প্রবাসীরা দেশে ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌবিহারে আয়োজিত সেমিনারের মঞ্চে িনউইয়র্কে কর্মরত ও বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকেরা
নৌবিহারে আয়োজিত সেমিনারের মঞ্চে িনউইয়র্কে কর্মরত ও বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকেরা

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়বদ্ধতা না থাকায় জনস্বার্থের গুরুত্বপূর্ণ অনেক দাবি উপেক্ষিত হচ্ছে। প্রবাসীরা তাঁদের ন্যায্য মর্যাদা থেকে অনেকাংশেই বঞ্চিত হচ্ছেন।
গত ৩০ সেপ্টেম্বর আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত চতুর্থ নৌ-ভ্রমণে ‘প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিক এবং নিউইয়র্ক কমিউনিটির নেতারা এ কথা বলেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও বাংলাদেশে নাগরিক অধিকার পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। এসব দাবি আদায়ে প্রবাসীদের চাপ সৃষ্টি করতে হবে। এর জন্য প্রবাসীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকাও জরুরি। বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশে আলাদা কোনো মর্যাদা পান না, বিমানবন্দরে হয়রানির শিকার হন। দেশে থাকাকালে তাঁদের নিরাপত্তার বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি কোনো উদ্যোগ দেখা যায় না। অথচ প্রবাসীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এখানে সেমিনারে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর এবং সভা পরিচালনা করেন সাপ্তাহিক প্রবাস সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ, সাপ্তাহিকপরিচয় সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভির সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক শওকত ওসমান। এ ছাড়া আলোচ্য বিষয়ের ওপর বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সাধারণ সম্পাদক তারেক হাসান খান, চিটাগাং অ্যাসোসিয়েশন ইউএসএর সভাপতি আবদুল হাই জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ, বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের (এবিবিএ) সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সেলিম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক শামসুল আলম ও কমিউনিটি অ্যাকটিভিস্ট এ এফ মিজবাহউজ্জামান।
এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত নিউইয়র্কের ইস্ট ও হাডসন নদীতে ভ্রাম্যমাণ জাহাজে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কনক চাঁপা, শাহ মাহবুব ও রনো নেওয়াজ। দেশ ও প্রবাসের প্রায় ৩০০ চিত্ত বিলাসী, সাংবাদিক-সুধী-কমিউনিটি নেতা অংশ নেন। রিভারক্রুজ চলাকালে তাঁরা ম্যানহাটন, স্ট্যাচু অব লিবার্টিসহ নয়নাভিরাম বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন।
৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় ফ্লাশিংয়ের ফ্রেসমোডোর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা নৌঘাট থেকে বিলাসবহুল জাহাজ প্রিন্সে ম্যানহাটনের উদ্দেশে স্কাই লাইনস ছেড়ে যায়। জাহাজটি ইস্ট রিভার ও হাডসন নদীর মোহনা এবং স্ট্যাচু অব লিবার্টিসহ ম্যানহাটনের আশপাশ প্রদক্ষিণ করে নৌঘাটে ফিরে আসে বিকেল সাড়ে ৪টায়। জাহাজের আরোহীরা দর্শনীয় স্থান ও স্থাপনা উপভোগ করেন এবং ছবি তোলেন।
সেমিনারে সাংবাদিক নেতা শাবান মাহমুদ বলেন, ‘প্রবাসীরা দেশে গেলে বিমানবন্দরে হয়রানির শিকার হন—এই অভিযোগ অনেক দিনের। বিমান মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার নজির অনেক আছে। প্রধানমন্ত্রীর জীবনও বিপন্ন হতে পারত—এমন ঘটনাও ঘটেছে। তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পদ্ধতি চালু করতে হবে। যেসব সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাঁদের জবাবদিহির মধ্যে আনতে হবে। তিনি বিভিন্ন দেশে দূতাবাস-কনস্যুলেট ও মিশন কর্মকর্তাদের আচরণ উন্নাসিক উল্লেখ করে বলেন, প্রবাসীদের সঙ্গে শ্রদ্ধা ও বিনয়ের পরিচয় দিন। কূটনীতিকদের, সাধারণ প্রবাসীদের জন্য সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়াতে হবে। তিনি প্রবাসে সাংগঠনিক বিভেদ দূর করে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

