প্রশিক্ষণের অভাবেই বিপত্তি ঘটাচ্ছেন ট্রেন অপারেটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির (এমটিএ) পুরোনো কর্মীদের। বিশেষত পাতালরেল সেবায় নিযুক্ত নতুন কর্মীদের প্রশিক্ষণ নিয়ে অসন্তোষ রয়েছে অভিজ্ঞ কর্মীদের। তাঁদের মতে, তাঁরা যে মানের প্রশিক্ষণ পেয়েছিলেন, তা নতুন কর্মীদের দেয়নি এমটিএ। আর এ জন্যই ট্রেন বিলম্ব থেকে শুরু করে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের।
নাম প্রকাশ না করার শর্তে এমটিএর এক পুরোনো কর্মী নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘এমন অনেক অপারেটর রয়েছেন, যাঁরা প্রতিনিয়ত কোনো না কোনো বিপত্তি ঘটান। কারণ তাঁরা জানেনই না আদতে কী করতে হবে। আমরা সবাই এক সময় নতুন কর্মী হিসেবেই কাজ শুরু করেছিলাম। কিন্তু এখন যা ঘটছে, তা হাস্যকর।’
এমটিএর একটি সূত্র জানিয়েছে, গত দুই সপ্তাহের হিসাব বিবেচনায় নিলেই নতুন কর্মীদের নিয়ে সংকট অনুধাবন করা যাবে। ৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে অন্তত ১৩টি ঘটনা ঘটেছে, যেখানে ট্রেন অপারেটররা কোনো না কোনো বিপত্তি ঘটিয়েছেন। এর মধ্যে পাঁচটি ঘটনায় অপারেটররা পাতালরেল কন্ডাক্টরকে জরুরি ভিত্তিতে গাড়ি থামাতে জোর করেন, যার মধ্যে দুটিই বড় সমস্যার সৃষ্টি করেছিল। এই দুটি ক্ষেত্রে কন্ডাক্টরকে ম্যানুয়ালি ট্রেনের দরজা খুলতে হয়। এ ছাড়া আরও দুটি ঘটনায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট অপারেটরদের প্রত্যাহার করতে হয়েছিল। ১৮ ফেব্রুয়ারি জি লাইনের ট্রেনের অপারেটর কুইন্সের কোর্ট স্কয়ার স্টেশনে ভুল দিকের দরজা খুলেছিলেন। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ১২ ফেব্রুয়ারি এফ ট্রেনের অপারেটর ভুল লাইনে ট্রেন চালনা করেন। পরে ভুল বুঝতে পেরে সঠিক লাইনে ট্রেনটিকে ফেরাতে তিনি জ্যামাইকায় ফিরে আসেন ট্রেনটি নিয়ে। এতে ট্রেনের ভেতরের ও বাইরে অপেক্ষারত যাত্রীদের পড়তে হয় ভয়াবহ বিড়ম্বনায়। এই ঘটনায় চারটি ট্রেন বিলম্ব হয় সেই দিন। আর ২০ ফেব্রুয়ারি ট্রেনের দরজা খোলা রেখেই এ ট্রেন চালু করে দিয়েছিলেন অপারেটর।
গত দুই সপ্তাহে ঘটা এই ১৩টি বিপত্তির মধ্যে ১১টির সঙ্গেই জড়িত ছিলেন এমন কর্মীরা, যাদের চাকরির বয়স এখনো পাঁচ বছর হয়নি। নতুন কর্মীদের অসচেতনতা বা অদক্ষতার কারণে নিউইয়র্কের পাতালরেল যাত্রীদের হরহামেশাই এমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর এ কারণেই পুরোনো কর্মীরা নতুন কর্মীদের মানসম্পন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না বলে এমটিএ’র দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ২০১৩ সালে এমটিএর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট নতুন কর্মীদের প্রশিক্ষণের জন্য যে প্রকল্প শুরু করেছিলেন, তা ব্যর্থ হয়েছে।
