প্রবাসে রাজনৈতিক বিবাদ কেন, প্রশ্ন খোকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি বেশি কিছু না বলে ইঙ্গিতেই অনেক কিছু বলতে চাইলেন। বললেন, একজনের বিপদে আরেক জনের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথি, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এ কথার সারমর্ম খুঁজছেন যুক্তরাষ্ট্র বিএনপিসহ অন্য দলের নেতারা। ৮ জুন বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে একসঙ্গে ইফতার করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিএনপি নেতা ও সাবেক অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ‘একজনের বিপদে অন্য সবাই ঝাঁপিয়ে পড়ব-এটাই হচ্ছে এ সময়ের করণীয়। এখন এই প্রবাসে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিবাদ-বিভক্তি হওয়া উচিত নয়। আমিও এমন রাজনৈতিক বিবাদ পছন্দ করি না।’
আমেরিকায় বিএনপি পাঁচ ধারায় বিভক্ত হয়ে রাজনীতি করছে। এসব নিয়ে নিজের ক্ষোভ জানাতে গিয়ে খোকা বললেন, এসব কারণেই তিনি বাংলাদেশিদের ইফতার মাহফিলে যেতে চান না। প্রবাসে দেশের রাজনীতি নিয়ে বিভক্তিও মেনে নিতে পারেন না বিএনপির এ নেতা।
বিদেশের মাটিতে সব বাংলাদেশি পরম আপনজন এই বার্তা ফুটে ওঠে খোকার বক্তব্যে। অসুস্থ শরীর নিয়ে বর্তমানে সপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন খোকা। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙে দেওয়ার পর নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা করেন তিনি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, এই দলের অপর নেতা আবদুর রহিম বাদশাহ, বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলাউদ্দিন বুলু, ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মইন চৌধুরী, মুন্সিগঞ্জ রসুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইকবাল হোসেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট শাহ শহিদুল হক সাঈদ, জেবিবিএর সেক্রেটারি তারেক হাসান প্রমুখ।
হোস্ট সংগঠনের সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে সমন্বয় করেন সেক্রেটারি আবদুল মতিন হাওলাদার। মুন্সিগঞ্জ সমিতির পক্ষ থেকে ইফতার মাহফিলে জানানো হয়, নিজ এলাকায় অনগ্রসর মেধাবীদের বৃত্তি প্রধান ও নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য কবরস্থানের জায়গা কিনতে যাচ্ছেন তাঁরা।
মাওলানা ফায়েকুজ্জামান কর্তৃক পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পর মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।