নৌবিহারে চলছে দুপুরের খাওয়াদাওয়া
নৌবিহারে চলছে দুপুরের খাওয়াদাওয়া

নাজমুল আহসান বলেন, ‘দেশে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কথা বলার আছে, তেমনি আমাদের আচার-আচরণও নিয়ে সচেষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা কোন সোসাইটি থেকে দেশে যাচ্ছি। আমাদের আচরণও যেন সুশীল সমাজের প্রতিনিধির মতো থাকে, তা লক্ষ রাখতে হবে।
ডা. ওয়াজেদ এ খান বলেন, দেশের বাইরে এক কোটির বেশি বাংলাদেশি বাস করছেন। তাঁদের উপার্জিত আয় দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। অথচ প্রবাসীদের স্বার্থবিরোধী নাগরিক আইন নিয়ে সমালোচনা হচ্ছে। এমন কোনো আইন যেন পাস না হয়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
আবু তাহের বলেন, ঢাকার বিমানবন্দরে নামলে যে ধরনের পরিস্থিতির শিকার হতে হয়, এতে মনে হয় না এটি একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর। সম্প্রতি দেশে গিয়ে বিমানবন্দরে তাঁর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তার বর্ণনা দিয়ে তিনি বলেন, বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রবাসীদের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করেন। কখনো কখনো অসৌজন্যমূলক আচরণও করেন। এ ছাড়া রয়েছে প্রবাসীদের সম্পদ রক্ষার নানা অসুবিধার কথা। তিনি আরও বলেন, প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারকে আরও উদ্যোগী ও যত্নবান হতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তা বলেন, এখানে তাঁরা অনেক মন্ত্রী-নেতাকে সংবর্ধনা দিচ্ছেন। কিন্তু দেশে গেলে তাঁরা এর কোনো মূল্য পাচ্ছেন না। তাঁদের অভিযোগ অরণ্যে রোদন হয়ে দাঁড়ায়। অধিকাংশ প্রবাসী নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন।
নৌবিহারে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, ঢাকা থেকে আসা বাংলাদেশ জার্নাল-এর বিশেষ প্রতিনিধি শামীম সিদ্দিকী, বাংলাদেশ প্রতিদিন-এর বিজনেস এডিটর রুহুল আমীন রাসেল, এসএ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যসচিব শিবলী চৌধুরী কায়েস ও সাবেক সাধারণ সম্পাদক এ বি এম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক আজকাল পত্রিকার সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকি, সাংবাদিক ইমরান আনসারী, আবিদুর রহিম, টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ এম আমীন, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী ও কামরুল ইসলাম, রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, টিবিএন-২৪-এর পরিচালক পারভেজ বড় ভূঁইয়া, ফটোসাংবাদিক আনিসুর রহমান, রাজনীতিবিদ রেজাউল করিম মুরাদ, লেখক শরিফ মাহাবুবুল আলম, ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মাসুদ রানা, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও জাদুঘর খান শওকত, অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলসের মালিক নজরুল ইসলাম, জেবিবিএর নেতা ও কমিউনিটি অ্যাকটিভিস্ট ফাহাদ সোলেয়মান, আবদুল কাদির শাহীন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি শাহাদাত হোসেন, শো-টাইম মিউজিকের মালিক আলমগীর খান আলম, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মির্জা ফরিদ উদ্দিন ও যুগ্ম সম্পাদক ফয়সল হক দোলন, সাবেক সভাপতি মোহাম্মদ মজিবর, ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা সানি, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মনির হোসেন, খোরশেদ আলম মুন্না, ব্যবসায়ী মঞ্জুরুল করিম, প্রকৌশলী নির্মল পাল, গ্রাফিকস ওয়ার্ল্ডের কর্ণধার মনির হোসেন, ব্যবসায়ী রফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।