প্রভাবশালীর তালিকায় সু চি, প্রিয়াংকা, পিচাই ও জাকারবার্গ

প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকী। এতে এশীয় নেতাদের মধ্যে রয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মিয়ানমারের নেত্রী অং সান সু চি।
তালিকায় ঠাঁই করে নিয়েছেন ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিবিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান।
মার্কিন রাজনীতিকদের মধ্যে তালিকায় আছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রার্থী হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডার্স, টেড ক্রুজ ও ডোনাল্ড ট্রাম্প। এশীয়দের মধ্যে এ তালিকায় আরও রয়েছেন ভারতের পরিবেশবাদী নেত্রী সুনিতা নারায়ণ, উদ্যোক্তা বিনি বানসাল ও শচিন বানসাল, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন এবং টেনিস তারকা সানিয়া মির্জা। অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামও রয়েছে টাইম-এর তালিকায়।
টাইম