প্রশাসনে যোগ্য লোক পাচ্ছেন না ট্রাম্প!

জেমস বি. কোমিকে বরখাস্ত করার পর প্রায় এক মাস কেটে যাচ্ছে। এখনো এফবিআই-এর পরিচালকের পদ খালি। স্বাভাবিক পরিবেশে প্রেসিডেন্ট জাতির নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ কর্মকতাকে বরখাস্তের পরিকল্পনার আগেই তাঁর উত্তরসূরীর তালিকা আগে সামনে রাখেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তেমন কিছু ছিল না। তিনি শুধু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দ্রুত নতুন পরিচালককে দেখা যাবে। গত মাসে বিদেশ সফরের আগে তিনি বলেছিলেন যে, নতুন পরিচালক নিয়োগের বিষয়টির বেশ কাছেই তিনি রয়েছেন। কিন্তু তিন সপ্তাহ কেটে গেছে এফবিআই-এর মতো প্রতিষ্ঠানের প্রধান পদটি খালি পড়ে আছে।
গত প্রেসিডেন্টের সময় রাশিয়ার হস্তক্ষেপ তদন্তের ব্যাপারে ট্রাম্প অনৈতিক ও অন্যায়ভাবে কোমিকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। এ নিয়ে তদন্ত চলছে। কোথাকার জল কোথায় গড়ায়, তা এখনই বলা যাচ্ছে না। তবে ওয়াশিংটনে অনেক ঘটনাই দ্রুত ঘটছে। শুধু ঘটছে না, এফবিআই প্রধানের পদসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগের বেলায়। এ পদের জন্য বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ট্রেড গৌডি, জন ক্রোনি, রিচার্ড ম্যাকফ্রিলি, জোসেফ লিবারম্যান প্রমুখকে পরিচালকের পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হলেও তাঁরা তা গ্রহণে অপারগতা জানান। কেন তাঁরা এমন মর্যাদাপূর্ণ পদ গ্রহণে অসম্মতি জানিয়েছেন, তা নিঃসন্দেহে একটি বড় প্রশ্ন।
জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে মাইকেল ফ্লেনিনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ডেভিড পিট্রাস ও রবার্ট হাওয়ার্ড তাঁদের নাম প্রত্যাহার করে নেন। ডেপুটি ট্রেজারি সচিব এবং ডেপুটি কমার্স সেক্রেটারি (সচিব) পদে প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের ব্যক্তিরা পদগ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র হিসেবে মনিকা ক্রাউলি তাঁর নাম প্রত্যাহার করেছেন। সলিসিটার পদের জন্য জনৈক আইনজীবীও রাজি হননি। এমনকি ট্রাম্পের ঊর্ধ্বতন উপদেষ্টা কেলিনি কনওয়ের স্বামী বিচার বিভাগের উঁচু পদের দায়িত্ব নিতে চাননি।
কিন্তু কেন এমন হচ্ছে? এর সহজ জবাব হচ্ছে ট্রাম্পের নীতি সঙ্গে এরা ঐকমত্য পোষণ করে না। ট্রাম্পের সিরিজ টুইটে তার যে মনোভাব প্রকাশ পায়, তাও তাঁদের সমর্থনের বাইরে। যাঁরা তাঁদের নাম প্রত্যাহার করেছেন, তাঁরা সবাই ট্রাম্পের আচরণ মেনে নিতে পারছেন না বলে ওয়াশিংটন পোস্ট পত্রিকা তাদের এ সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করেছে।