প্রবাসে স্বাধীনতার মশাল

বাংলাদেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালে মাত্র ৯ মাসের মধ্যে যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, তার বিশালতার পূর্ণ বিবরণ ইতিহাসে দেওয়াও অসাধ্য। মুক্তির জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল, প্রাণের ভয় তুচ্ছ করে তাতে ধর্ম–বর্ণ–রাজনৈতিক মতভেদ নির্বিশেষে বাংলার মানুষ অংশ নিয়েছিল। লক্ষপ্রাণের রক্ত আর জীবন বিসর্জনের মধ্যে দিয়ে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলার স্বাধীনতার পতাকা উড়িয়েছিল এ দেশের দামাল ছেলেরা। কী অমূল্য ছিল সেই স্বাধীনতা! বাংলার মানুষ যে অসাধ্যসাধন করার ঐতিহ্যে একদিন ঝিলিক দিয়ে উঠেছিল, আজকের দিনে তার অঙ্গীকার পূরণের সময় এসেছে।
উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন দেশে জীবনের ব্যস্ততা আর মিশ্র সংস্কৃতির চাপে বেশির ভাগ মানুষ দিশেহারা। তবে কিছু সংখ্যক সাহসী মানুষ অনেক ত্যাগের বিনিময়ে এবং নিজের ইতিহাস ও ঐতিহ্যকে বুকের কাছে আগলে রাখার চেষ্টা করছেন। এখানে নতুন প্রজন্মের অগ্রযাত্রার বিস্ময় আমাদের গৌরবের বিষয়। তবে এই বিশ্বায়নে নিজেদের মূল্যবান ঐতিহ্য ও মহান ইতিহাসের মূল্যবোধ ও স্বকীয়তা তাদের না শেখালে বৃন্তচ্যুত ফুলের মত তারা কোথাও ভেসে যাবে আর আমরা অনন্তকালের কাছে তার জন্য দায়ী থাকব।
প্রবাসে তাই যত দিন মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা, বঙ্গবন্ধুর কথা, শহীদদের কথা, শহীদ পরিবারের বেদনার কথা, মুক্তিযোদ্ধাদের কথা, সাধারণ মানুষের দুঃখের কথা আমরা স্মরণ করব, তত দিন বাঙালিরা মাথা উঁচু করে রাখার শক্তি পাবে।
প্রবাসে আমাদের ব্যবহার ও আত্মমর্যাদা, জাতি–ধর্ম নির্বিশেষে মানুষকে সম্মান দেওয়ার আলোকে অন্যরা আমাদের ঐতিহ্য, ধর্ম ও আমাদের সংস্কৃতিকে সম্মান করতে জানবে। না হলে আমরা বিপজ্জনকভাবে সম্মানের অধিকার হারাব।
মুজিব বর্ষে সবচেয়ে বড় সম্মান প্রদর্শন হবে যদি আমরা জাতির জনকের স্বপ্ন পূরণে এগিয়ে যাই আর আমাদের মুক্তির জন্য লাখ লাখ মানুষের আত্মাহুতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের বিশ্বাস ভঙ্গ না করার প্রতিশ্রুতি গ্রহণ করি। সম্মিলিত বা দলগতভাবে না পারলেও নিজস্ব অবস্থান থেকে একলাই যেন সেই আদর্শকে ধারণ করতে পারি। প্রবাসে থাকার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে। নিজে সশস্ত্র মুক্তিযোদ্ধা আর মহান শহীদের সন্তান হওয়ায় হয়তো আরও কিছু তাড়নায় ব্যতিব্যস্ত হতে হয়।
