প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার নানা দিক

প্রায় দু দশক আগে এমনই এক ফেব্রুয়ারিতে এসে পৌঁছেছিলাম নিউইয়র্কে। কিছুদিন পরই দেখলাম নিউইয়র্কে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি। তখন আমার নিজের গাড়ি নেই। সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক মরহুম আফতাব সৈয়দ তার গাড়িতে আমাকে নিয়ে গেলেন জাতিসংঘের সামনে। সেখানে মুক্তধারা ও আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে পালিত হবে একুশে ফেব্রুয়ারি। মধ্যরাতে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে দেখলাম অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে সবাই ফুল দিচ্ছে। পরবাসে এ রকম দেখতে পাব আমি তা ভাবেনি। শুধু একুশে ফেব্রুয়ারি নয় এখানে হয় বই মেলা, পিঠা উৎসবসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে এভাবেই বাঙালিরা বিশ্বব্যাপী তাদের সংস্কৃতিকে ধারে রাখছে। তবে প্রবাসে সংস্কৃতিকে লালন পালন করা কিন্তু খুব সহজসাধ্য বিষয় নয়।
মানুষ কীভাবে তার সংস্কৃতি হারায় এ প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ল। আমাকে কিছুদিন কাজ করতে হলো নিউইয়র্কের রিচমন্ড হিল এলাকার একটি লাইব্রেরিতে। রিচমন্ড হিল হলো গায়ানিজ অধ্যুষিত একটি এলাকা। একদিন শুক্রবার ওদের একটা মসজিদে জুমার নামাজ পড়তে গেলাম। মাওলানা সাহেব খুতবায় মুসল্লিদের উদ্দেশে বলছেন, তারা যেন মৃত্যুর আগে অছিয়ত করে যান তাকে কীভাবে সৎকার করা হবে। আমি মাওলানার বয়ান শুনে হতবাক। পরে বুঝতে পারলাম আসলে গায়ানিজ সম্প্রদায় অভিবাসী হওয়ার পর এমনভাবে অন্যদের সঙ্গে মিশে গেছে যে তা আর আলাদা করা যাচ্ছে না। একই বাড়িতে একজন যেমন হিন্দু ধর্ম পালন করে আবার আরেকজন খ্রিষ্টান হিসেবে জীবনযাপন করে। অথচ তাদের পিতা-মাতা হয়তো মুসলমান। আর তাই এ রকম বিপত্তি। মুসলমান হিসেবে বাবা-মা হয়তো চাইছেন
তাদের সমাহিত করা হোক। কিন্তু সন্তান হয়তো তাদের হিন্দু মতে সৎকারের ব্যবস্থা করল।
ফিরে আসি বাংলাদেশিদের কথায়। আমরা প্রবাসে আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকতে চাই, লালন করতে চাই কিন্তু আমাদের পরের প্রজন্মের অবস্থা কি হবে? তাদের মাঝে কীভাবে আমাদের দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাব আমাদের খুব গভীর ভাবে তা চিন্তা করতে হবে। প্রথম কথা হলো আমাদের নতুন প্রজন্মের বেশির ভাগই বাংলা পড়তে বা লিখতে পারে না। কাজটা যে সহজ নয় তা বলার অপেক্ষা রাখে না। তবে সমন্বিত উদ্যোগ নিলে এটা কিন্তু সম্ভব।
এ প্রসঙ্গে আমরা চীনের অভিবাসীদের কথা উল্লেখ করতে চাই। তারা ইংরেজির পাশাপাশি তাদের নতুন প্রজন্মকে চীনা ভাষা শিখতে উৎসাহিত করে। তাদের আছে বিভিন্ন স্কুল আর সাংস্কৃতিক কেন্দ্র যা তাদের আমেরিকাতেও চীনা সংস্কৃতি শিখতে সাহায্য করছে। বাংলাদেশি কিছু কিছু সংগঠন এ ব্যাপারে কাজ করছে। কিছু কিছু বাংলা স্কুল আছে, আছে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন। তবে এর ব্যাপ্তি আরও বাড়াতে হবে। সন্তানের সবচেয়ে বড় শিক্ষক তার পরিবার। আর তাই পরিবার থেকেই যেন সন্তানেরা তাদের সংস্কৃতি চর্চার সুযোগ পায় আমাদের সবাইকে সে বিষয়ে উদ্যোগী হতে হবে। তাহলেই হয়তো আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে না।
