প্রবাসে মা-বাবার নীরব আর্তনাদ

প্রগতির কত রূপ, অনেকাংশে তা ভাবতেও অবাক লাগে। শুনতেও আক্ষেপ হয়। ব্যথা লাগে। বিবেক আপসহীন হতে বললেও বাস্তবে তা সম্ভব হয়ে ওঠে না। মেনে নিতে হয় সন্তানদের কঠিন সিদ্ধান্ত। অনেকাংশে আত্মসম্মানের জলাঞ্জলি। নির্দ্বিধায় বলিদান দিচ্ছে হাজার হাজার পরিবার। প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার শিকার হচ্ছেন গর্বিত মা-বাবা বা প্রবাসের পরিবারবর্গ। অনেকাংশে কিংকর্তব্যবিমূঢ়। প্রবাদবাক্যে আছে ‘যেতে নাহি দেব, তবু চলে যায়’। না এ যাওয়া চিরতরের জন্য নয়। মা-বাবা থেকে সন্তানদের দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত। তাদের এ কঠিন নির্মমতা মুহূর্তের মধ্যে সুনামির মহাপ্রলয়ের মতো বিলীন হচ্ছে, সেটা তারা ভাবেও না। একটিবারও পেছনের মুহূর্তগুলোকে স্মরণে আনতে চায় না, কীভাবে তাদের ভরণ-পোষণ করা হয়েছে, কীভাবে লেখাপড়া সম্পন্ন হয়েছে, কীভাবে তাদের চাহিদার বাস্তবায়ন হয়েছে। অথচ তাদের চাহিদা পূরণের পরই মা-বাবার আসে প্রাণের তৃপ্তি, আত্মার শান্তি।
প্রবাসের এ কঠিন জীবন-সংগ্রামে মানসিকভাবে হাজারো পরিবার বিচলিত বাড়ি ভাড়া, নানা বিল, তাদের পরিচর্যা, খাওয়া-দাওয়া, লেখাপড়ার টিউশন ফি নিয়ে। প্রত্যেকটি পরিবারই চায় সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হোক। অনেকেই জীবন-যৌবন বিসর্জন দিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছেন। অনেক স্বামী কাজ করেন রাতে, আর স্ত্রী কাজ করেন দিনে। দীর্ঘসময় কাজে নিয়োজিত থাকার কারণে নিজেদের একান্তে আলাপের স্বল্পতার নির্মম বাস্তবতাকেও স্বেচ্ছায় মেনে নিচ্ছেন। শুধুই একটি পরিকল্পনা, সন্তানেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, নিয়ে আসুক সমাজের চলার পথে আলোর বার্তা।
আমরা বাঙালি জাতি অতি সুন্দর মনের অধিকারী। আমরা বাস্তববাদী। আমরা বর্ণবাদী নই। তাই তো সন্তানেরা সুশিক্ষিত হওয়ার পর কেউবা বেছে নিচ্ছে শ্বেতাঙ্গ জীবনসঙ্গী, কেউবা স্প্যানিশ অথবা পাকিস্তানি, এমনকি ভিন্ন ধর্মাবলম্বী। এ সবকিছুই বাবা-মাকে মেনে নিতে হয়। তাই তো আমরা চমৎকার মনের অধিকারী, অন্তরে মহা-আর্তনাদ হলেও তা প্রকাশ করি না। নীরবে তাদের পছন্দের প্রতি সম্মান করি, ভালোবাসা জানাই ও আশীর্বাদ করি।
প্রবাসে আমরা যে সবাই দেরিতে বিয়ের সিঁড়িতে বসেছি তার একমাত্র কারণ দেশে অবস্থানরত মা-বাবা, ভাই-বোনদের সুন্দর সম্মানজনক জীবন যাপন নিশ্চিত করা। এমনকি আত্মীয়-স্বজনদের সহযোগিতা করার জন্য। তাই দৃঢ় প্রত্যয় নিয়ে রাতদিন কাজ করেছি। সেগুলো সমাধানের পরেই কেবল আমরা নিজেদের কথা ভেবেছি। স্বাভাবিক বয়সে বিয়ে না করে ১০ থেকে ২০ বছর পর বিয়ে করেছি, যা স্বেচ্ছায় আত্মাহুতির সমতুল্য।
