প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৃতীয় দফার ট্রাভেল ব্যান নির্বাহী আদেশকে পুরোপুরি কার্যকর করার নির্দেশ দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের এ নির্দেশনা দিয়েছেন। এতে করে প্রশাসনের তরফে জারি করা আটটি দেশ থেকে সব ধরনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করে দেওয়া যাবে। এই আট দেশের মধ্যে ছয়টি প্রধানত মুসলিম দেশ। এগুলো হলো—ইরান, সিরিয়া, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেন ও শাদ।
আপাতদৃষ্টিতে এই ভ্রমণ নিষেধাজ্ঞা এই ছয় দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রত্যক্ষ প্রভাব ফেললেও বাংলাদেশিসহ বাকি সব মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে পরোক্ষ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয়েছে অ্যাটর্নি এট ল নাজমুল আলমের। তিনি বলেন, মূলত ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের পক্ষে ৭২টি ভোট পড়ায় এটির যে কার্যকারিতা আগে আংশিকভাবে বাস্তবায়িত হচ্ছিল, এখন সেটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে। অর্থাৎ কোনো রকম বাছবিচার ছাড়াই নির্দেশিত সব দেশের নাগরিকদের হেনস্তার পরিমাণ বেড়ে যাবে।
ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে ছয়টি মুসলিমপ্রধান দেশের সঙ্গে উত্তর কোরিয়া আর ভেনেজুয়েলারও কিছু নাগরিক ও গোষ্ঠীকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার বিধান আছে।
এর আগে প্রথম দফার ভ্রমণ নিষেধাজ্ঞা ওয়াশিংটনের আদালত স্থগিত করে দেয়। এরপর চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। সেটিও আদালত স্থগিত করে দেওয়ার পর রাষ্ট্রের নিরাপত্তার কারণ দেখিয়ে তৃতীয় দফায় নির্বাহী আদেশ জারি করা হয়। এ যাত্রায় ইরাককে বাদ দিয়ে ছয়টি মুসলিমপ্রধান দেশের কথা বল হয়। আদেশটি আংশিক কার্যকর হয়েছিল বেশ কয়েক মাস আগে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর আদেশটি এখন পুরোপুরি কার্যকরের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দপ্তর। এর ফলে এসব দেশ থেকে যে কোনো নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ হয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব দেশের যত নাগরিক বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনাসহ অন্যান্য কাজে আছেন, তাঁদের সেই সুযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রথম দফায় ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ জারি হওয়ার পর ভিসা ও গ্রিনকার্ডধারী অনেক নাগরিককে বাধ্যতামূলক ফিরে যেতে হয়েছিল নিজ নিজ দেশে। পরে আদালতের স্থগিতাদেশের পর আবার তাদের অনেকেই আসেন যুক্তরাষ্ট্রে। তৃতীয় নির্বাহী আদেশে গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার বিধান রাখা হয়নি।
মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের কোনো নাগরিক এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জেরার মুখে পড়বেন কিনা, এমন প্রশ্নে ইমিগ্রেশন আইনজীবী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, সব অর্থেই মুসলিম নামধারী ব্যক্তিরা এখন অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। এখানে দেশ হিসেবে আলাদা করে কেউ চিহ্নিত হবেন না। কিন্তু যাদের নামের সঙ্গে বিনতে অথবা বিন বা ইসলাম অথবা মোহাম্মদ আছে তাঁরা আবার বাড়তি চেক-আপের মধ্যে পড়তে পারেন। আদেশটির পরোক্ষ প্রভাব বাংলাদেশিদের ক্ষেত্রেও পড়তে পারে। কেননা, এই নির্বাহী আদেশের মূলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকেই যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে। সুতরাং নিরাপত্তা প্রশ্নে ইমিগ্রেশন দপ্তর কোন কোন বিষয়কে নিয়ামক হিসেবে চিহ্নিত করেছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে আগের অভিজ্ঞতা থেকে বলা যায়, বাংলাদেশিসহ সব মুসলিমরাই এই বাড়তি জেরার মুখে পড়তে পারেন।
অবশ্য, এই ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ নিয়ে অনেক অস্পষ্টতা রয়েছে। সব দেশের ক্ষেত্রে এই আদেশের পুরোপুরি বাস্তবায়ন নাও হতে পারে। যেমন, ইরান থেকে এখনো পড়াশোনার প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যোগ্যরা প্রবেশ করতে পারবেন বলে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের জারি করার ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কিত আদেশটি এর আগে সুপ্রিম কোর্ট তার আংশিক অনুমোদন দিলেও এখন কেন পুরোপুরি অনুমোদ দিল সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যমের খবর ও বিশ্লেষণ বলছে, সুপ্রিম কোর্টের এই অবস্থার পরিবর্তন বর্তমান ট্রাম্প প্রশাসনের পক্ষে একটি বড় আইনি বিজয়ের সমতুল্য। কেননা এর আগে সংবিধান ও যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী বলে রাজ্য আদালতগুলো এই ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা স্থগিত করে দিয়েছিল।