প্রবাসে বাংলা চর্চা আরেকটি মাইল ফলক হলো স্থানীয়ভাবে প্রকাশিত বাংলা পত্রিকাগুলো। চমৎকার সব নামের পত্রিকা। ঠিকানা, সাপ্তাহিক বাংলাদেশ, বাঙালি, কাগজ, দর্পণ, আজকাল, প্রবাসী, পরিচয়, দেশ বাংলা ও প্রথম আলো। সবগুলোই সাপ্তাহিক। কোনো দৈনিক পত্রিকা অবশ্য বের হয় না। তবে সপ্তাহের প্রতিদিনই একটা না একটা পত্রিকা বের হয়। ফলে দৈনিকের অভাবটা অনেকটাই পূরণ হয়ে যায়। প্রায় সব পত্রিকাই বিনা মূল্যে বিতরণ করা হয়। যাদের ইন্টারনেটে গিয়ে পত্রিকা পড়ার সুযোগ নেই অথবা যারা সকাল থেকে সন্ধ্যা অবধি কাজে ব্যস্ত থাকেন দিনের শেষে ঘরে ফিরতে সেদিনের পত্রিকাটি পত্রিকা পড়তে পড়তে হয়তো হারিয়ে যান স্বপ্নের বাংলাদেশে। কিন্তু আমাদের নতুন প্রজন্ম এর থেকে বঞ্চিত। আমার মনে হয় আমরা যদি দু-একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করতাম এবং নতুন প্রজন্মের কাছে এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধারতাম এবং এদের এই পত্রিকায় লেখার উৎসাহ দিতাম তবে হয়তো নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগের একটা সেতু তৈরি হতো।
আমি যখন এখানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম তখন প্রায়ই দেখতাম ইসরায়েল সরকার গ্রীষ্মের সময় ছাত্রছাত্রীদের বিশেষ ব্যবস্থায় দেশে যাওয়ার ব্যবস্থা করত। ছাত্ররা দল বেঁধে কয়েক মাসের জন্য ইসরায়েল যাওয়ার সেই সুযোগ নিত। আমাদের দেশের সরকারও প্রবাসী নতুন প্রজন্মের জন্য এ রকম কিছু একটা চিন্তা করতে পারে।
গেল কয়েক বছরে নিউইয়র্কে বাংলাভাষীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই বর্তমানে নিউইয়র্কের মূলধারার বেশ কিছু অফিসে, স্কুলে ও লাইব্রেরিতে তাদের কাজে বাংলা ভাষাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। সিটি ও স্কুলের ওয়েব সাইটে বাংলা যোগ করা হয়েছে। স্কুল থেকে অভিবাদকদের কাছে বাংলায় বিজ্ঞপ্তি পাঠান হয়। কোনো কোনো স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে ছাত্ররা বাংলা ভাষা নিতে পারে। লাইব্রেরিগুলি বাংলা বই সংগ্রহ করে এবং বাংলা ভাষায় নানা অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিকোড ফন্টের মাধ্যমে কুইন্স লাইব্রেরির ক্যাটালগে বাংলায় বই খোঁজ করা যায়। সম্ভবত দেশের বইরে এটিই একমাত্র লাইব্রেরির যার ক্যাটালগ বাংলায় খোঁজা যায়। আগামী ১৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো কুইন্স লাইব্রেরির হলিশ শাখায় ‘পাঠকের পাতা’ নামের একটি বাংলা বুক ক্লাব চালু হতে যাচ্ছে যা সবার জন্যই উন্মুক্ত। ভাষার মাস স্মরণে এতে আলোচিত হবে ওবায়দুল্লাহ মামুন সম্পাদিত “একুশের কথা একুশের চেতনা”।
সর্বশেষে সবার প্রতি অনুরোধ আমরা যেখানেই সম্ভব সেখানেই যেন দেশি সংস্কৃতির বিকাশ ঘটাতে সক্রিয় হই।
লেখক: গল্পকার। ইমেইল: myshathi@gmail. com