প্রবাসে বাঙালির বড় পার্বণ বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনকে উপলক্ষ করে চলে গান, বাজনা, খেলা ও আড্ডা
বনভোজনকে উপলক্ষ করে চলে গান, বাজনা, খেলা ও আড্ডা

উত্তর আমেরিকার শীত প্রধান অঞ্চলগুলোতে গ্রীষ্মে বিশেষ করে জুন, জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন কমিউনিটির মতো বাঙালিরাও বার্ষিক বনভোজনে মেতে ওঠেন। মিশিগানের বাঙালিরাও পিছিয়ে নেই এই আয়োজন থেকে। এই বিশেষ দিনটির জন্য অনেকে পুরো বছর অপেক্ষা করে থাকেন।
প্রবাসের নগর ব্যস্ততায় এই দিনটি মূলত সবার সঙ্গে দেখা হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনটিতেই অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। দেশ থেকে নতুন কেউ আসলে তার সঙ্গে পরিচিত হওয়া, কেউ কেউ বনভোজনে এসে বিয়ের ছেলে দেখা মেয়ে দেখার কাজটিও সেরে ফেলেন।
মূলত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ বনভোজনের আয়োজন করে থাকে। বনভোজন শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বনভোজনকে উপলক্ষ করে গান, বাজনা, খেলা, আড্ডা, লটারি, কবিতা আবৃত্তি, স্মরণিকা প্রকাশ, র‌্যাফল ড্রসহ থাকে বিভিন্ন আয়োজন। কোনো কোনো সংগঠন র‌্যাফল ড্রতে প্রাইভেট কার পুরস্কার হিসেবে দিয়ে থাকে, কেউবা দেন বাংলাদেশ যাওয়া আসার উড়োজাহাজের টিকিট।
বেশ কিছু সংগঠন বার্ষিক স্মরণিকা প্রকাশ করে বনভোজনের এই দিনটিতে। স্মরণিকায় দেশের প্রথিতযশা কবি সাহিত্যিকদের লেখাসহ প্রবাসের লেখকেরা লেখা দিয়ে থাকেন। স্মরণিকার বেশির ভাগ লেখাই থাকে আবেগ মিশ্রিত, ফেলে আসা দেশ, দেশের মাটি, দেশের মানুষের কথা। বনভোজনে থাকে পুরোপুরি দেশীয় আমেজ।
মিশিগানে আনুমানিক ৩০ হাজার বাঙালির বাস। রয়েছে শতাধিক বাঙালি সংগঠন। এখন প্রতি শনি ও রোববার একাধিক সংগঠন বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক করছে। যা চলবে আগামী দেড় মাস। বিভিন্ন বাঙালি গ্রোসারিতে শোভা পাচ্ছে সংগঠনের বনভোজনের দিন, তারিখ, স্থান, র‌্যাফল ড্রর পুরস্কারের বিবরণ। প্রবাসে বনভোজনও বাঙালির এক বড় পার্বণ।