প্রবাসে আমরাও চিন্তিত
আমরা যারা নিউইয়র্কে থাকি তাদের জন্য এ সময়টাই সবচেয়ে আরামদায়ক। এই সময়ে প্রবাসীদের বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। আমাদের সবার দেখা হওয়ার একটা উপলক্ষ মেলে। আমরা খুশি হই। এত ব্যস্ততার মধ্যে এটুকু স্বস্তি। বাড়ির খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো যারা বিভিন্ন সংগঠনের ব্যানারে এ ধরনের আয়োজন করেন তাঁদের জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয়। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু এই সংগঠকেরা আমাদের মতো গা বাঁচিয়ে চলা লোকজনের জন্য এত আয়োজন করেন, যা আমাকে সব সময় মুগ্ধ করে।
গত এক বছরের বেশি সময় ধরে প্রবাসীরা নানাভাবে চিন্তিত। ধরপাকড়ের খড়্গ কখন কার ওপর নেমে আসে এ চিন্তা আমাদের অনেকের মধ্যে। ফলে এ ধরনের অনুষ্ঠান থেকে এবার অনেক পরিবারকে দুরে থাকতে দেখেছি। যাদের কাগজ হওয়ার পথে তাদের জন্য ভয়টা বেশি। আমার পরিচিত একজন প্রবাসী বিয়ে, সন্তান সবই এ দেশে আসার পর হয়েছে। কিন্তু তিনি এখনো কাগজ পাননি। হয়তো শিগগির পাবেন। এই পরিবারের মধ্যে আতঙ্ক কোন পর্যায়ে তা কেউ ভাবতেও পারবে না। কমিউনিটির নেতাদের কাছে আবেদন, এদের চিন্তামুক্ত রাখতে কী করা যায় একবার ভাবুন। দরকার হলে কমিউনিটি থেকে আইনি সহায়তার ব্যবস্থা করুন।
এসবের মধ্যে দেশের কথা ভেবে মনটা খারাপ হয়ে আছে। ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে রাস্তায় আন্দোলন করছে। তারা পথের নিরাপত্তা চায়। একটি রাষ্ট্র বা সরকারের যা প্রধান কাজ সেটার জন্য আন্দোলন করতে হচ্ছে, তাও শিশুদের—এটা মানতে মন চায় না। এসব মনে হয়, দেশে না থেকে হয়তো ভালোই করেছি। সময়ের সঙ্গে সঙ্গে দেশে সবকিছুর যেন অবনতি হচ্ছে। আমরা কেউ কিছুই করতে পারছি না। আসুন, আমরা এখান থেকে বাংলাদেশ সরকারকে বলি, আমাদের স্বজনদের ভালো থাকতে দিন।
আলী হোসেন, অ্যাস্টোরিয়া, নিউইয়র্ক।