প্রবাসে কেন ভিন্ন তারা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে মানুষটার নামে হাজারো অভিযোগ, আলসে, কর্মহীন, সারা দিন কাজ ছাড়াই ঘুরে বেড়াই, পরিবারের প্রতি নজর নেই, বাউন্ডুলে—সেই মানুষটি যখন পরবাসী হয়, সে হয়ে যায় শত শত সহকর্মীর মধ্যে সবচেয়ে কর্মঠ, সময়জ্ঞানী, নিয়মতান্ত্রিক, পরিশ্রমী! চাটুকার নয় বরং কাজের প্রতি নিষ্ঠা দিয়ে হয় বস্দের প্রিয়ভাজন৷ দেশে যার যোগ্যতা, দক্ষতা নিয়ে হাজারো প্রশ্ন, ডজন ডজন ইন্টারভিউয়ে প্রত্যাখ্যাত, প্রবাসে এসে সেই কিনা সবচেয়ে যোগ্য, দক্ষ কর্মীতে পরিণত হয়৷ যেসব কাজকে আমাদের দেশের তথাকথিত উঁচু শ্রেণির ভদ্রলোকেরা ওড জব বা নিম্নস্তরের কাজ হিসেবে অভিহিত করেন, প্রবাসে এসে সেই সব ওড জব করেও বাড়ি–গাড়ির মালিক বনে যায়। এমন কি, তাদের অনেকের বাড়িতেই ভাড়া থাকে মোটা বেতনদারী প্রবাসের বুকে জন্ম নেওয়া আর বেড়ে ওঠা মানুষেরা!

বাংলাদেশে গাড়িচালকদের বিরুদ্ধে কত শত অভিযোগ—অসৎ, আইন মানে না, কোন কিছু তোয়াক্কা করে না, নিজের খেয়াল খুশিমতো গাড়ি চালায়। অথচ এই মানুষেরাই যখন প্রবাসে এসে গাড়িচালকের কাজ করে তখন তারা সততার জন্য সংবাদপত্রের শিরোনাম হয়। সব দেশের গাড়িচালকদের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল আর আইনের প্রতি শ্রদ্ধাশীল ড্রাইভিংয়ের পরিসংখ্যানে প্রশংসিত হয়, পুরস্কৃত হয় বাংলাদেশিরা৷

দেশে থাকতে যে লোকটির বিরুদ্ধে কতশত মামলা, গুন্ডামি–মাস্তানির রেকর্ড, সে কিনা বছরের পর বছর প্রবাসে থাকার পরও তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ, নেই কোনো গুন্ডামি–মাস্তানির মামলা৷ কেন এমন হয়?

এর কারণ হল, যাদের ওপর আমরা আমাদের রাষ্ট্রীয় দায়–দায়িত্ব তুলে দিই, ক্ষমতা তুলে দিই, তারা শুধু দেশের স্ট্রাকচারাল উন্নয়নের কথা বলে। কিন্তু মানবিক মানোন্নয়নের কথা কেউ বলে না! সিস্টেমের কথা বলে, কিন্তু সেই সিস্টেম কীভাবে মেনে চলতে হয়, সেই পথ বাতলে দেয় না। বরং নিজেরাই বারবার ভেঙে চুরমার করে সেই সব সিস্টেম আর নিয়মনীতির সব শাখা–প্রশাখা৷ তাহলে সাধারণ জনগণ কীভাবে সেই সব সিস্টেম আর নিয়মনীতি পালনে, অনুসরণে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে৷ আবার সিস্টেম ভাঙার মাশুল হিসেবে বিভিন্ন ধরনের আইন প্রয়োগের কথা থাকলেও সেগুলো যেন শুধুই সাধারণ মানুষের জন্য, প্রভাবশালী কিংবা ওপর শ্রেণির জন্য নয়৷

এসব বৈষম্য আর অনিয়ম দুর করতে না পারলে উন্নয়নের মডেল হিসেবে নিজেদের শুধু শুধু সিঙ্গাপুর আর মালয়েশিয়ার সঙ্গে তুলনা করলে হবে না। বরং জনস্বার্থে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যেসব আইন–কানুন তৈরি করেছে এবং সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করছে, সেগুলোও অনুসরণ করতে হবে, তবেই আমরা তাদের সঙ্গে নিজেদের তুলনা করতে পারি৷ আর এভাবেই বিদেশ নয় বরং দেশে থেকেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাবলম্বী হয়ে উদাহরণ তৈরি করবে, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হবে, নিজের ব্যাপারে মনোযোগী হবে৷ সিস্টেম শুধু করলেই হবে না, বরং সেটা মানতে হবে, অভ্যস্ত হতে হবে, প্রভাবমুক্তভাবে চর্চা করতে হবে৷