প্রবাসে সবার বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটনের সঙ্গে মঈন চৌধুরী
হিলারি ক্লিনটনের সঙ্গে মঈন চৌধুরী

নাম শুনলেই চেনা যায়, এমন ব্যক্তিত্ব প্রবাসে বিরল। অ্যাটর্নি মঈন চৌধুরী এ ক্ষেত্রে অনন্য। বাংলাদেশি কমিউনিটির কাছে অতিপরিচিত নাম তিনি। একাধারে সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যস্ত আইনজীবী, বিনয়ী, সদাহাস্যোজ্জ্বল।

তিনি সক্রিয়ভাবে জড়িত বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। এসব সংগঠন কখনোই তাঁর আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত হয় না। সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আমেরিকায় এসে বৈধভাবে বসবাস করতে প্রবাসীদের সাহায্যের ক্ষেত্রে মঈন চৌধুরীর জুড়ি নেই। তাঁর সহযোগিতায় ইতিমধ্যেই বহু প্রবাসী যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। অন্যদিকে দুর্ঘটনাকবলিত যেকোনো ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য মিলিয়ন মিলিয়ন ডলারও আদায় করে দিয়েছেন। কোনো পারিশ্রমিক নেননি।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আমেরিকার মূলধারার রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন অ্যাটর্নি মঈন। তিনি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ। ২০১৬ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। ইতিমধ্যেই ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির হয়ে সিনেট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন এই আইনজীবী। তাঁর বিশ্বাস তিনি কুইন্স ডিস্ট্রিক্ট থেকে দলীয় মনোনয়ন পাবেন।

প্রবাসে মঈন চৌধুরী রাজনৈতিক তৎপরতা বেশ আগেই শুরু হয়। ২০০০ সাল থেকে তিনি ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে তিনি বিশেষ ভূমিকা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা প্রবাসীদের সুদিন-দুর্দিনে সঙ্গে থাকেন।

অন্যদিকে ডিস্ট্রিক্ট ১৩ থেকে স্টেট সিনেটর পদে পেরেল্টা ডেমোক্রেটিক পার্টির পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেওয়ায় মঈন চৌধুরীর পক্ষে দলীয় সমর্থন ও মনোনয়নপ্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিশেষত দলের শক্তিশালী অবস্থানে থাকা কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সঙ্গে মঈন চৌধুরীর সুসম্পর্ক বিদ্যমান। অর্থাৎ মনোনয়নপ্রাপ্তি ও বিজয়ী হওয়ার জন্য যেসব সামাজিক ও রাজনৈতিক উপাদান জরুরি মঈনের তার সবই আছে। তিনি মনোনয়ন পেলে ও জয়ী হলে তা হবে বাংলাদেশি কমিউনিটির জন্য হবে একটি গৌরবজনক অধ্যায়।