প্রবাসীদের সোয়েকের আনন্দমেলা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়েক আয়োজিত আনন্দমেলার মঞ্চে সংগঠনের সদস্য ও অতিথিরা
সোয়েক আয়োজিত আনন্দমেলার মঞ্চে সংগঠনের সদস্য ও অতিথিরা

নিউইয়র্কের ব্রঙ্কসে নারীদের সংগঠন সোয়েক আয়োজিত ঈদ মেলা হয়ে গেল ৮ জুলাই। নাচ, গান আর আবৃত্তিতে আনন্দমেলা হয়ে উঠে আরও বেশি জমজমাট।

প্রিন্স হাবিব, নাসরিন চৌধুরী, তাহমিনা শাহিদ, বাবলি হক, শম্পা জামান, বিশাল, আরিফ খান ও জোশের মন মাতানো গানে গানে প্রবাসীরা মেতেছিলেন ঈদ-পরবর্তী এই আনন্দ মেলায়। নৃত্য পরিবেশন করেন নিউজার্সি থেকে আসা নিশা ভার্মা। কবিতা আবৃত্তি করেন শিউলি শেলু। বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার নানা আয়োজন ছিল মেলায়। বুটিকস, অ্যানটিক ডিজাইনের অলংকার, সিল্ক শাড়ির পসরা সাজানো হয় মেলায়। সবার মুখে ছিল আনন্দের ছটা। গ্রীষ্মের খাবার আম ভর্তা, ঝাল মুড়ি, চটপটি আর ফুচকার দোকানে বেশ ভিড় দেখা যায়, মিলনায়তন আর ক্যাফেটেরিয়া যেন হয়ে উঠে ছোট্ট এক বাংলাদেশ। বেলা ১১টা থেকে শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত চলে মেলা।

দিনব্যাপী প্রজেক্টরে সোয়েকের কর্মসূচি প্রদর্শন করা হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন মিসেস মেলডা। বিশেষ অতিথি ছিলেন এবাদুর রহমান খালেদ। সোয়েকের সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মজ, ভাইস প্রেসিডেন্ট মুসতাক, প্রচারণা সম্পাদক শফিউল্লাহ প্রমুখ মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবারের মেলা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের একটি সরকারি বিদ্যালয়ে। নিউইয়র্কের মতো ব্যয়বহুল নগরীর স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র না থাকায় গরমে আগতদের বেশ ভোগান্তি সহ্য করতে হয়। বেলা ১১টা থেকেই প্রবাসী বাংলাদেশিদের ছিল সরব উপস্থিতি।

নিউইয়র্কের একটি সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে মনিকা হক সরকারি বিদ্যালয়গুলোতে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনে নিউইয়র্ক নগরের মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।  মেলায় সার্বক্ষণিক নিরাপত্তায় উপস্থিত ছিলেন দুজন এনওয়াইপিডি কর্মকর্তা। মেলার স্পনসরে ছিল জিআইয়ের পরিচালক চৌধুরী এস হাসান, টেককেয়ার ফার্মেসি (মিনা), আইআরএস এনরোল্ড অফিসার ওয়াসি চৌধুরী, রুমানা সবুর, স্টারলিং ফার্মেসি, পার্কচেস্টার ফার্মেসি ও আবদুল কুদ্দুস। অনুষ্ঠানটি গ্র্যান্ড স্পনসরে ছিল মনিকা’স বিজনেস। মেলায় আসা প্রবাসীরা বলেছেন, এবারের ঈদ আনন্দমেলা সফল হয়েছে। সবার মুখে মুখে ছিল, তাঁরা অনেক আনন্দ করেছেন।