প্রবাসীদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

আমেরিকা সফররত বাংলাদেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এ উন্নয়নের ধারায় প্রবাসীরাও গর্বিত অংশীদার হতে পারেন।’ নিউইয়র্ক নগরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। ৪ ফেব্রুয়ারি আয়োজিত মধ্যাহ্নভোজ ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সম্মানে ৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুরে ব্রঙ্কসের ওয়েসিস রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভার আয়োজন করে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। প্রকৌশলী ফরাসত আলীর সভাপতিত্বে ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট।
মতবিনিময় সভায় ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বীরেন শিকদার বলেন, ‘ক্রীড়া ক্ষেত্রে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই মুখ্য ভূমিকা রেখেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ১১০টি স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের ক্রীড়াঙ্গনের মান বৃদ্ধিসহ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে সরকার ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।’
তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ে স্বজনপ্রীতির কোনো স্থান নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই যাবতীয় কাজ সম্পাদন করা হয়। এ ক্ষেত্রে মন্ত্রী-এমপি থেকে শুরু করে কারও তদবিরই গ্রাহ্য করা হয় না। সার্বিকভাবে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে সরকার। এখনো অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। ক্রীড়াসহ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’
অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে প্রবাসীদের পক্ষ থেকে কিছু দাবিও তুলে ধরেন। তারা দেশে প্রবাসীদের সম্পত্তি রক্ষা ও নিরাপদে দেশ ভ্রমণের বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এ সময় এক প্রবাসী মৌলভীবাজারের একটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করা হলে আগামী তিন মাসের মধ্যেই তিনি নিজে গিয়ে নির্মাণকাজের উদ্বোধন করে আসবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক সাঈদ উর রব, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদ হাসান, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাপ্তাহিক জনতার কণ্ঠ’র সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ডা. শাহানারা আলী, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি অ্যাকটিভিস্ট সাখাওয়াত আলী, শাহাদত হোসেন, মঞ্জুর চৌধুরী জগলুল, জাহানারা লক্ষ্মী প্রমুখ।