এত বছর আমেরিকায় অনেক কিছু করার মধ্যেও কিছু কিছু ঘটনা মনের মধ্যে জেগে থাকে। ১৯৮০ সালে আমার আমেরিকায় আসার পর প্রেসিডেন্ট এরশাদের আমলে (যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন এবং মুক্তিযুদ্ধের কথায় বিব্রত হতেন) মুক্তিযুদ্ধের কথা মানুষ কম আলাপ করতো, আর প্রজন্মরা বাংলাদেশে শিক্ষাঙ্গনে মুক্তিযুদ্ধের ইতিহাস শিখত না। তাই একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল। ১৯৮৫ সাল থেকে আমি মুক্তিযুদ্ধের জগরণী গান ও মুক্তিযোদ্ধাদের বীরোচিত মুহূর্ত ও সীমাহীন বর্বরতার অসংখ্য ছবি সমন্বয়ে মুক্তিযুদ্ধের ওপর স্লাইড শো বানিয়ে নিউইয়র্কে বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শন করতে ফিলাডেলফিয়া থেকে প্রায়শ ছুটে যেতাম। দর্শকদের চোখ চিক চিক করে উঠত, কারও কারও চোখে জল, আর স্মৃতিতে নাড়া দিত বুকের ভেতর সুপ্ত সেই বিশাল ঘটনাগুলো।
ধীরে ধীরে সময়ের পরিবর্তন হলো, লোকারণ্য হলো লোকালয়, বাঙালির জাগরণে আজ নিউইয়র্কসহ বিভিন্ন জায়গায় প্রতিফলিত হয় মুক্তিযুদ্ধের ইতিহাস।
২০০৫ সালে আমেরিকা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমেরিকার পাকিস্তানি মেডিকেল অ্যাসোসিয়েশন আমাকে ওয়াশিংটন ডিসিতে তাদের সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানাল। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতিও থাকবেন। আমি বললাম, আমি নিশ্চয় যাব। তবে আমি বাংলাদেশের পাকিস্তানি মিলিটারিদের ১৯৭১ সালের গণহত্যার কথা তুলব। পাকিস্তানি সভাপতি ঘাবড়ে গিয়ে বললেন, এ বিষয় কি এই জায়গা তোলা সমীচীন হবে? আমি বললাম তাহলে তো যাওয়া হবে না। পরের দিন আমার অনেক সিনিয়র একজন বাংলাদেশি ডাক্তার ফোনে বললেন, ঠিক আছে তুমি সেক্রেটারিকে পাঠিয়ে দাও। বললাম, গেলে আমিই যাব, না হলে কেউ যাবে না।
এক সপ্তাহ পর পাকিস্তানি মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ফোনে আমার কোথায় তার কমিটি রাজি হয়েছে বলে জানালেন। কিছুদিন পরে ওয়াশিংটন ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠানে গিয়ে দেখি, আমাদের জন্য বিরাট স্যুট রিজার্ভ করা হয়েছে। সান্ধ্য ডিনারের পরে অনুষ্ঠান শুরু। পাকিস্তানের রাষ্ট্রদূত, একজন মন্ত্রী, আমেরিকান তিনজন সিনেটর, আরও কিছু বিশেষ ব্যক্তিত্বসহ সাড়ে তিন হাজারের মত ডাক্তার ও তাদের পরিবারে ভর্তি হল। অনুষ্ঠানের প্রথম দিকে ভারতীয় সভাপতি তার বক্তৃতায় আমেরিকায় এশিয়ানদের সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানি ও কিছু হাসপাতালের বৈষম্যমূলক ব্যবহার ও এক সঙ্গে তার প্রতিকারের ওপর আলোচনা করেন।
আমাকে পরিচিত করার আগে সভাপতি অত্যন্ত সতর্কতার সঙ্গে যুদ্ধের কথা বলতে গিয়ে বললেন, পাকিস্তানি সৈন্যরা ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে নির্বাচনে জয়লাভ করার পরও ক্ষমতা না দিয়ে যে গণহত্যা করেছিল তার সত্যতা মানুষের কাছে পৌঁছাতে দেয়নি। পাকিস্তানি অনেক নেতৃত্ব ও বুদ্ধিজীবী প্রতিবাদ জানিয়েছিলেন এবং জেলও খেটেছেন। তারপর কবি ফয়েজ আহমেদ ফয়েজের একটি উর্দু কবিতা আবৃতি করলেন, তাতে পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে সহোদর নিজ দেশবাসী বাঙালিদের গণহত্যার বিরুদ্ধে ছিল আবেগময় জোরালো কণ্ঠ। তারপর তিনি বললেন, আপনারা জেনে খুশি হবেন আমাদের মাঝে আজকে প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন উত্তর আমেরিকা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি। অবাক হয়ে দেখি আমি, স্টেজ ওঠা পর্যন্ত হলভর্তি মানুষ দাঁড়িয়ে তালি দেওয়া শুরু করল। মনে হল, এদের সবাই শিক্ষিত হওয়ায় হয়তো অন্ধ হয়ে যায়নি।
বক্তৃতায় আমি বলেছিলাম, পাকিস্তান–ভারত মহাদেশের এক ক্রান্তি লগ্নে (তখন পাকিস্তান ও ভারত আণবিক বোমা নিয়ে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে) ভারত ও বাংলাদেশের নেতৃত্বকে আমন্ত্রণ ও সম্মান জানানোয় ধন্যবাদ জানিয়ে বললাম, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ শুরুর আগে আমরা নির্বাচনে জয়ী হলেও ন্যায্য অধিকার দেওয়ার পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনী ভুট্টোর রাজনৈতিক দলের সহায়তায় ৩০ লাখ নিরস্ত্র মানুষকে হত্যা, নারী নির্যাতন ও সারা দেশে ধ্বংসলীলা চালিয়েছিল। আমাদের এই ইতিহাস আজ পাকিস্তানদের কাছে উপেক্ষিত। আজকে এখানে আসা তখনই সার্থক হবে, যখন সরকার ও সাধারণ পাকিস্তানিরা আমাদের স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে গণহত্যার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে।
আমি আরও বলেছিলাম, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১০০ মিলিয়ন মানুষকে হত্যা করার পরও আজ ইউরোপ, জাপান ও রাশিয়া বন্ধুত্ব করেছে। কারণ জার্মানি ও জাপানিরা তাদের পূর্বসূরির অমানুষিক হিংস্রতার জন্য ক্ষমা চেয়েছিল। আমি বললাম, আমার বাবা ১৯৪৭ সালে পাকিস্তান হওয়ার পর ভারতের করিমগঞ্জে পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে পূর্ব পাকিস্তানে এসেছিলেন দেশ গড়ার জন্য। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি। প্রথম রিলিফ অর্গানাইজেশন পাকিস্তান অ্যাম্বুলেন্স করে প্রতিষ্ঠাতা সভাপতি, শেষ সময়ে সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক এবং সার্জারির প্রধান ছিলেন। সারা জীবন মানুষের সেবায় কাজ করে গেছেন, কোনো দিন রাজনীতিও করেননি। তোমাদের সৈন্যদের আক্রমণে ৯ এপ্রিল যখন সিলেট শহর জনশূন্য, হাসপাতালভর্তি গুলিতে আহত রোগী, যখন সব ডাক্তার পালিয়ে গেলেন তখন আমার বাবা একজন ইন্টার্ন, একজন অ্যাম্বুলেন্সচালক ও একজন পুরুষ নার্স নিয়ে প্রাণের ভয় তুচ্ছ করে রয়ে গেলেন। আর এ অবস্থায় পাকিস্তানি সৈন্যরা হাসপাতালের ভেতর ঢুকে তাদের হত্যা করে। তোমরা কীভাবে আশা কর, আমরা এমনিতেই এসব ভুলে যাব ও তোমাদের বন্ধু হয়ে যাব?
