প্রবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রবাসে ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তাঁর বজ্রকণ্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। জাতিসংঘের সংস্থা ইউনেসকো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

দিবসটি উপলক্ষে প্রবাসে বিভিন্ন দূতাবাস, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপিত হয়েছে। কনস্যুলেট আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সব শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাসহ অন্য সদস্যরা। ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।

কনসাল জেনারেল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই বাঙালি জাতির মুক্তির সনদ। তিনি এই ভাষণের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইন্টারন্যাশনাল এমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্ট্রারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কনসাল জেনারেল দেশের কল্যাণে একযোগে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সদস্যদের প্রতি আহ্বান করেন।

জাতিসংঘে বাংলাদেশি স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ওপর একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবার ফাতিমা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ জাতীয় চার নেতা এবং সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।