কিন্তু এ কথা মানতে নারাজ এমটিএ কর্তৃপক্ষ। তাদের মতে, নিউ ট্রেন অপারেটর ট্রানজিশন প্রোগ্রাম নামের ওই প্রকল্প এমটিএর সেবার মান উন্নয়নে গ্রহণ করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রথম দুই মাস রেল প্রাঙ্গণে রেখে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাদের ইয়ার্ড এক্সট্রা (ওয়াইএক্স) প্রকল্পের আওতায় টার্মিনালে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে প্রশিক্ষণার্থীরা ট্রেন চালু, থামানোসহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে কাজ করার সুযোগ পান। এর পর তাদের আবার প্রশিক্ষণ কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে অভিজ্ঞ কর্মীদের সঙ্গে তাঁরা আরও দুই মাস সময় কাটান।
নতুন এই প্রশিক্ষণ প্রকল্পের প্রবক্তা এমটিএর ভাইস প্রেসিডেন্ট ব্যারি গ্রিনব্ল্যাট নিউইয়র্ক ডেইলিকে বলেন, নতুন কর্মীদের প্রশিক্ষণ নিয়ে যারা অভিযোগ করছেন, তারা প্রাচীনপন্থী। নতুন অপারেটররা উন্নত প্রশিক্ষণ পেয়েছেন। কয়েক মাস ধরে তাঁদের হাতে-কলমে সব শেখানো হয়েছে।
কিন্তু সমালোচকেরা বলছেন, ওয়াইএক্স প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের যথেষ্ট সময় দেওয়া হয়নি। বাস্তব জগতের সমস্যা নিরসনের জন্য এই পর্যায়ের প্রশিক্ষণই ভালোভাবে দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু এ ক্ষেত্রেই সবচেয়ে কম সময় দেওয়া হয়েছে।
পুরোনো এক অপারেটর বলেছেন, ‘কর্মক্ষেত্রে দীর্ঘ সময় রেখে প্রশিক্ষণ দেওয়াটা জরুরি। কিন্তু এমটিএ এই পর্যায়েই সবচেয়ে কম সময় দিয়েছে। ফলে প্রশিক্ষণ শেষে নতুন কর্মীরা যখন কাজে যোগ দিয়েছে, তাদের মধ্যে বাস্তব কাজে দক্ষতার বেশ অভাব দেখা গেছে।
এ ছাড়া রয়েছে আরও সমস্যা। নতুন প্রকল্পের আওতায় এবারই প্রথম এমটিএ সম্পূর্ণ নতুন কর্মী নিয়োগ করেছে। ২০১৩ সালে পরিবহন খাতে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এমন ব্যক্তিদেরও নিয়োগ দেওয়া হয়। আগে পাতালরেল অপারেটর নিয়োগে অধিকাংশ ক্ষেত্রেই পদোন্নতিকে গুরুত্ব দেওয়া হতো। পরিবহন খাতে অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদেরই অপারেটর পদে নিয়োগ দেওয়া হতো। ফলে অপারেটর হিসেবে কাজ শুরুর আগেই তাদের পুরো পাতাল রেল ব্যবস্থা সম্পর্কে একটি ভালো ধারণা থাকত। এতে তাদের দ্বারা কম সমস্যা সৃষ্টির আশঙ্কা থাকত।
এই দাবির স্বপক্ষে যুক্তিও আছে। গত দুই সপ্তাহে ঘটা ১৩ বিপত্তির ১১টির ক্ষেত্রেই জড়িতদের পরিবহন খাতে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এরা যে এবারই শুধু সমস্যার সৃষ্টি করেছে এমন নয়। এর আগেও এমন কর্মীদের থেকেই বেশি সমস্যার সৃষ্টি হয়েছে বলে সাক্ষ্য দিচ্ছে খোদ এমটিএর রেকর্ড। তবে এরপরও নিজেদের প্রশিক্ষণ কার্যক্রমের কার্যকারিতা নিয়ে অভিযোগ আমলে নিচ্ছে না এমটিএ। তাদের মতে, বিদ্যমান প্রশিক্ষণ কার্যক্রম যথেষ্ট কার্যকর। এ ধরনের সংকট আগেও হয়েছে। এর মানে এই নয় যে, পুরো প্রশিক্ষণ কার্যক্রমকেই অকার্যকর বলতে হবে।