এই উপমহাদেশে শান্তির জন্য ঐক্য প্রয়োজন এবং আমরা আমেরিকা থেকে সেই লক্ষ্যে কাজ শুরু করতে পারি। আমার বক্তৃতার পর আমার সঙ্গে হাত মেলানোর জন্য লম্বা লাইন। একটি মেয়ে জোর করে এগিয়ে এসে বললেন, তার মা একজন মিলিটারি জেনারেলকে থাপ্পড় মেরেছিলেন। কারণ তিনি বড়াই করে বাংলায় হত্যার কথা বলছিলেন। জিজ্ঞেস করা হয়নি কে তার মা। অনেকেই বুকে জড়িয়ে বললেন, আপনি ঠিক কথা বলেছেন, আমাদের অনেক অন্যায় হয়েছে।
একজন প্রবীণ সৌম্যকান্তি পুরুষ আমার হাত ধরে বললেন, ‘আমি রাজনীতিবিদ আহমেদ খান কাসুরী। আমি ভুট্টোর দল থেকে ১৯৭০ সালের নির্বাচনে লাহোর থেকে সাংসদ হই এবং আমি ভুট্টোর শয়তানি টের পেয়ে তার বিরোধিতা করে ১৯৭১ সালে শেখ মুজিবের অধিবেশনে শরিক হওয়ার জন্য ঢাকায় আসি। ভুট্টো আমাকে প্রচণ্ডভাবে তিরস্কার করতে থাকে, তবু আমি ঢাকায় থাকি এবং ২৫ মে মার্চ মিলিটারিদের আক্রমণের পরে মন খারাপ করে শেষে প্লেনে করে লাহোর ফিরি। এরপর থেকে আমি ভুট্টোর সমালোচনায় মুখর হই, তাই ১৯৭৪ সালে ভুট্টোর লোকজন আমাকে হত্যা করতে গভীর রাতে ফেরার সময় আমার গাড়িতে গুলি করে, এতে আমার বাবা নিহত হন। আমি ভুট্টোর বিরুদ্ধে মামলা করি। ১৯৭৭ সালে ভুট্টোকে সরিয়ে জিয়াউল হকের সামরিক সরকার তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ভুট্টোকে ফাঁসি দেয়।’
আমি অবাক বিস্ময়ে কাসুরির দিকে তাকিয়ে থাকি। তিনি বলেন, তোমরা ভালো করেছ স্বাধীন হয়ে।
এদিকে ওহাইওর মার্কিন সিনেটের আমার হাত ধরে বললেন, আপনিতো দারুণভাবে নাড়া দিয়ে গেলেন।
আমার তখন মনে হল, আমেরিকায় থাকার জন্য এবং মেডিকেল অ্যাসোসিয়েশনে নেতৃত্ব দেওয়ার জন্য আমার এই কাজটি করার সুযোগ হয়ে গেল। পরে শুনলাম, এ খবর পাকিস্তানের পত্রিকায়ও ছাপা হয়েছিল। পরের বছর আমাদের অনুষ্ঠানে পাকিস্তান ও ভারতীয় সভাপতিদের আমন্ত্রণ জানাই। পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ম্যাথ নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বাংলাদেশে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। অনেক দিন পারিনি। আমাদের নামে তারা আপনাদের যে ভয়াবহ ক্ষতি করেছে, তা ক্ষমার অযোগ্য। আপনাদের কোনো দুঃখ আমি কমাতে পারব না জানি। তবু আমাদের অজ্ঞতার ও অযোগ্যতার জন্য ক্ষমাপ্রার্থী।’
বাংলাদেশি ডাক্তার সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানালেন। ভারতীয় সভাপতি অভিভূত হয়ে বললেন, মনে হচ্ছে এই সম্মিলিত চিকিৎসক সমাজের চেষ্টায় আমরা উপমহাদেশে শান্তির পথ খুঁজে পাব।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের গণহত্যা আজও সারা বিশ্বের কাছে অজানা। ২০০৮ সালে নিউজার্সির কেইন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আরিফ নামের একজন বাংলাদেশি তরুণ তার বন্ধুবান্ধব ও ফারুক চৌধুরী নামক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে মিলে বাংলাদেশের গণহত্যাকে বিশ্বের হলোকাস্ট স্টাডিতে সংযুক্ত করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করে। সে জন্য