়ান ইসলাম, তারিক ইসলাম, আকিল সায়েফ, সাইদ সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। রিথম ফটোগ্রাফির হাসান ও তানিয়া মেলায় আসা প্রবাসীদের ছবি ধারণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং দেশজ সাজে মেলায় উপস্থিত হওয়া অতিথিদের ছবি ধারণ করেন বিশিষ্ট ফটোগ্রাফার সাঈদ সারওয়ার। বাংলা জনপ্রিয় গানের সঙ্গে শান্তনু এবং লুতফার যৌথ নৃত্য প্রবাসীরা উপভোগ করেছেন। মৌটুসির একক নৃত্যের প্রশংসা করেন দর্শকেরা। মেলার ফটোগ্রাফি থেকে আয়ের অর্থ অনগ্রসর শিশুদের জন্য কল্যাণ তহবিলে দান করার ঘোষণা দেওয়া হয়।
শিকাগো নগরীতে আয়োজিত এই বৈশাখী মেলার অন্যতম সংগঠক ছিলেন মনসুর আলম ও অপূর্ব ইসলাম। নাচ, গান এবং কবিতায় জমজমাট সাংস্কৃতিক পর্বটি পরিচালনায় ছিলেন ফৌজিয়া জামান ও অপূর্ব ইসলাম। মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই শিশু-কিশোর এবং বড়দের অংশগ্রহণে পৃথক সাংস্কৃতিক পর্ব। শিশু-কিশোরদের আটটি পৃথক পরিবেশনায় ছিল একক এবং যৌথ গান এবং নৃত্য। ১৩ জন শিল্পীর সমাহারে গীতি-আলেখ্যের পর ছিল নৃত্য। বর্ষবরণ অনুষ্ঠানে বখতিয়ার, ঊর্মি, বিপুল, মুনির, সাগর, প্রিয়ম এবং মুনার যৌথ সংগীত প্রবাসীদের মুগ্ধ করেছে।
বাঙালির নিজস্ব খাবার ছাড়া দেশের মতো প্রবাসেও মেলায় পূর্ণতা আসে না। শিকাগোর বর্ষবরণ অনুষ্ঠানের খাবার স্টলে রাহাতের হালিম, প্রিয়ম এবং লোপার ইলিশ পোলাও, সেবার কাচ্চি বিরিয়ানি এবং নারমীন এবং রুমার চটপটি ছিল প্রবাসীদের অন্যতম আকর্ষণ।