প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে গত বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে। সিএনএনে প্রকাশিত খবরে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা দাবি করেন, সংঘর্ষের পরে বিমান দুটি বিধ্বস্ত হয়। তাঁরা জানান, বিমানগুলোর অনুসন্ধানকাজ চলছে।
নৌবাহিনীর সপ্তম ফ্লিটের মুখপাত্র লেফট্যানেন্ট লরেন কোল সিএনএনকে বলেন, ওয়েক থেকে ২৯০ মাইল পশ্চিমে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়।
হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দুই হাজার ৪০০ মাইল পশ্চিমে ওই দ্বীপটি অবস্থিত। ইউএসএস কার্ল ভিনসন থেকে ওড়ার পরে এফ এ ১৮ যুদ্ধবিমান দুটি বিধ্বস্ত হয়।
নৌবাহিনীর কর্মকর্তা আরও জানান, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল। একটি বিমান থেকে পাইলটকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আরেকটি বিমানের পাইলট নিখোঁজ রয়েছেন।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিমানগুলো বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিমানের খোঁজ পাওয়া যায়নি।