অনেক তথ্য উপস্থাপন করতে হয়। ড. নুরুননবী এবং ফারুক চৌধুরীর অনুরোধে আমাকে শহীদ পরিবারের উপস্থিতি ও জবানবন্দির দায়িত্ব দেওয়া হয়। ধারে কাছের পরিচিত শহীদ পরিবারের কেউই নতুন করে বুকে ধরে রাখা দুঃখকে সবার সামনে আবার তুলে ধরতে নারাজ। সব শহীদ পরিবার বাংলাদেশের কাছে তুচ্ছ সহানুভূতি ছাড়া আর কিছুই পাননি। অনেক বোঝানোর পর ১৫টি শহীদ পরিবারের লিখিত ইতিহাস সংগ্রহ করলাম। সাত/আটটি পরিবার উপস্থিত হল, তবে অনেকেই কিছু বলার আগেই কান্নায় ভেঙে পড়লেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অভিভূত হয়ে পরের বছর আরও বড় করে কনভেনশন করার দায়িত্ব নিলেন। ২০০৯ সালে বিরাট সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেকেই যোগ দিলেন, অনেক আমেরিকান যুদ্ধাপরাধকর্মী এবং অ্যাটর্নি তথ্যপূর্ণ বক্তব্য দিলেন। ঢাকা থেকে শাহরিয়ার কবিরসহ অনেকে যোগ দিলেন। বাংলাদেশের গণহত্যার ওপর দিনব্যাপী এই সম্মেলনের পরে কেইন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণহত্যা হলোকাস্ট স্টাডিতে অন্তর্ভুক্ত হলো। শহীদ পরিবারের এসব তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড একটা ধাক্কা খেলাম। আমেরিকায় পাওয়া এই ১৫টি শহীদ পরিবারের জীবনের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। তিন পরিবারের মায়ের মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছিল, দুই পরিবার অর্থের অভাবে পড়াশোনা করতে পারেনি, আত্মীয়রা শিশু সন্তানদের মায়ের কাছ থেকে আলাদা করে জটিলতা সৃষ্টি করেছিল।
মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে শহীদ পরিবারের বেঁচে থাকার আপ্রাণ যুদ্ধ আমাদের জাতীয় ইতিহাস আজও লিপিবদ্ধ করেনি।। কিছুটা হলেও এই প্রচেষ্টার ফলে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শাহরিয়ার কবির আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় একটি আবহ তৈরি করতে পেরেছিলেন। এত দিন পরও যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মানুষের একটি বিরাট প্রাপ্তি। তবে কথা ছিল, একইসঙ্গে যুদ্ধাপরাধী হাজারো পাকিস্তানি মিলিটারিদেরও বিচারের উদ্যোগ নেওয়া হবে। কারণ পাকিস্তানি সামরিক বাহিনীই আসল যুদ্ধাপরাধী। তাদের হুকুমে ও ছত্রচ্ছায়ায় যুদ্ধাপরাধ হয়েছিল। আজও শহীদ পরিবারের অনেকেই পাকিস্তানি যুদ্বাপরাধীদের বিচারের অপেক্ষায় রয়েছে।
ধর্মীয় রাজনীতির ভেতর লুকিয়ে থেকে যুদ্ধাপরাধীরা বাংলাদেশের অনেক ধর্ম মনোভাবাপন্ন তরুণকে ভুল ইতিহাস শিখিয়ে স্বাধীনতার বিপক্ষের ধারায় নেওয়ার ক্ষেত্রে সফল হয়েছিল। তবে অনেকেই সত্য ইতিহাস জানার পর সেই বলয় থেকে বেরিয়ে এসেছে।
প্রবাসী হিসেবে আমাদের দায়িত্ব অনেক, তাই সম্মিলিতভাবে আমাদের গৌরব, ঐতিহ্য ও ইতিহাসের শিক্ষা প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারের দিন আজ।
লেখক: অধ্যাপক, মেডিসিন ও কিডনি বিভাগ, টেম্পল বিশ্ববিদ্যালয়, ফিলাডেলফিয়া, অধ্যাপক ইমেরিটাস ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়