প্রশংসায় ভাসছেন আমান্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমান্ডা গরম্যান

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ ন্যাশনাল পয়েট লরিয়েট কবি আমান্ডা গরম্যান তাঁর ঐতিহাসিক কবিতা ‘দা হিল উই ক্লাইম্ব’ (যে পাহাড় আমরা অতিক্রম করি) পাঠ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথা গ্রহণ অনুষ্ঠানে।

কৃষ্ণাঙ্গ ২২ বছর বয়সী তরুণী আমান্ডা গরম্যান তাঁর কবিতাটি লিখে শেষ করেছেন ৬ জানুয়ারি ক্যাপিটল হলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর। সময়ের চিত্র ধারণ করা এই কবিতা যুক্তরাষ্ট্রের সাহিত্যামোদিই শুধু নয়, আকৃষ্ট করেছে রাষ্ট্র নেতাদের। দিন শেষে অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সিঙ্গেল মায়ের কাছে বড় হওয়া তরুণী আমান্ডা।

প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে কবিতা পাঠের আমন্ত্রণ পেলেও আগের সপ্তাহ পর্যন্ত কবিতাটি লেখা তাঁর শেষ হয়নি। নিউইয়র্ক টাইমসের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে আমান্ডা বলেন ‘দা হিল উই ক্লাইম্ব’ লেখা শেষ করার জন্য নিজের মধ্যে লড়াই চলছিল।

প্রেসিডেন্ট বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে কবিতা পাঠ নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পাওয়া হিসেবে বিবেচনা করেছেন কবি আমান্ডা গরম্যান। উঁচু পাহাড়ে একসঙ্গে ওঠার চেষ্টা করার সময় দম ফুরিয়ে যাওয়ার মতো মনে হচ্ছিল তাঁর কাছে।

আগেই কবিতার প্রায় অর্ধেক লিখে ফেলেছিলেন আমান্ডা। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর চলমান ভাব নিয়ে লিখে ফেলেন কবিতার বাকি অংশটুকু। পাঠ করা কবিতায় সমস্যার পাহাড় ডিঙিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। আলোর অন্বেষণ আর গণতন্ত্রের বাণী উচ্চারিত হয়েছে তাঁর আবৃত্তি করা কবিতায়।

১৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের কবি লরিয়েট হওয়ার সম্মান লাভ করেন আমান্ডা। পরে সমাজবিজ্ঞানে বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। হার্ভার্ড থেকেই জাতীয় কবি লরিয়েট হওয়ার খ্যাতিতে পৌঁছান আমান্ডা। এমন অল্প বয়সে তিনিই জাতীয় কবি লরিয়েটের সম্মান অর্জন করে ইতিহাস সৃষ্টি করেন।

ক্যাপিটল হিলের সামনে প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানের মতো আড়ম্বরপূর্ণ মঞ্চে আমান্ডা গরম্যানের কবিতার জোরালো উচ্চারণ ছিল। উপস্থিত দর্শক ছাড়াও সারা বিশ্বের টিভি ও গণমাধ্যমের সামনে তরুণ কবি আমান্ডা গরম্যানের কবিতার শক্তিশালী উপস্থাপন মুগ্ধ করেছে সবাইকে। নিউইয়র্ক টাইমস, সিএনএনসহ শীর্ষ সংবাদমাধ্যম তাঁর সাক্ষাৎকার প্রকাশ করেছে বুধবার বিকেলেই।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক টুইট বার্তায় আমান্ডা গরম্যানের কবিতার প্রশংসা করেছেন। ওবামা বলেছেন, এমন একটি কবিতা আবৃত্তি হয়েছে, যা চলমান সময়ের দাবিকে অতিক্রম করেছে।