প্রবাসে আমাদের সন্তানেরা সব ধরনের সমস্যামুক্ত। সবকিছু তাদের হাতের কাছে। কারণ তাদের মা-বাবা, ভাই-বোনদের প্রতিষ্ঠিত করার বা সাহায্য করার দুশ্চিন্তা নেই। এ দেশে রয়েছে সুন্দর-সচ্ছল ব্যবস্থাপনা বয়স্কদের, আছে বয়স্ক ভাতা, এমনকি শারীরিকভাবে অসুস্থদের বাড়িতে দিচ্ছে স্বাস্থ্যসেবা। তাই আমরা চাই শুধু সন্তানদের একটু ভালোবাসা, যেখানেই থাকুক মাঝেমধ্যে এসে দেখা করলেই মহা তৃপ্তি আমাদের।
দেশ থেকে আবার অনেকেই মা-বাবাকে নিয়ে এসেছেন অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে। দেশে অনেক মা-বাবা সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মানজনক কাজে নিয়োজিত ছিলেন। এ দেশে এসে তাঁদের অনেকেই অনেক বিপদের সম্মুখীন। ছেলেমেয়ের কঠিন জীবনসংগ্রামে তাঁরাও সঙ্গী হয়ে যান। কেউবা কাজ করছেন চা-ভাতের দোকানে। কেউ করছেন লিফলেট বিলি, কেউবা নাতি-নাতনির দেখাশোনা। আবার অনেকেই ভিক্ষার ঝুলি নিয়ে লাইনে দাঁড়ান বিভিন্ন চার্চে সামান্য খাবারের লাইনে। হতাশায় আগের জীবনের কথা স্মরণ করে অনেককে আক্ষেপ করতে দেখা যায়।
প্রবাসে জীবনের ঘানি টেনে সন্তান বড় করা অনেক জীবন সংগ্রামীর কাছে বসলেই শোনা যায়। কান পাতলেই শোনা যায় তাঁদের নীরব আর্তনাদ। এক সময় স্বপ্ন দেখতেন নিজের জীবনে যা পাননি, সন্তানদের জীবনকে পূর্ণ করে নিজের স্বাদ আহ্লাদ মেটাবেন। ছেলেমেয়ে বড় হবে। বিয়ে দেবেন। হাত উঠিয়ে গর্বিত বাবা দেখাবেন, ছেলেটাকে বিয়ে দিচ্ছি। এই ছেলেমেয়েকে আমার জীবনের ঘানি টেনে মানুষ করেছি। তখন নিকটাত্মীয়রা দেখবেন। স্বজনেরা দেখবেন। দেখে বলবেন, আর যাই করুক ছেলেমেয়েকে মানুষ করে সংসারী করেছে। গর্বে বাবা-মা নিজের জীবনের সব অপ্রাপ্তি ভুলে যাবেন। জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে দেখবেন ছেলেমেয়ের সংসারী হওয়া। নাতিপুতি নিয়ে খেলা করে জীবনের ইতি টানার স্বপ্ন।
কিন্তু প্রবাসের জীবন এমন সুখবোধের, স্বপ্নাচারের সাক্ষী দেয় না আজকাল। ছেলেমেয়ে কলেজ পেরোলেই সটকে পড়ছে। সংসার করছে, সংসার ভাঙছে নিজের মতো করে। জাতি, ধর্ম, বয়স কোনো কিছুর বালাই নেই। কেউ বিয়ে করছে ভিন্ন ধর্মের, কেউ হাত ধরছে ভিন্ন বর্ণের। আর এটা অসহায় হয়ে দেখছেন মা-বাবা। কিন্তু তাঁদের কোনো মনঃপীড়া নেই। শুধু নীরব আর্তনাদ, জীবনের শেষ দিনগুলো যেন বৃদ্ধাশ্রমে বা সেবাকেন্দ্রের জীবন কাটাতে না হয়!