প্রবীণ অভিবাসীরা নানা সমস্যায় জর্জরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোভাবে ইংরেজি না জানেন না, অনেক সময় লাজ–লজ্জার কারণে সমস্যা নিয়ে কথা বলেন না—এ রকম নানা কারণে প্রবাসে কষ্টের জীবনযাপন করছেন একশ্রেণির প্রবীণ অভিবাসী। এসব অভিবাসীর মধ্যে আবার পুরুষের চেয়ে নারীদের মধ্যে এই সংকট প্রকট।

শারীরিক সমস্যা, ব্যক্তিগত সুবিধা–অসুবিধা, এমনকি নিজেদের মনোবিকার নিয়ে তারা মুখ খুলতে চান না। নিউইয়র্কে বসবাসকারী এসব দক্ষিণ এশীয় প্রবীণ অভিবাসীর ওপর পরিচালিত এক জরিপে এমন তথ্য প্রকাশ পেয়েছে।

সিনিয়র অভিবাসীদের সুন্দর জীবন গড়ে তোলার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠান ইন্ডিয়া হোম ৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে এই জরিপের তথ্য প্রকাশ করে। এ উপলক্ষে ওই দিন জ্যামাইকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূলধারার রাজনৈতিক, সরকারি কর্মকর্তা ছড়াও কমিউনিটিভিত্তিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্ডিয়া হোম-এর নির্বাহী পরিচালক দা. বসুন্ধরা কালাসাপুড়ি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড অয়েপ্রিন, সিটি কাউন্সিলম্যান ডনোভান জে রিচার্ডস, কাউন্সিলম্যান ব্যারী গ্রদনিক প্রমুখ অতিথি বক্তৃতা করেন।
ইন্ডিয়া হোম-এর প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া শিকদার বলেন, জরিপে দক্ষিণ এশীয়দের মধ্যে শতকরা ৪২ দশমিক ৪ ভাগ ভারতীয়, ১৭ দশমিক ৪ ভাগ বাংলাদেশি, ১৪ দশমিক ৯ ভাগ পাকিস্তানি, ১২ দশমিক ৪ ভাগ গায়ানিজ, ৫ দশমিক ৬ ভাগ তিব্বতি, ৪ দশমিক ৬ ভাগ নেপালি, ১ দশমিক ২ ভাগ ত্রিনিদাদ ও টোবাগো এবং অন্যান্য কমিউনিটির ১ দশমিক ৬ ভাগ সিনিয়র নারী-পুরুষ অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারীদের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, সিনিয়র অভিবাসীরা স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বেশ অনভিজ্ঞ। তারা নগরের অনেক আইনকানুন বিশেষ করে সরকারি সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবা সুবিধা প্রভৃতি সম্পর্কে অনেক কিছুই জানে না। তাদের বড় প্রয়োজন খাদ্য আর বাসস্থান। নিউইয়র্কে বসবাসের ব্যয় অত্যধিক বেশি হওয়ার তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। অধিকাংশই তাদের পরিবারের সঙ্গে বসবাস করেন এবং সন্তানদের আয়ের ওপর নির্ভরশীল।
দ্য নিউইয়র্ক কমিউনিটি ট্রাস্ট ও সাউথ এশিয়ান আমেরিকানস লিভিং টুগেদার নামক দুটি প্রতিষ্ঠানের অর্থায়নসহ অন্য কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই জরিপ চালানো হয়। সহযোগিতায় ছিল বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ুথ সার্ভিস, ছায়া সিডিসি, হিন্দু সেন্টার অব ফ্লাশিং, শ্রী ত্রিমূর্তি ভবন ও কাউন্সিল অব পিপলস অর্গানাইজেশন।