
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারণার শেষ দিকে ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার ব্যবস্থা করেছিলেন, দিন দশেক আগে ট্রাম্প নিজে এ অভিযোগ করে নতুন বিতর্কের ঝড় তোলেন। কিন্তু সে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। বিতর্কের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের দ্বিদলীয় কমিটি ট্রাম্পের দাবির কোনো ভিত্তি আছে কি না, এক সপ্তাহ ধরে তা তদন্ত করে। এ কমিটি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল, সোমবার মধ্যরাতের মধ্যে এ বিষয়ে সব প্রমাণ তাদের কাছে তুলে ধরতে হবে। কিন্তু সেই সময়ের মধ্যে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।
বিচার বিভাগ এখন বলছে, আদৌ কোনো তথ্য-প্রমাণ আছে কি না, তা সংগ্রহের জন্য তাদের আরও সময় দরকার। সে অনুরোধের ভিত্তিতে কংগ্রেস বিচার বিভাগকে এ জন্য চূড়ান্ত সময়সীমা হিসাবে ২০ মার্চ ধরে দিয়েছে।
আড়ি পাতার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে একজন মুখপাত্রের মাধ্যমে ওবামা সে দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিলেন। এফবিআইয়ের প্রধান জেমস কোমিও বলেছেন, ট্রাম্পের দাবি ভিত্তিহীন। কংগ্রেসের যে কমিটি বিষয়টি তদন্ত করে দেখছে তার রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই শীর্ষস্থানীয় সদস্য বলেছেন, এখন পর্যন্ত তাঁরা ট্রাম্পের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখেননি। সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির দুই রিপাবলিকান সদস্য মার্কো রুবিও এবং টম কটনও বলেছেন একই কথা।
এ দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথায় আড়ি পাতা কোনো অভাবনীয় ব্যাপার নয়, তবে সে জন্য প্রতিটি ক্ষেত্রে একটি বিশেষ আদালতের অনুমতি দরকার। এ অনুমতি দেওয়ার বিষয়টি অতি গোপনীয় ব্যাপার, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পারেন সে তথ্য প্রকাশ করতে। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারের কাছে সাংবাদিকেরা বারবার জানতে চেয়েছেন, ট্রাম্প তা কেন করছেন না। এ পর্যন্ত স্পাইসার বলে এসেছেন, এ নিয়ে কংগ্রেস তদন্ত করছে, প্রমাণ যা দেওয়ার কংগ্রেসই দেবে। কিন্তু সোমবার তাঁর গলায় শোনা গেল নতুন সুর। এদিন স্পাইসার বললেন, ট্রাম্প তাঁর টুইটার বার্তায় আক্ষরিক অর্থে আড়ি পাতার কথা বলেননি। তিনি ব্যাপক অর্থে নজরদারির কথাই বুঝিয়ে থাকবেন।
তবে ট্রাম্প ৩ মার্চ সকালে যে টুইটার বার্তাটি পাঠান, তাতে স্পষ্টই বলেছিলেন ওবামা তাঁর টেলিফোনে আড়ি পাতার ব্যবস্থা করেছিলেন। রাখঢাক ছাড়াই বলেছিলেন, কাজটা ওবামারই। আর স্পাইসার এখন বলছেন, না, ওবামা কাজটা নিজে করেছেন, ট্রাম্প আসলে তা বলতে চাননি, বরং বলেছিলেন ওবামা প্রশাসন অর্থে।
সাংবাদিকদের স্পাইসার জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে তাঁকে এই ব্যাখ্যাটি দিয়েছেন। কিন্তু তাঁর এ ব্যাখ্যা সাংবাদিকদের খুশি করতে পারেনি।
এদিকে ট্রাম্পের আরেক তথ্য উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে এই বিতর্কে আরেক দফা ঘি ঢেলে দিয়েছেন। নিউ জার্সির দ্য রেকর্ড পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে আড়ি পাতার পক্ষে কী প্রমাণ আছে, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, (গোয়েন্দা) নজরদারির নানা পদ্ধতি রয়েছে। টেলিফোনে যেমন আড়ি পাতা যায়, তেমনি টিভি, এমনকি মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমেও এখন আড়ি পাতার ব্যবস্থা করা যায়।
চারদিকে এ নিয়ে প্রবল হাসাহাসি হলে কনওয়ে নিজের কথার ব্যাখ্যায় জানান, মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে ট্রাম্পের কথাবার্তায় আড়ি পাতা হয়েছে, এমন কোনো কথা তিনি বলেননি। এখন যে নানা পদ্ধতিতে নজরদারি করা যায়, শুধু সে কথাই বলতে চেয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ ভাষ্যকারই এখন একমত, আড়ি পাতার কোনো প্রমাণই ট্রাম্পের কাছে নেই। কথাটা তিনি বলেছিলেন, মস্কোর সঙ্গে তাঁর নির্বাচনী প্রচারণা দলের ‘গোপন আঁতাতের’ বিষয়টি থেকে সবার দৃষ্টি সরিয়ে দিতে। এর আগে অনেকবারই তিনি সফলভাবে এই পদ্ধতি ব্যবহার করেছেন। কিন্তু সমস্যা হলো, তিনি এবার অভিযোগ তুলেছেন একজন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে, যিনি এখনো প্রবল রকম জনপ্রিয়।